শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৩৭ পি.এম
২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে। পুল 'এ'-এর এই ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে টানা দ্বিতীয় জয় নিশ্চিত হলো।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দল আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে এবং দারুণ আধিপত্য প্রতিষ্ঠা করে। দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর ৩১ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ একটি চমৎকার ফিল্ড গোল করে বাংলাদেশের জয়কে প্রায় নিশ্চিত করে ফেলেন (৩-০)।
খেলার ৪৮ মিনিটে ইন্দোনেশিয়ার আল আরধ আউলিয়া পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল করে ব্যবধান ৩-১ করেন, তবে এটি বাংলাদেশের জয়ে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি।
এটি চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল।
তবে আসরের শুরুটা বাংলাদেশের জন্য সুখকর ছিল না। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হারতে হয়েছিল বাংলাদেশ দলকে।
২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর বনানী এলাকায় কাভার্ডভ্যানের আঘাতে মোটরসাইকেল আরোহী দুই যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের আমতলী মোড়ের পশ্চিম পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন খালেদ সাইফুল্লাহ। খালেদ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে।
বনানী থানার পুলিশ জানায়, রাতের বেলায় একটি মোটরসাইকেলে দুইজন যাত্রী ছিলেন। আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। বর্তমানে সেটি শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ সম্পর্কে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট ছবিটি বিশ্লেষণ করে।
দ্য ডিসেন্ট জানায়, সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাত মেলাচ্ছেন বা কুশল বিনিময় করছেন। পোস্টের সঙ্গে একটি ক্যাপশন যুক্ত করে তিনি লেখেন— "উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না? ওয়েট... ক্যামেরাম্যান ফোকাস করো, উনি কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু না? ওটা কি অভিনন্দন জানানো হচ্ছে? কীসের? ভিডিওটি আনছি ইউটিউবে। সকাল অবধি অপেক্ষা করুন। বড় ব্যাপার!"
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট বিষয়টি নিয়ে জানিয়েছে, ময়ূখ রঞ্জন ঘোষের শেয়ার করা ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ ধরনের ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নেটিজেনরা মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং দর্শক বা ভিউ পাওয়ার আশায় যাচাই-বাছাই ছাড়া এই ভুয়া ছবি প্রচার করে তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার(২৫সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার বসতঘরে একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান।
পরে সুসেন মুন্ডা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের উদ্যোগ নেন।
উদ্ধারের একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান তারা। বস্তাটি সরিয়ে দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা। এটি বিষধর সাপ হওয়ায় সাপটি দেখে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ২৫ বছর বয়সী বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীর ওপর ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারীর পিতা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত রবিন খলিশাউড় ইউনিয়নের কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের পুত্র।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তিনি স্বামী পরিত্যক্তা এবং তার আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে প্রতিবেশী আব্দুল আওয়াল ওরফে রবিন ওই নারীকে বাড়ির পাশে একা পেয়ে একটি ঘরে নিয়ে যান। সেখানে তার শারীরিক প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে রবিন পালিয়ে যায়। তারা ওই নারীকে উদ্ধার করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শনিবার সকালে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে। ভুক্তভোগী নারীকে পুলিশের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত রবিন পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ