বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৬:৩৯ পি.এম
সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পানিবন্দী পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে এই ত্রাণ ও নগদ টাকা তুলে দেন। একই সঙ্গে তিনি দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় দ্রুত খাদ্য ও ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো দুর্গত মানুষ যেন খাদ্যসংকটে না পড়ে, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।"
আসাদুল হাবিব দুলু আরও বলেন, "বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হবে।" দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে তিনি স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সম্মাননা হিসেবে গবাদিপশু ও আর্থিক সহায়তা দেন।
অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তালিকাভুক্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে বন্যাদুর্গত সকল মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জেলার বদলগাছী উপজেলায় উপকারভোগীদের জন্য সেলাই মেশিন, খেলার সামগ্রী, কৃষি প্রণোদনার বীজ, অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করা হয়েছে।
এ সব সামগ্রী বিতরণ করা হয় অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য বলেন, ‘সরকার শিক্ষা, ক্রীড়া ও আত্মকর্মসংস্থানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এসব সহায়তা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২ জুলাই ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ মন্ত্রিপরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার, বিকেল সাড়ে ৪টা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। বৈঠকের সময়কাল ৫টা ৫৫ মিনিট পর্যন্ত ছিল।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এই তথ্যটি জানান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি একটি সংবাদ সম্মেলন করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরিয়ার রাজধানী দামেস্কের হেজাজ এলাকায় একটি ক্যাফের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে যে বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। এ খবর প্রকাশিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে রয়টার্সের কাছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া জানায়, বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এখন পর্যন্ত এটা জানা যায়নি যে, এটি বিস্ফোরক, গ্যাস লিক নাকি অন্য কোনো কারণে ঘটেছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুসারে, বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে এ পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি এবং এই ঘটনার দায় কেউ বা কোনো গোষ্ঠী স্বীকারও করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে দামেস্কে একাধিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত একজন সেনা নিহত হন এবং ২০ জনের বেশি আহত হন।
একই মাসে রাজধানীর আরেকটি এলাকায় একটি খালি বাসে বিস্ফোরণে পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হন। এসব ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলেও বিচ্ছিন্ন বিস্ফোরণের ঘটনা এখনও পুরোপুরি থামেনি।
সর্বশেষ বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে。
তথ্যসূত্র: সানা ও রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফে বিজিবির সদস্যদের উপস্থিতি দেখতে পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার পর একটি ফেলে রাখা ইজিবাইক থেকে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস, দেশি-বিদেশি অস্ত্র এবং গুলি উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোর ৪ টা দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গুলির একটি চালান পাচারের খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা বিশেষ অভিযান চালান। এক পর্যায়ে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ইজিবাইকযোগে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এর পরই বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত ইজিবাইকটি সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আনুমানিক ১০ কোটি টাকা মূল্যমানের ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এসময় ইজিবাইকটির ছাদের ভেতরে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ১ টি জি-৩ রাইফেল, ১ টি দেশীয় তৈরী বন্দুক, ১ টি ম্যাগাজিন এবং ১৩ টি গুলি।
তিনি আরও জানান, উদ্ধার করা মাদক, অস্ত্র ও গুলির চালান পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বিজিবির তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
উদ্ধার করা মাদক, অস্ত্র ও গুলি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন, লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ