০৫:৪৮ পি.এম
প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদী জেলা প্রশাসন দাঁড়িয়েছে জন্ম থেকেই দুই হাতবিহীন শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে।
সোমবার (১২ অক্টোবর) সকালে, সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নগর পাঁচদোনা গ্রামে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার, সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে দুখু মিয়ার শিক্ষাদানের বিষয়টি নিয়ে সংবাদ প্রচারিত হয়। প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি আসার পর বিস্তারিত জানার জন্য নির্দেশনা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই বিদ্যালয়ের নিবন্ধন এবং অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এ সময় জেলা প্রশাসক কিন্ডারগার্টেনের খুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ওয়াটার পট, বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং ১৪৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
২০০৭ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া বলেন, "বর্তমান সরকার প্রধান আমার বিদ্যালয়টি সম্পর্কে জানতে পেরেছেন সেটা জানতে পেরে আমি আনন্দিত। আমার স্বপ্ন হচ্ছে এই কিন্ডারগার্টেনটিকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা। আশা করছি সরকার ও প্রশাসনের সহায়তায় প্রতিভা দুখু মিয়া বিদ্যালয়টি সমৃদ্ধ হবে।"
দুখু মিয়া, যার দুই হাত নেই, থেমে নেই তার পাঠদান। তিনি পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখে প্রতিদিন শিশুদের পাঠদান করে চলেছেন। বর্তমানে এই বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৫ শিশু পড়াশোনা করছে।
১৯৬২ সালে জন্ম নেওয়া আলতাফ হোসেন জন্ম থেকেই দুই হাতবিহীন। শৈশবেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বাবা পাতিলের কালি ও পানি মিশিয়ে কঞ্চি ও কলাপাতায় লেখার মাধ্যমে তাকে শেখান পা দিয়ে লিখতে। এরপর সেই পা দিয়েই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস করেন তিনি।
শিক্ষাজীবন শেষ করার পর শুরু হয় কর্মসংস্থানের লড়াই। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেন এবং চাকরির আশায় ঘুরেছেন। হতাশা তাকে থামাতে পারেনি, বাবার দেওয়া জমি বিক্রির টাকা যোগ করে ২০০৭ সালে নিজের পৈতৃক জমিতে প্রতিষ্ঠা করেন প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন