০৩:২৭ পি.এম
ফেনীর সোনাগাজীতে চালককে জিম্মি করে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন খামার মালিক। পরে রাতের অন্ধকারে অভিযান চালিয়ে পুলিশের কর্মকর্তারা পিকআপটি উদ্ধার করেন। তবে গাড়িতে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের মাছ সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় মারা গিয়ে নষ্ট হয়ে গেছে।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চর চান্দিয়ার কেঁচিদিয়া এলাকায় ঘটে এ ছিনতাইয়ের ঘটনা।
জানা যায়, শুক্রবার রাতে মাছবোঝাই ওই পিকআপটি উপজেলার চর খোন্দকার এলাকা থেকে গন্তব্যের দিকে রওনা দেয়। গাড়িটি চর চান্দিয়ার কেঁচিদিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে। এ সময় তারা চালককে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ঘটনাটি জানতে পেরে খামার মালিক নুরুল আমিন তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চান। অভিযোগ পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ দ্রুত অভিযানে নামে এবং সোনাগাজী হাসপাতাল এলাকা থেকে পিকআপটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশ আসার খবর পেয়ে দুর্বৃত্তরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এতে জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
খামার মালিক নুরুল আমিন জানান, ছিনতাইয়ের কারণে গাড়িটি দীর্ঘসময় আটকে থাকায় এবং সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় প্রায় ২ লাখ টাকার মাছ মারা গিয়ে নষ্ট হয়ে গেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশিম জানান, ‘ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন