বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৩ পি.এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মন্তব্য করেছেন যে, দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের ওপর নির্ভর করে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে জ্ঞান, মেধা ও দক্ষতা অর্জনে মনোনিবেশ করতে হবে। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতির ওপরও গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, ন্যানোটেকনোলজি সহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে পড়াশোনার পাশাপাশি কর্মজীবনের প্রস্তুতিও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশের বিশাল তরুণ জনগণের একটি গুরুত্বপূর্ণ মানবসম্পদ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যদি যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলা যায়, তবে তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সঙ্গে বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগও সৃষ্টি হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে নিতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম, মেধা ও পরিশ্রমের সমন্বয়ে নিজেদের যোগ্য মানবসম্পদ হিসেবে প্রস্তুত করার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকতে হবে।
শিক্ষাব্যবস্থায় গুণগত ও সময়োপযোগী পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারেও প্রশিক্ষিত করে তুলতে হবে।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনায় ভূমিকা রাখবে উল্লেখ করে নবীনদের নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ সময় ছাত্রদলের জবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিছু দিন আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছর নেপালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সিরিজটি নেপালের আকস্মিক বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি উৎসর্গ করা হবে।
সূচি অনুযায়ী, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ ও নেপালের এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির বৈঠকের মাধ্যমে। বৈঠকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি নেপালে ক্রিকেট সিরিজ খেলার আমন্ত্রণ জানান।
আজ বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নেপালের ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে। দুই দেশের মধ্যে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতার সুযোগ রয়েছে।
মার্চের তিন ম্যাচের সিরিজের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের ক্রিকেট সম্পর্ক আরও জোরদার হবে এবং দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা ১৭১ জনে পৌঁছেছে। একই সময়ে, হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৭৫৩ জন, যা বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বাধিক ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মোট ৪ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৩৯৪ জন ভর্তি হয়েছেন।
অন্যান্য অঞ্চলে, খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রাম বিভাগে ১৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪, রাজশাহী বিভাগে ১৫৩, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৫৩ এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ডেঙ্গুর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই মাসে সারাদেশে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আগস্টে এই সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছায়। তবে সেপ্টেম্বর মাসের প্রথম ১৬ দিনে প্রাণ হারিয়েছেন ৭৪ জন। ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭১ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ৮০ জন।
এছাড়া, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে ৮, রংপুরে ৩ এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। প্রকল্পগুলো হলো- এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি)।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর অর্থায়নে।
এদিকে, নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়িত হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকার ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একনেকে অনুমোদিত প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে ৫৭ কোটি ৭১ লাখ টাকা। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে ইমরান হোসেন (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিলাস্থান গ্রামের কাজীবাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ইমরান ওই গ্রামের রবিউল্লাহর ছেলে। তার স্ত্রী এবং দুই বছরের একটি ছেলে রয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেও ইমরান পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন। পরে রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি জানার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহতের বাবা রবিউল্লাহ বলেন, "আমার ছেলে খুব ভালো ছিল। মঙ্গলবার রাতেও পরিবারের সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছে। পরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা বুঝতে পারছি না। তবে এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবকের সাথে সে মেলামেশা করত।"
স্থানীয়দের মতে, ইমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাদের ধারণা, মাদকাসক্তির পাশাপাশি ব্যক্তিগত দেনা-পাওনা ও নানা দুশ্চিন্তাও তার জীবনে চাপ তৈরি করে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ