০৫:৫৭ পি.এম
নওগাঁর মান্দা এলজিইডির এক কার্য সহকারীকে হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে পুলিশ এই মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তারও করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে থাকেন মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের বিমল চন্দ্র দাসের ছেলে কনক কুমার (৩০), কুসুম্বা দক্ষিণপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং বড়পই গ্রামের তছির আলীর মেয়ে তানজিমা খাতুন (৪৪)। এই মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট সকালে কুসুম্বা মসজিদের কাছে কয়েকজন ব্যক্তি ওই কার্য সহকারীকে ডেকে নেন। চা খাওয়ার কথা বলে তাকে একটি টিনশেডের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে চা ও সিগারেট খাওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করে। এরপর তাকে পাশের একটি কক্ষে নিয়ে যান অভিযুক্তরা।
অভিযোগ অনুযায়ী, ওই কক্ষে এক নারী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন এবং এক ব্যক্তি মুঠোফোনে দৃশ্য ধারণ করতে থাকেন। এতে আপত্তি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে জোর করে তার পোশাক খুলে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তার কাছ থেকে জোরপূর্বক ১১ হাজার ৯০০ টাকা নিয়ে নেন। অতপর আরও ১ লাখ ২০ হাজার টাকা আদায়ের জন্য তার স্বাক্ষর করা একটি চেকে ওই পরিমাণ টাকা লিখে নেওয়া হয়। আরেকটি চেকে টাকার অঙ্ক ফাঁকা রেখে স্বাক্ষর নেওয়া হয়। এ ছাড়া চেকবইয়ের অবশিষ্ট পাতাগুলো এবং তিনটি ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পেও তার স্বাক্ষর নেওয়া হয়।
পরদিন ৯ আগস্ট ওই চেকের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলনের জন্য অভিযুক্তরা মান্দা উপজেলার সতিহাটে অগ্রণী ব্যাংকের শাখায় যান। এই সময় ভুক্তভোগী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে হিসাবটির লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার ব্যবস্থা করেন। এর ফলে তারা টাকা উত্তোলন করতে না পারায় ব্যাংকে অবস্থান করছিলেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনক কুমার ও সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় আরও দুজন পালিয়ে যায়। পুলিশ ব্যাংক থেকে ভুক্তভোগীর স্বাক্ষর করা চেকটি জব্দ করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তানজিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ও তাদের সহযোগীরা গত ৭ আগস্ট ফয়জুল মোল্লা নামের আরেক ব্যক্তিকেও একই কায়দায় হানিট্র্যাপে ফেলে ৬০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার তিন আসামিকে আজ আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন