ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত তিন


সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত তিন

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি বিমানবন্দরে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। হামলার ফলে বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে। আনাদোলু এজেন্সির খবর অনুযায়ী, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, সোমবার জাজান প্রদেশের কিং আবদুল্লাহ বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলার পর জরুরি সেবা দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

হামলায় আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

জিএসিএ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং যাত্রী, কর্মী ও দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে তারা কাজ করছে।

তবে হামলাগুলো কারা চালিয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কোনো পক্ষের নাম উল্লেখ করা হয়নি।

এর আগে সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করে, তারা সৌদি আরবজুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করে, জাজান ও নাজরানের কয়েকটি সংবেদনশীল স্থাপনাও হামলার লক্ষ্য ছিল।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

হুতিরা আরও দাবি করে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিগে সৌদি আরামকোর একটি তেল শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

সোমবার সৌদি আরবের বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদ অভিযোগ করেছে যে, গোষ্ঠীটি সামরিক উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের লক্ষ্য করে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোট এসব হামলা প্রতিহত করার দাবি করেছে।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশের আরও কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে হুথিরা।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে খেলনা মনে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ, গুরুতর আহত কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


শরীয়তপুরে খেলনা মনে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ, গুরুতর আহত কিশোর

শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। বিস্ফোরণে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭)। বস্তুটিকে খেলনা বল ভেবে সে সেটি হাতে তুলে নেয়। এ সময় তার সহপাঠী কামরুল কাছে গিয়ে সেটির বিষয়ে জানতে চায়। পরে দুজনে মিলে বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল বোমা হিসেবে শনাক্ত করেন। এতে আতঙ্কিত হয়ে জুনায়েদ হাত থেকে বস্তুটি ফেলে দিলে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বিস্ফোরণের কাছাকাছি থাকায় কামরুল গুরুতর আহত হয়।

খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশ থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এলাকায় আর কোনো বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

জনবহুল এলাকায় এ ধরনের বিস্ফোরক পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে অরক্ষিত অবস্থায় পাওয়া দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা হারানো, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা হারানো, তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার খাতার উত্তরপত্র খুঁজে না পাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ১ম সেমিস্টারের পরীক্ষা-২০২৫-এর ২১০৭ নম্বর কোর্সের ২য় পরীক্ষকের উত্তরপত্র পাওয়া যাচ্ছে না। বিভাগের সংশ্লিষ্টদের দাবি, উত্তরপত্রগুলো বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেনের কাছে জমা দেওয়া হয়েছিল। তবে প্রো-ভিসি এ দাবি অস্বীকার করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. এস. এম. আয়নুল হক আকন্দকে নিযুক্ত করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরুজ্জামান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গঠিত তদন্ত কমিটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটির প্রতিবেদন আসার পর ফলাফল প্রকাশ করা হবে।

কমিটির সদস্য ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, "চিঠি পেয়েছি। কাজ শুরু করে দিচ্ছি।"

প্রসঙ্গত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ২১০৭ নম্বর কোর্সের ৬০টির বেশি উত্তরপত্র হারিয়ে গেছে।

বিভাগ সূত্রে জানা যায়, কোর্সের ইন্টারনাল পরীক্ষক ড. শাহাবুল আলম গত ১১ মে উত্তরপত্র গ্রহণ করেন এবং ২০ মে বিভাগে জমা দেন। এরপর বিভাগীয় কর্মচারী জাবেদ আলী দাবি করেন, তিনি উত্তরপত্রগুলো কোর্সের দ্বিতীয় পরীক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের কাছে জমা দিয়েছেন। তবে উপ-উপাচার্য দাবি করেন, উত্তরপত্র তার কাছে আসেনি। এ নিয়ে দায় চাপানোর পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর বিভাগে একটি আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত

বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর আগের দুই কিস্তিও দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল। এদিকে, আলোচনার মাঝে বাংলাদেশে ঘটেছে দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি চাঞ্চল্যকর ঘটনা।

ঢাকায় এক যুবককে হত্যার পর মরদেহ নীলফামারীর ডিমলায় নিয়ে নিজ বসতভিটায় পুঁতে রাখার অভিযোগে মামুন নামে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে পুলিশ মরদেহটি খনন করে উদ্ধার করে। নিহত রাকিব ইসলাম (১৮) টাঙ্গাইলের গোপালপুর এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ এলাকার কাফরুল থানাধীন শ্যাওড়াপাড়ায় অনার্স ভর্তি কোচিং করতে গিয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে পরিচিত হন।

জানা গেছে, ১৬ সেপ্টেম্বর ঢাকায় মেয়েগাছিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার দুই দিন পর মামুন মরদেহটি নিজ বাড়িতে নিয়ে পুঁতে রাখে। এরপর, এআই প্রযুক্তি ব্যবহার করে মামুনকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি করে নিহতের পরিবারের কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অভিযুক্ত মামুন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বসুনিয়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, হত্যার পর রাকিবের মরদেহ একটি বাক্সে করে ঢাকা থেকে ডিমলায় নিয়ে স্বজনদের পচা মাছ বলে নিজ বসতভিটায় পুঁতে রাখা হয়।

নিহত যুবকের মামা হাফিজুর রহমান বলেন, "আমার ভাগিনা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে মেডিকেলে পড়ার জন্য ঢাকায় কোচিং করতে এসেছিল। এখনো তাকে হত্যার কারণ আমরা জানতে পারিনি। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হোক।"

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঢাকায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমানের বক্তব্য নিয়ে মুখ খুললেন নাছির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমানের বক্তব্য নিয়ে মুখ খুললেন নাছির

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’— কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার কাছে এসেছে। তিনি উল্লেখ করেছেন, ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই।’

এই মন্তব্যের মাধ্যমে আমার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার পূর্ণাঙ্গ ধারণা হয়তো নেই।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই মন্তব্যটি করেছেন।

নাছির উদ্দীন নাছির আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছে, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম চলছে এবং এসব প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।

তিনি বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে ধরে নিয়ে অনেককে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে বন্দি অবস্থায়ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার—দুটোই ধরে রাখার জন্য তাদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই। সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগই প্রমাণ করে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা গভীর ও বাস্তব।

নাছির বলেন, তাই জনাব সালমান মুক্তাদিরের প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ, আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন। আশা করি, তখন আপনার ভুল ধারণার অবসান হবে এবং আপনি উপলব্ধি করবেন—ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই সিংহভাগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%