১১:২৯ এম
২০২৬ বিশ্বকাপ শেষ হলেও ফিফা টুর্নামেন্ট থেকে আয় করার সুযোগ হাতছাড়া করতে চায় না। তাই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের টুকরোগুলিকে সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিক্রির ঘোষণা দিয়েছে।
শনিবার (১১ জুলাই) ফিফা জানিয়েছে, ফাইনালে ব্যবহৃত মাঠের ঘাসের ছোট ছোট অংশ ৪৫০ মার্কিন ডলার (প্রায় ৫৬ হাজার টাকা) থেকে বিক্রি শুরু হবে।
বিশ্বকাপের জন্য নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেটির নাম টুর্নামেন্ট চলাকালে নিউ জার্সি/নিউ ইয়র্ক স্টেডিয়াম রাখা হয়েছে, সেখানে নতুন প্রাকৃতিক ঘাস বসানো হয়েছিল। তবে এই মাঠের মান নিয়ে খেলোয়াড় ও কোচরা টুর্নামেন্ট চলাকালেই প্রকাশ্যে সমালোচনা করেছেন। কারণ, স্টেডিয়ামটি সাধারণত এনএফএলের নিউ ইয়র্ক জায়ান্টস ও নিউ ইয়র্ক জেটসের ম্যাচের জন্য কৃত্রিম টার্ফ ব্যবহার করে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাস বিক্রি করে ফিফা ১ কোটি ১০ লাখ ডলারেরও বেশি (প্রায় ১৩৬ কোটি টাকা) আয় করতে পারে।
ফিফার অফিসিয়াল স্টোরে বলা হয়েছে, '২০২৬ ফিফা বিশ্বকাপের ইতিহাসের একটি আসল অংশ নিজের সংগ্রহে রাখুন। ফাইনালের মাঠের আসল ঘাসের একটি অংশ বিশেষ অ্যাক্রিলিক কেসে সংরক্ষণ করা হবে, যার সঙ্গে থাকবে একটি ইউএসবি স্মারক। বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসরের স্মৃতি বহনকারী এই সংগ্রহযোগ্য সামগ্রী সত্যিই অনন্য।'
স্টোরের তথ্যমতে, প্রতিটি ঘাসের অংশের আকার ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫, তবে এটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার; তা উল্লেখ করা হয়নি।
ফিফা আরও জানিয়েছে, অ্যাক্রিলিক ইউএসবিতে থাকবে সত্যতা যাচাইয়ের বিশেষ নিরাপত্তা ফিল্ম। এটি একটি প্রিমিয়াম হিঞ্জযুক্ত বক্সে দেওয়া হবে, যেখানে বিশেষ ইউভি ডিজাইন থাকবে। সংগ্রাহক, সমর্থক ও ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
তবে আপাতত এই স্মারক শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায় পাঠানো হবে। ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার আগে কোনো অর্ডার সরবরাহ করা হবে না।
সবচেয়ে দামী সংস্করণের মূল্য ৩,০০০ ডলার। এতে থাকবে ৩×৩ ইঞ্চি (৭.৬×৭.৬ সেন্টিমিটার) আকারের ঘাসের একটি অংশ, সোনালি খোদাই করা ফাইনালের প্রতিরূপ টিকিট, বিশ্বকাপ বলের ক্ষুদ্র প্রতিরূপ এবং স্ফটিকে তৈরি বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ।
এ ছাড়া বাকি তিনটি সংস্করণের দাম হবে ৪৫০, ৯০০ ও ১,২০০ ডলার। প্রতিটি মূল্যস্তরে সর্বোচ্চ ২,০২৬টি স্মারক বিক্রি করা হবে।
এদিকে, বিশ্বকাপ ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য ৩২,৯৭০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ফিফার দ্বারা। আর খাবার ও পানীয়সহ হসপিটালিটি প্যাকেজের টিকিটের দাম রাখা হয়েছে ৩৪,৫০০ ও ৩২,৫০০ ডলার।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফাইনালের জন্য ব্যবহৃত ঘাস যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি টার্ফ ফার্মে উৎপাদন করা হয়েছে।
মাঠের মান একই রাখতে বিশ্বকাপের সব ভেন্যুতেই নতুন প্রাকৃতিক ঘাস বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে সাধারণত কৃত্রিম টার্ফ ব্যবহার করা স্টেডিয়ামগুলোও; যেমন সিয়াটল, আটলান্টা, ইস্ট রাদারফোর্ড, ভ্যাঙ্কুভার, আর্লিংটন ও ইঙ্গলউডের স্টেডিয়াম।
তবে ফাইনালে ব্যবহৃত মাঠ ছাড়া অন্য ভেন্যুগুলোর ঘাসের কী হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি ফিফা।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন