০৩:২৩ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশ ও বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তিনি এ কথা বলেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লকাই বিশ্বাসের পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হয়। এ সময়, লকাই বিশ্বাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থও বিতরণ করা হয়।
রিজভী বলেন, "বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।" তিনি অভিযোগ করেন, বিগত সরকারের নেতাকর্মীরা দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন করছে এবং বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এছাড়া, নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। "আমরা বিএনপি পরিবার" এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন ও বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন