০৩:০৪ পি.এম
বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে গভীর হতাশা প্রকাশ করেছেন। মঙ্গলবার সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে পরাজয়ের কারণ হিসেবে তিনি দলের কৌশলগত ভুলগুলোকেই দায়ী করেছেন।
বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ ধরে এমবাপ্পে ছিলেন টুর্নামেন্টের অন্যতম উজ্জ্বল প্রতিভা। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলা ফ্রান্সের হয়ে তিনি আটটি গোল করে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছিলেন।
কিন্তু এই ২৭ বছর বয়সী ফরাসি অধিনায়কের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন হঠাৎ করেই ভেঙে যায়। টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়ে স্পেন ফ্রান্সকে ছাপিয়ে যায়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ফরাসি টেলিভিশন চ্যানেল এম৬-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে উল্লেখ করেন, এই পরাজয় পুরো দলের জন্য "ভীষণ হতাশাজনক"। তিনি বলেন, "আমি মনে করি না আমরা সেই ম্যাচটি খেলতে পারি, যেভাবে আমরা খেলতে চাইছিলাম; কৌশলগত দিক থেকে কিংবা সামগ্রিক পারফরমেন্সের দিক থেকেও নয়।"
এই ফরোয়ার্ড আরও বলেন, "বিশ্বকাপের সেমিফাইনালে আপনি যদি নিজের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারেন, তাহলে জয় পাওয়া সম্ভব নয়।"
ফ্রান্সের ম্যাচ পরিকল্পনা সম্পর্কে এমবাপ্পে বলেন, "আমাদের লক্ষ্য ছিল তাদের ওপরের দিকে চাপ সৃষ্টি করা, যাতে তারা নিজেদের ধীর, নিয়ন্ত্রিত ছন্দে খেলতে না পারে। কারণ ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা আমাদের চেয়ে ভালো। কিন্তু আমরা সেটি করতে গিয়ে ব্যর্থ হয়েছি।"
তিনি মনে করেন, ম্যাচের মূল পার্থক্যটি হয়েছিল মাঝমাঠের লড়াইয়ে। ফ্রান্সের আদ্রিয়ান রাবোয়িত ও অরেলিয়ান টিচুয়ামেনির জুটি স্পেনের রদ্রি, ডানি ওলমো এবং ফাবিয়ান রুইজের বিপক্ষে শুরু থেকেই চাপে পড়ে যায়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এমবাপ্পে বলেন, "মাঝমাঠে আমরা বারবার তিন বনাম দুই পরিস্থিতিতে পড়ে যাচ্ছিলাম। আর স্পেনের বিপক্ষে এটা বড় সমস্যা। সবকিছু মিলিয়েই ফলাফল এসেছে - পরাজয়। এটি সত্যি ভীষণ হতাশাজনক।"
তবে, এমবাপ্পে এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, "আমাদের স্বপ্ন ছিল ফাইনালে ওঠা, দেশের মানুষকে স্বপ্ন দেখার সুযোগ দেওয়া এবং ইতিহাস গড়া। এখন আমাদের মাথা উঁচু রেখেই এই বাস্তবতাকে মেনে নিতে হবে। আমি বিশ্বাস করি, জিতলে যেমন মাথা উঁচু করে জিততে হয়, হারলেও তেমনি মাথা উঁচু রেখেই হারতে হয়।"
তিনি আরও যোগ করেন, "কিন্তু এই মুহূর্তে আমরা ভীষণ হতাশ। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি এবং পুরো দল কতটা হতাশ। তবুও বিষয়টি যতই হতাশার মনে হোক না কেন, আমাদের আবার উঠে দাঁড়াতে হবে। কিছুদিন বিশ্রাম নিতে হবে, তারপর নতুন অধ্যায় শুরু করতে হবে। কারণ ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। আমাদের নতুন করে শুরু করতে হবে, এই ব্যর্থতাকে পেছনে ফেলে সেখান থেকে শিক্ষা নিতে হবে।"
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন