রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪১ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে। তিনি উল্লেখ করেছেন, "রামিসা হত্যাকাণ্ডের বিচার যেমন দ্রুত হয়েছিল, অপ্রতিমের ক্ষেত্রেও তেমন হবে। আমরা পুলিশের পক্ষ থেকে সব সহযোগিতা করবো।"
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, "কুমিল্লার এই মর্মান্তিক ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত।" তবে তিনি জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে অপরাধ স্বীকার করেছে এবং তারা মূলত কিশোর অপরাধী এবং ভিকটিমের পরিচিত ছিল। পুলিশ ইতোমধ্যে ঘটনার সমস্ত গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।
তিনি বলেন, "এই ধরনের মারাত্মক অপরাধের পেছনে মাদকসহ নানা সামাজিক কারণ যুক্ত থাকে।" কিশোর অপরাধ রোধে স্কুল পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সরকার ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক পচন রোধে এটি অত্যন্ত জরুরি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার মাধ্যমে একটি প্রযুক্তিনির্ভর, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, এমন মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মান্ডায় পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী মেলায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ও উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
মেলায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য ইংরেজি ও বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প, মডেল ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সমাপনী বক্তব্যে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মহসিন মজুমদার অতিথি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মহসিন মজুমদার আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ছাদিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. সাবিরুজ্জামান (সুজা)।
নবনির্বাচিত কার্যকরী কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠানটি শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
কমিটিতে সহসভাপতি-১ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম-২। সহসভাপতি-২ হিসেবে দায়িত্ব পালন করবেন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসান (মুকুল)। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান।
এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাণিবিদ্যা বিভাগের ড. মো. আনিছুর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স)। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফিশারিজ বিভাগের ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ড. মো. আব্দুল মান্নান।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. ফজলুল হক (ফজলু), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মো. মতিয়ার রহমান, প্রাণিবিদ্যা বিভাগের ড. মো. গোলাম মোর্তুজা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মো. তোফাজ্জল হোসেন, মার্কেটিং বিভাগের ড. এ. কে. এম. গোলাম রব্বানী মণ্ডল, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ড. রিজওয়ানা ইসলাম সাম্মী, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের ড. এস. এম. সাহিনুল ইসলাম, দর্শন বিভাগের ড. মো. আরিফুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. ফারজানা আশরাফী নীলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. হারুন-অর-রশীদ, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ড. মো. সাইফুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান, ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. আসাদুল হক, ফার্মেসি বিভাগের ড. মো. আব্দুল আলীম আল-বারী এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ড. মো. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন এবং নবনির্বাচিত কার্যকরী কমিটির সফলতা কামনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি দেশে ফিরে এসেছেন পবিত্র ওমরাহ পালন শেষে।
তিনি রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সস্ত্রীক।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি গত ১৪ সেপ্টেম্বর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন সস্ত্রীক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র আজমল হোসেনের হত্যার ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
নিহতের পিতা কুতুবউদ্দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে হরিণটানা থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।
আজমল হোসেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা এলাকার কুতুবউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মেসের ছাত্রদের বরাত দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল (খাজা হল) সংলগ্ন ভাড়া বাড়িতে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্দান বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থী বসবাস করেন। আজমল হোসেনও সেখানে একটি রুমে থাকতেন।
শুক্রবার রাতে অন্য একজনের ভাত না দিয়ে নিজের ভাত খেয়ে ফেলেন আজমল। এরপর ভাত চুরি করে খাওয়ার অভিযোগ তুলে মেসের কয়েকজন ছাত্র ও বহিরাগতরা আজমলকে ছাদে নিয়ে মারধর করেন।
রাত ১টা ৩৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পরে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দ্রুত সেখান থেকে চলে যান।
হাসপাতাল সূত্র জানায়, আজমলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার মাথার চুলও এক পাশ দিয়ে কাটা ছিল। তবে এসব আঘাত কিভাবে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি।
নিহতের বাবা কুতুবউদ্দিন অভিযোগ করেন, তার ছেলেকে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। তিনি জানান, ছেলের রুমমেটরা ফোন করে এক লাখ টাকা নিয়ে যেতে বলেছিল। টাকা দিলে সমস্যা মিটে যাবে বলেও জানানো হয়। পরে ছেলের ফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয় এক বাড়ির মালিক জানান, রাতে পাশের ভবনের ছাদে একজনকে (আজমল) মারধর করতে দেখেন। পরে তাকে নিচে পড়ে থাকতে দেখা যায়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, আজমলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরে নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়া হয়েছে।
খুবির ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের এলাকার বাইরে একটি ভাড়া বাড়িতে ঘটেছে। সেখানে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু শিক্ষার্থী বসবাস করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ