শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৮ পি.এম
জীবনে বিপদ, দুশ্চিন্তা ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া স্বাভাবিক। এমন অবস্থায় হতাশ হওয়ার পরিবর্তে আল্লাহর ওপর ভরসা করে তাঁর সাহায্য প্রার্থনা করা উচিত। পবিত্র কোরআন ও হাদিসে কঠিন সময়ে আল্লাহর সাহায্য লাভের জন্য বিভিন্ন আমল ও দোয়ার উল্লেখ রয়েছে।
আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজের প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই বিপদের সময় নামাজ, ধৈর্য, দোয়া, তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়ার শিক্ষা ইসলাম প্রদান করে।
পড়ুন দোয়া ইউনুস
বিপদে পড়লে দোয়া ইউনুস পাঠ করা যেতে পারে। হজরত ইউনুস (আ.) মাছের পেটে অবস্থানকালে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন।
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
অর্থ: ‘আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত।’
এই দোয়ায় আল্লাহর একত্বের স্বীকৃতির পাশাপাশি নিজের ভুলের স্বীকৃতি ও ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
নামাজ ও ধৈর্য ধরুন
কঠিন সময়ে আল্লাহর সাহায্য পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো নামাজ ও ধৈর্য ধারণ করা। আল্লাহ তায়ালা বলেন—
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
অর্থ: ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী লোক ছাড়া অন্যদের ওপর কঠিন।’
—সূরা আল-বাকারা, আয়াত ৪৫
সুতরাং বিপদের সময় নামাজ ত্যাগ না করে ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত।
একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করুন
সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছেই। কোরআনে আল্লাহ তায়ালা বলেন—
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
অর্থ: ‘আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই কাছে সাহায্য চাই।’
—সূরা আল-ফাতিহা, আয়াত ৫
অতএব বিপদের সময় সকল ধরনের অহংকার ও নির্ভরতা পরিহার করে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করা উচিত।
বেশি বেশি তওবা ও ইস্তিগফার
নিয়মিত তওবা ও ইস্তিগফার করা মুমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। হজরত নুহ (আ.) তাঁর সম্প্রদায়কে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছিলেন। কোরআনে এসেছে—
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا
অর্থ: ‘অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন।’
—সূরা নুহ, আয়াত ১০-১১
সুতরাং বিপদের সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বেশি বেশি ইস্তিগফার করা উচিত।
আল্লাহর দ্বীনের সাহায্যে এগিয়ে আসুন
মুমিনের দায়িত্ব হলো সৎকাজে উৎসাহ দেওয়া এবং অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করা। আল্লাহ তায়ালা বলেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
অর্থ: ‘হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় রাখবেন।’
—সূরা মুহাম্মাদ, আয়াত ৭
জীবনের কঠিন সময়ে হতাশ না হয়ে নামাজ, দোয়া, তওবা, ইস্তিগফার ও সৎকাজের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করাই মুমিনের পথ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বিভিন্ন স্থানে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল থেকে বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ে বিদ্যুৎ না থাকার কারণে এসব এলাকার গ্রাহকদের সাময়িকভাবে দুর্ভোগের সম্মুখীন হতে হতে পারে।
নেসকোর নির্ধারিত সূচি অনুযায়ী, রংপুরের সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ এবং নজিরের হাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সাময়িকভাবে এই বিভ্রাট ঘটবে। যদি নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়, তবে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা প্রদান করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং অন্যান্য কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানায় বার্তাসংস্থা এপি ।
প্রতিবেদন অনুসারে, আগামী সপ্তাহে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই তাদেরকে ভিসা প্রদান করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, "আয়োজক দেশ হিসেবে আমাদের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবে।"
তবে, সাধারণ পরিষদের সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধি দলকে কিছু অতিরিক্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। ওই মুখপাত্র আরও বলেছেন, "কেবল একটি সীমিত আকারের প্রতিনিধিদলকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং আমাদের নীতি অনুযায়ী তাদেরকে যুক্তরাষ্ট্রের ভেতর কঠোর ভ্রমণ বিধিনিষেধ ও বিলাসবহুল পণ্য ক্রয় বিষয়ক নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।"
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং কূটনৈতিক সম্পর্কের অচলাবস্থার মধ্যেই আগামী ২২ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে ভিসার জন্য আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও; কিন্তু মার্কিন প্রশাসন তাকে ভিসা দেয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, যদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট তার বক্তব্যের ভিডিও পাঠান, তবে তা অধিবেশনে প্রচার করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
পরে সারগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, ভ্যান গাড়িতে করে ২৩ বস্তা ডিএডিসির সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান পরিচালনা করেন ইউএনও মুরাদ হোসেন।
এ সময় ভ্যান গাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে জব্দকৃত সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, সারগুলো কোথায় থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। এব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকরা জানান, ডিলার পয়েন্টে সার নিতে গেলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় সার না পেয়ে ফিরে যেতে হয় কৃষকদের। এর মধ্যে কিছু ডিলার বিভিন্ন কৌশলে সংকট দেখিয়ে সার চড়া দামে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গায় পাচার করছে।
তবে ডিলারদের সার বিতরণে অনিয়ম ঠেকাতে অনলাইন ভিত্তিক অ্যাপস-এর মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ফলে আগের মতো সার বিতরণে অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ পাবেন না ডিলাররা। অ্যাপস এর মাধ্যমে সার বিতরণ শুরু হওয়ায় একজন কৃষকের যা সার প্রয়োজন তিনি ততটুকুই পাবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে অনিয়মের সুযোগ নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক-এই কামনা করি।’
প্রধানমন্ত্রীর অফিসের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ড প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা তুলে ধরা হয়।
এই পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। এক্সে তারেক রহমানের পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
উল্লেখ্য, নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়স থেকে রাজনীতিতে সক্রিয় থাকা মোদি ২০০১ সালের অক্টোবরে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এরপর থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারের সাফল্য শুরু হয়। দীর্ঘ ১৩ বছর দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার পর ২০১৪ সালে তিনি বিপুল জনসমর্থন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ