০৫:১৪ পি.এম
নেত্রকোণা, ২৪ জুলাই, ২০২৬ : দুর্গাপুরে জন্মগত হৃদরোগে আক্রান্ত দুই বছর বয়সী একটি শিশুর চিকিৎসার সামগ্রিক দায়িত্ব গ্রহণ করে তাকে সুস্থ করে তুলেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ডেপুটি স্পিকার মহোদয়ের বিশেষ উদ্যোগ ও সহযোগিতার ফলস্বরূপ শিশুটির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে শিশুটি সম্পূর্ণ স্বাস্থ্যবধ ও পরিবারের সঙ্গে নিজ বাড়িতে ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পূর্ব ও পরবর্তী সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ উদ্যোগে তার নির্বাচনী এলাকায় স্বেচ্ছাসেবক প্রতিনিধি দলের মাধ্যমে নিয়মিতভাবে অসহায় ও অসুস্থ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এর ধারাবাহিকতায় সম্প্রতি উপজেলার বিরিশিরি ইউনিয়নের সাগরদিঘী গ্রামের বাসিন্দা থিওফিল সাংমা ও মারিয়া নেংমীঞ্জ দম্পতির শিশু সেংনাম শিমনের অসুস্থতার খবর কায়সার কামাল জানতে পারেন। শিশুটি জন্ম থেকেই হৃদযন্ত্রের ছিদ্রজনিত জটিলতায় ভুগছিল, যা অর্থাভাবে তার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।
খবর পাওয়ার পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও তার টিম শিশুটির উন্নত চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন। গত ১৮ জুলাই শিশুটিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে অভিজ্ঞ হৃদরোগ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
এদিকে শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তার পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা ডেপুটি স্পিকারের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যারিস্টার কায়সার কামালের এই মহৎ উদ্যোগের জন্য এলাকার সাধারণ মানুষ তার ভূয়সী প্রশংসা করেছেন।
চিকিৎসা শেষে শিশুটি সুস্থ হওয়ায় ব্যারিস্টার কায়সার কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও তার স্বেচ্ছাসেবক প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
এ সময় তিনি উল্লেখ করেন যে, এলাকার সাধারণ ও অসহায় মানুষের সেবায় তাদের এই ধরনের সহায়তামূলক ও সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন