ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর: অবশেষে মুখ খুললেন আব্দুল আজিজ


অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর: অবশেষে মুখ খুললেন আব্দুল আজিজ

অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় ভুক্তভোগী অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদার অবশেষে মুখ খুলেছেন। এই ঘটনার প্রেক্ষিতে একটি ভিডিও ভাইরাল হওয়ায় গতকাল শনিবার গভীর রাত থেকে তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুযুবদলের সঙ্গে জড়িত—এমন গুঞ্জনে BNP-তে হইচই পড়ে গেছে। তবে যুবদল সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, দুপুরে লিটু গ্রেপ্তারের পর গণমাধ্যমের কাছে কথা বলেছেন আব্দুল আজিজ। তিনি বলেন, তাঁর অণ্ডকোষ সেইভাবে ধরেছিল (লিটু), যাতে তিনি শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছিলেন। আব্দুল আজিজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং বলা হয়েছিল—‘‘আমাদের চেক দে।’’ আমি ওই অবস্থায় জীবন বাঁচাতে ড্রয়ার থেকে চেক বের করে দিই।’

তিনি আরো বলেন, ‘মোস্তাফিজুর রহমান লিটু প্রথমে একটি ব্ল্যাংক চেক নিয়েছে এবং তারপর একটির ওপর ৭০ লাখ টাকার জন্য স্বাক্ষর নেয়। এরপর তারা পকেট থেকে দুই সেট স্ট্যাম্প বের করে। ছয় পাতায় আমার স্বাক্ষর ও সিল নিয়েছে। পরে লিটু বলে—‘‘থানায় চল, সেখানে বসে সালিস হবে। তোর কাছ থেকে টাকা পাই।’’’

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আবদুল আজিজ বলেন, ‘কোতোয়ালি থানায় নিয়ে ওসির (তদন্ত) সামনে লিটু বলেছে, ‘‘আমি তার কাছে টাকা পাই। থানার মাধ্যমে সালিস করতে চাই।’’ তবে ওসি বলেন—অভিযোগ ছাড়া সালিস হবে কী করে? তখন লিটু বলে, সে অভিযোগ দেবে।’

হাউজিং ব্যবসায়ী আব্দুল আজিজ আরও বলেন, ‘আমার কক্ষে যে মব হয়েছে এবং যে স্বাক্ষর নিয়েছে, তার কিছুই থানায় বসে ব্যক্ত করিনি। কারণ, আমার জীবনের নিরাপত্তা ছিল না।’ তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, ‘যদি সেখানে আমি কথা বলতাম, তাহলে তারা হয়তো থানায় বসেও আমার ওপর মব করত। সেই ভয়ে আমি থানায় বসেও কিছু বলিনি।’

আবদুল আজিজ আরও জানান, ‘থানা থেকে চলে আসার পর তিন-চার দিন আমি বিমর্ষ ছিলাম। এমন ন্যক্কারজনক ঘটনা কাউকে বলতেও পারিনি। পরে আমি আইনজীবীর পরামর্শে গত বৃহস্পতিবার আদালতে মামলা করেছি।’ তিনি দাবি করেন, লিটু তাঁর ব্যবসায়িক পার্টনার ছিলেন, কিন্তু তিন বছর আগে তাঁদের মধ্যে লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। যদিও গ্রেপ্তারের আগে অভিযুক্ত লিটু জানিয়েছেন, যাঁরা আজিজের কাছে গিয়েছিলেন, তাঁরা সবাই প্রতিষ্ঠানের পরিচালক এবং আজিজ সবার টাকা আত্মসাৎ করেছেন। পরিচালকেরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

এ বিষয়ে আজ রবিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আসিক সাঈদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হাউজিং ব্যবসায়ী আব্দুল আজিজের ওপর অভিযুক্ত মোস্তাফিজুর রহমানসহ তাঁর সহযোগীরা মব সন্ত্রাসের মতো পরিস্থিতি সৃষ্টি করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ভাইরাল হয়। ঘটনাটি নজরে আসার পর মহানগর পুলিশের অভিযুক্তদের আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করেছি।’

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

মো. আসিক সাঈদ আরও বলেছেন, ইতিমধ্যে এ ঘটনায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আমলি আদালতের নির্দেশে আজ কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলার কার্যক্রম অনুযায়ী আসমি মোস্তাফিজুর রহমান লিটু এবং তাঁর সহযোগী আবুল কালাম আজাদ গ্রেপ্তার হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


প্রধানমন্ত্রী ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন।

রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করলে, এর উন্নয়নে যা যা প্রয়োজন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে স্বাস্থ্যসেবাকে গড়ে তোলা হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে। যেমন, চট্টগ্রাম থেকে কাউকে স্বাস্থ্যসেবা নিতে ঢাকায় আসতে হবে না। গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। আমরা সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে সহযোগিতা না করলে তিনি সফল হতে পারবেন না। তিনি পলিসি দেবেন এবং আমরা তা বাস্তবায়ন করব। আমরা তাকে সহযোগিতা করব। প্রধানমন্ত্রী যেখানে সৃষ্টির সম্ভাবনা দেখেন, সেখানে ঝাঁপিয়ে পড়েন সেটাকে আরো বিকশিত করতে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস ধরেই ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের নিয়ে প্রতিটি জেলায় সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ এবং উড়ন্ত মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ভালো রয়েছে। রোগী ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত স্যালাইন মজুত, মোবাইল হাসপাতাল প্রস্তুত এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন সংগ্রহ করা হয়েছে, যাতে কোনো রোগী স্যালাইনের সংকটে না পড়েন এবং গুরুতর জটিলতা এড়ানো সম্ভব হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, আমাদের সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যসেবা যেন সবাই সমানভাবে পেতে পারেন, সেজন্য স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ জরুরি। এ লক্ষ্যে অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। সে ক্ষেত্রে এই হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা না যায়, তাহলে ওইসব ইনস্টিটিউট কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে না।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান ও হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরু প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে।

সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে দেওয়া একটি চিঠি তুলে দেন। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় নিহত রেস্তোরাঁ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:১০ পি.এম


বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় নিহত রেস্তোরাঁ কর্মী

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের হামলায় ৫৫ বছর বয়সী আব্দুল বারেক আকন্দ, যিনি মজনু মুন্সি নামেও পরিচিত, নিহত হয়েছেন। নিহত আব্দুল বারেক আকন্দ গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের পুত্র। তিনি কর্মরত ছিলেন ময়মনসিংহ নগরীর একটি রেস্তোরাঁয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে বারেক আকন্দ বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তখন চন্দ্রপাড়া সড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন।

এরপর, তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার কর্মকর্তাগণ সুরতহাল প্রস্তুত করেছেন এবং ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, ঘটনাসময় তার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তার পথ আটকে দেয়। তিনি ছিনতাইকারীদের চিনে ফেলায় তারা ছুরিকাঘাত করে তাকে ফেলে যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকার বাসায় স্ত্রীকে হত্যা করে স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


প্রেমিকার বাসায় স্ত্রীকে হত্যা করে স্বামী

ভারতের পুনের ব্যবসায়ী কেতন আগারওয়ালের হত্যা মামলার প্রেক্ষাপটে আরেকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। এবার হরিয়ানার গুরুগ্রামের মানেসরে ঘটেছে এক ব্যক্তি বিয়ের মাত্র তিন মাসের মধ্যে প্রেমিকার সহযোগিতায় নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার ঘটনাটির পর দুজনে নেপালে পালিয়ে গেলেও দেশে ফেরার পর তারা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত ২২ মে নিহত তরুণীর মা মানেসর থানায় অভিযোগ করেন যে, তার ২২ বছর বয়সী মেয়ের সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে মানেসরের বাসিন্দা ২৫ বছর বয়সী অঙ্কিতের বিয়ে হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২১ মে থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। এছাড়া শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করলেও সন্তোষজনক কোনো জবাব পাননি। পরে স্বামী ও তার পরিবারের সদস্যদের উপর সন্দেহ হওয়ায় নিহতের মা থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্তের এক পর্যায়ে ২২ মে মানেসরের একটি কক্ষ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে মামলায় হত্যা ধারা যুক্ত করে তদন্ত জোরদার করা হয়।

পুলিশ পরে অভিযুক্ত স্বামী অঙ্কিত এবং তার ৩৮ বছর বয়সী প্রেমিকা রজনী দেবীকে গ্রেফতার করে। রজনীর বাড়ি হরিয়ানার ঝাঝ্জর জেলায়। তদন্তকারীরা জানিয়েছেন, অঙ্কিত মানেসরে একটি তামাকের দোকান চালাতেন, এবং রজনী ওই এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করতেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অঙ্কিত ও রজনীর মধ্যে গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তদন্তকারীদের দাবি, রজনীর ভাড়া করা কক্ষেই হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার দিন অঙ্কিত তার স্ত্রীকে সেখানে নিয়ে যান এবং পরে দুজনে মিলে তাকে গুলি করে হত্যা করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ঘটনার প্রায় দুই মাস আগে উত্তর প্রদেশ থেকে কেনা হয়েছিল। তদন্তকারীদের ধারণা, হত্যার উদ্দেশ্যে অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল।

হত্যার পর অঙ্কিত ও রজনী প্রথমে উত্তরাখণ্ডের হরিদ্বারে যান। পরে সেখান থেকে সীমান্ত পার করে নেপালে পালিয়ে যান। পুলিশ দাবি করেছে, ৩০ জুন তারা ভারতে ফিরে এলে মানেসরের ক্রাইম ব্রাঞ্চ তাদের গ্রেফতার করে। আদালতে হাজির করার পর দুজনকেই পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি মামলার সঙ্গে সম্পর্কিত আরও প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%