০৪:২৯ পি.এম
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করবে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)।
এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।
এরপর ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জঁ পেম উভয়পক্ষের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অর্থ বিভাগ (এফডি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোপণ মৌসুমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দেশে খাদ্য নিরাপত্তা জোরদার করাই প্রকল্পটির মূল লক্ষ্য।
চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলিত ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে। এছাড়া, অনুত্তোলিত ঋণের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারিত থাকলেও বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশকে এই ফি মওকুফ করে আসছে। চলতি অর্থবছরেও এই ফি মওকুফ করা হয়েছে। পাঁচ বছরের রেয়াতকালসহ (গ্রেস পিরিয়ড) ২৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হলো। বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো নির্মাণ এবং জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন