ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্ব চায় বাংলাদেশ


নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্ব চায় বাংলাদেশ

বাংলাদেশ ইউনিসেফের সঙ্গে মাতৃ ও শিশুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, কিশোরীদের ক্ষমতায়ন, শিশুসুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে আরও কার্যকর ও ফলাফলভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল বোরবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশে সফররত ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে আলোচনাকালে এ প্রত্যাশার কথা জানান।

বৈঠকের সময় নারী ও শিশুর উন্নয়ন এবং কল্যাণে বাংলাদেশ ও ইউনিসেফের দীর্ঘদিনের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নারী ও শিশুর উন্নয়ন ও কল্যাণে ইউনিসেফের অবদানের প্রশংসা করে শামা ওবায়েদ বলেন, সরকার নারী ও শিশুর মর্যাদা, সমান সুযোগ এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সরকারের অগ্রাধিকারমূলক ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির কথা তুলে ধরেন। এসব উদ্যোগের মাধ্যমে নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্কুল ফিডিং কর্মসূচি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার সুযোগসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা জোরদারে সরকার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শিক্ষার মানোন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শামা বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে শিক্ষা খাতে বিনিয়োগ ধাপে ধাপে বাড়ানো হবে।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি দারিদ্র্য, সামাজিক রীতিনীতি, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং মেয়েদের সীমিত সুযোগসহ এর অন্তর্নিহিত আর্থসামাজিক কারণগুলো মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে লিঙ্গভিত্তিক ঝুঁকি, অনলাইন হয়রানিসহ নারীর প্রতি সহিংসতা এবং কিশোর অপরাধের বিষয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে শামা নিউইয়র্কে মেটা’র কর্মকর্তাদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করেন। অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশে প্রতিষ্ঠানটির স্থানীয় কার্যালয় স্থাপনের বিষয়ে সেখানে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া কিশোর অপরাধ মোকাবিলায় সরকারের নেওয়া আরও বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

রোহিঙ্গা শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিতেও ইউনিসেফের সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল শিশুমৃত্যু ও শিশুর খর্বাকৃতি হওয়ার হার কমানো, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও জন্মনিবন্ধন বাড়ানো এবং নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধার আওতা সম্প্রসারণে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

তিনি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে ইউনিসেফের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

ইউনিসেফের পক্ষ থেকে সেখানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ-এর প্রতিনিধি জিলিয়ান মেলসপ, উপপ্রতিনিধি এমানুয়েল আবিরু এবং শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরিন ক্যাথরিন। একইসাথে, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং মহাপরিচালক কাজী এহসানুল হকও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন

শরতের নীল আকাশ, সাগরের নীল জলরাশি এবং দিগন্তজোড়া বালুকাবেলা। সৈকতজুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি, সবুজ বনভূমিতে পাখির কলকাকলি এবং সাগরের ঢেউয়ের ছন্দ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য পূজার ছুটিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ারে ঘুরে আসার সুযোগ রয়েছে।

কোলাহলমুক্ত পরিবেশে সাগর, বন এবং নির্জন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ রয়েছে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপে। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ বালুকাময় সৈকত, সবুজ বনায়ন এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ চর হেয়ার প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে।

এ দ্বীপের সৌন্দর্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা একটি ছবি। এখানে নগরজীবনের ব্যস্ততা কিংবা যানবাহনের কোলাহল নেই। বরং সাগরের গর্জন, নির্মল বাতাস এবং দিগন্তের হাতছানি রয়েছে। পরিবার-পরিজন কিংবা বন্ধুদের নিয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে চর হেয়ার আপনার ভ্রমণতালিকার নতুন সংযোজন হতে পারে।

সৈকতজুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি

চর হেয়ারের অন্যতম আকর্ষণ হলো এর বিস্তীর্ণ বালুকাময় সৈকত। সাগরের ঢেউ যখন একের পর এক আছড়ে পড়ে তীরে, তখন সৈকতজুড়ে দেখা মেলে লাল কাঁকড়ার ছোটাছুটি। কখনো দল বেঁধে বালুর ওপর ছুটে বেড়ায়, আবার মানুষের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই ঢুকে পড়ে গর্তে। প্রকৃতির এই দৃশ্য পর্যটকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে।

সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যায় বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। ভোরের আলোতে সাগরের দিগন্তে সূর্যোদয় এবং বিকেলের রঙিন আকাশে সূর্যাস্ত দ্বীপটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে।

শুধু সৈকত নয়, দ্বীপের ভেতরে রয়েছে সবুজ বনভূমি। ঝাউ, কেওড়া, গেওয়া, বাইন এবং গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছপালায় ঘেরা বনাঞ্চলে দেখা মেলে নানা ধরনের পাখির। শীতের মৌসুমে পরিযায়ী পাখির আনাগোনা বাড়লে দ্বীপের প্রকৃতি নতুন রূপ ধারণ করে।

নির্জন প্রকৃতিতে তাঁবুতে রাত কাটানোর সুযোগও রয়েছে।

চর হেয়ারে দিনের সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে তাঁবু ও কটেজে রাত কাটানোর সুযোগ। সাগরের ঢেউয়ের শব্দ এবং খোলা আকাশের নিচে নির্জন পরিবেশে রাতযাপন পর্যটকদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হতে পারে।

পর্যটকদের বসার জন্য সৈকতে ছাতার ব্যবস্থা রয়েছে। বনভূমির ভেতরে দোলনায় বসে সময় কাটানোর সুযোগও রয়েছে। সাগরের পাড়ে ছবি তোলা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা পরিবারের সদস্যদের নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ—সব মিলিয়ে এক দিনের ভ্রমণ কিংবা পরিকল্পিত রাতযাপনের জন্য আকর্ষণীয় স্থান এই দ্বীপ।

কোথায় অবস্থিত চর হেয়ার?

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন থেকে দক্ষিণে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত চর হেয়ার। বঙ্গোপসাগর-সংলগ্ন এই দ্বীপের পূর্ব দিকে রয়েছে সোনার চর, পশ্চিমে চর তুফানিয়া, উত্তরে টাইগার দ্বীপ এবং আশপাশে রয়েছে চর কাশেমসহ বেশ কয়েকটি উপকূলীয় চর।

রাঙ্গাবালী উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। চরমোন্তাজ থেকেও নৌযানে দ্বীপটিতে যাওয়া সম্ভব। তবে নৌযানের ধরন, আবহাওয়া এবং যাত্রাপথ অনুযায়ী যাতায়াতের সময়ের তারতম্য হতে পারে।

সাগরের তাজা মাছসহ খাবারের আয়োজন

চর হেয়ার ভ্রমণে পর্যটকদের জন্য রয়েছে সাগরের তাজা মাছ, মুরগি, ভাতসহ বিভিন্ন খাবারের প্যাকেজ। আগাম যোগাযোগের মাধ্যমে থাকা, খাওয়া, ট্রলার সার্ভিস, তাঁবু এবং কটেজের ব্যবস্থাও করা যায়।

নৌযান, থাকা-খাওয়া, তাঁবু ও কটেজ

তবে ভ্রমণের আগে তাঁবু এবং কটেজের ভাড়া, খাবারের প্যাকেজ এবং নৌযানের ভাড়া সম্পর্কে জেনে নেওয়া উচিত। দ্বীপে প্রয়োজনীয় দোকানপাট এবং চিকিৎসাসুবিধা সীমিত থাকায় ব্যক্তিগত ওষুধ, পর্যাপ্ত পানীয় জল এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখা উচিত।

যেভাবে যাবেন চর হেয়ারে

ঢাকা থেকে নৌপথে: ঢাকার সদরঘাট থেকে চরমোন্তাজগামী লঞ্চে যাত্রা করা যায়। চরমোন্তাজ পৌঁছে স্থানীয় পর্যটন উদ্যোক্তা বা নৌযানচালকের সঙ্গে যোগাযোগ করে ট্রলার কিংবা স্পিডবোটে চর হেয়ারে যাওয়া সম্ভব।

সড়ক ও নৌপথে: ঢাকা থেকে বাসে পটুয়াখালী এসে গলাচিপা এবং পানপট্টি হয়ে চরমোন্তাজের দিকে যাওয়া যায়। পানপট্টি থেকে নৌপথে চরমোন্তাজ পৌঁছে সেখান থেকে ট্রলার বা স্পিডবোটে চর হেয়ারে যেতে পারবেন।

কুয়াকাটা থেকে: কুয়াকাটা থেকেও সাগরপথে চর হেয়ারে যাওয়ার ব্যবস্থা করা যায়। তবে আবহাওয়া, সাগরের পরিস্থিতি এবং নৌযানের প্রাপ্যতার ওপর যাত্রা নির্ভর করবে। তাই ভ্রমণের আগে স্থানীয় পর্যটন উদ্যোক্তা বা নৌযানচালকের সঙ্গে যোগাযোগ করে সময়সূচি, ভাড়া এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা জরুরি।

পর্যটন বিকাশে কাজ করছে পিকেএসএফ এবং সিডিএইচসি।

রাঙ্গাবালীর চর হেয়ারকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার (সিডিএইচসি)।

তাদের উদ্যোগে পর্যটনকে ঘিরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোক্তা তৈরি হয়েছেন। পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে থাকা-খাওয়ার ব্যবস্থা, তাঁবু এবং কটেজসহ বিভিন্ন পর্যটনসুবিধা এবং সৌন্দর্যবর্ধক স্থাপনা গড়ে তোলা হয়েছে।

এসব উদ্যোগের ফলে চর হেয়ারে পর্যটকদের অবস্থান এবং সময় কাটানোর সুযোগ বাড়ছে। একইসঙ্গে পর্যটনসংশ্লিষ্ট সেবার মাধ্যমে স্থানীয় মানুষের আয় এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। পর্যটকদের যাতায়াত, থাকা-খাওয়া এবং অন্যান্য সেবাকে কেন্দ্র করে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

পরিকল্পিতভাবে এসব উদ্যোগ সম্প্রসারণ করা গেলে চর হেয়ারকে ঘিরে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হতে পারে। একইসঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ দ্বীপটি দেশের পর্যটন মানচিত্রে পরিচিতি পাওয়ার সুযোগ তৈরি করবে।

পর্যটনের নতুন সম্ভাবনা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ।

প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ চর হেয়ারকে পরিকল্পিতভাবে পর্যটন উপযোগী করে গড়ে তোলা গেলে রাঙ্গাবালীর পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এতে স্থানীয় নৌযানচালক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী এবং পর্যটনসংশ্লিষ্ট মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে।

তবে পর্যটনের বিকাশের পাশাপাশি দ্বীপের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি। এজন্য প্রয়োজন নিরাপদ নৌযোগাযোগ, পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, কার্যকর নিরাপত্তাব্যবস্থা এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা।

সব মিলিয়ে, পূজার ছুটিতে চেনা পর্যটনকেন্দ্রের বাইরে একটু নিরিবিলি সময় কাটাতে চাইলে পটুয়াখালীর রাঙ্গাবালীর চর হেয়ার হতে পারে একটি আকর্ষণীয় গন্তব্য। সাগরের ঢেউ, বালুকাময় সৈকত, সবুজ বন এবং লাল কাঁকড়ার রাজ্যে প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ নিয়ে দক্ষিণের এই দ্বীপ ভ্রমণপিপাসুদের জন্য অপেক্ষা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একযোগে মধ্যপ্রাচ্যের তিন দেশের দূতাবাস থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, যা ইঙ্গিত করে যে, যেকোনো সময় নতুন হামলার পরিকল্পনা করতে পারে ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলো।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিতে বলেছে। একইসঙ্গে, সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড এবং আনাদোলু এজেন্সি এর পৃথক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দূতাবাসগুলো আরও সতর্ক করেছে যে, হুতি বিদ্রোহীরা দ্রুত সংঘাত বৃদ্ধি করতে পারে। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর গোষ্ঠীটির পূর্বের হামলাগুলোর উল্লেখও করা হয়েছে সতর্কবার্তায়।

অন্যদিকে, আলাদা প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, জটিল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালাচ্ছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে।

এই হামলায় বেসামরিক মানুষের হতাহতের পাশাপাশি ভ্রমণব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, “এই সংঘাত দ্রুত ওই নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।”

এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং আগেভাগেই বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান এবং ইরানের সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানে হামলা চালাতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশভিত্তিক সর্বশেষ নিরাপত্তা সতর্কতা জানতে দেশটির পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর সরকারি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

মূলত, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতিদের মধ্যে সংঘাতের ক্রমবর্ধমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলার লক্ষ্যবস্তুতে দেশের রাজধানী সানাও রয়েছে। অন্যদিকে, সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আরও হামলার হুমকি দিয়েছে ইরান সমর্থিত হুতিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কাঙ্ক্ষিত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ইউনিসেফের যৌথ আয়োজনে ‘ফ্রম দ্য ফিল্ড টু রিফর্ম: অ্যাডভান্সিং প্রাইমারি এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্র পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। একটি ক্ষেত্রকে উপেক্ষা করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনার আলোকে প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

মাঠপর্যায়ের ৩ হাজারের বেশি অংশীজনের মতামত পর্যালোচনা করার কথা উল্লেখ করে তিনি জানান, ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর লক্ষ্যে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই ব্যবস্থায় বাংলা, গণিত ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি, খেলনাভিত্তিক শিক্ষা, ডিজিটাল কনটেন্ট এবং ব্যবহারিক শিখন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত ‘শিক্ষক নীতিমালা’ প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

মনিটরিং ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তদারকি আরও কার্যকর করার জন্য ১১ ধাপের বিদ্যালয় পরিদর্শন পদ্ধতি এবং ডিজিটাল তথ্যব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, নদীভাঙনপ্রবণ ও পাহাড়ি অঞ্চলসহ ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় শিশুবান্ধব অবকাঠামো নির্মাণের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের মর্যাদা, বেতন-ভাতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া জরুরি।

তিনি জানান, শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে এবং প্রথম অর্থবছরেই এ খাতে ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। এতে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. মোক্তার আলী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রেজা কিবরিয়া ও বীথিকা বিনতে হোসাইন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী।

জাতীয় সংলাপে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রংপুরে মোট ২৬টি মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাজীব হোসেন সুমন, যিনি ‘মেরিল সুমন’ নামেও পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে নগরীর সিও বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ও অভিযানের বিস্তারিত তুলে ধরতে সোমবার দুপুরে এসআরবি-১৩-এর রংপুর সদর দপ্তরে একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত জানাতে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।

তিনি জানান, মেরিল সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র আইন, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং অপহরণসহ মোট ২৬টি গুরুতর মামলা রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে আলোড়ন সৃষ্টিকারী জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার মামলায় তার জড়িত থাকার অভিযোগে পূর্বে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া, বিভিন্ন সময় অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানায় এসআরবি-১৩ কর্তৃপক্ষ। তারা জানায়, চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা, বিভিন্ন প্রার্থীর ওপর হামলা চালানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কার্যক্রমে সে জড়িত ছিল।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও গ্যাং কালচার সম্পূর্ণরূপে নির্মূল করতে এসআরবি-১৩ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%