ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায়


রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায়

আধুনিক প্রযুক্তি ও সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে নিরাপদে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। রাশিয়ার কালিনিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই বিষয়টির একটি বড় উদাহরণ, যা চার দশক ধরে বিদ্যুৎ উৎপাদন করে আসছে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত প্রযুক্তি কালিনিনের চেয়ে আরও আধুনিক। তবে বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি থাকলেই হবে না, নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে হবে।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার দূরে উদোমলিয়া শহর অবস্থিত। এই শহরে ২৫ হাজারের বেশি মানুষের বসবাস রয়েছে এবং জনজীবন স্বাভাবিকভাবে চলছে। সবুজে ঘেরা পার্কে কেউ অবসর কাটাচ্ছেন, কেউ খেলাধুলায় ব্যস্ত। স্বচ্ছ পানির লেকে সাঁতার কাটা ও মাছ ধরায় সময় কাটাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। লেকের পাশে দাঁড়িয়ে রয়েছে ৪ হাজার মেগাওয়াট ক্ষমতার কালিনিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।

প্রশ্ন উঠছে, লোকালয় ও পরিবেশের স্বাভাবিকতা বজায় রেখে স্পর্শকাতর পারমাণবিক জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন কীভাবে সম্ভব হচ্ছে? কেন্দ্রটির কর্তৃপক্ষ জানাচ্ছে, এখানে নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। বিদ্যুৎকেন্দ্রটিতে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১০০০ প্রযুক্তির রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় সর্বাধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং প্রতিটি ধাপে সুরক্ষামূলক ব্যবস্থা মেনে চলা অপরিহার্য। নিরাপত্তার এসব দিক নিশ্চিত করেই রাশিয়ার কালিনিনসহ বিশ্বের বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদে বিদ্যুৎ উৎপাদনের নজির স্থাপন করেছে।

কর্তৃপক্ষ জানাচ্ছে, বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি পরিবেশের ওপর প্রভাব ও বিকিরণের মাত্রা পর্যবেক্ষণে স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। ১৭টি স্টেশন থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং এসব তথ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এছাড়া, উদোমলিয়ার বাসিন্দাদের স্বাস্থ্য, স্থানীয় আবহাওয়া, বায়ুর মান ও পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা করে কর্তৃপক্ষ। রাশিয়ার কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিকিরণ নিরাপত্তা বিভাগের প্রধান ভিক্টর ও. দোলেচিখ বলেন, “আমাদের প্রধান অগ্রাধিকার নিরাপত্তা ও বিকিরণের মাত্রা নিয়ন্ত্রণ। স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির ১০০ কিলোমিটার পর্যন্ত এলাকার বিকিরণের মাত্রা পর্যবেক্ষণ করছি। এতে বিদ্যুৎকেন্দ্রটির কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি।”

এদিকে, কালিনিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের তুলনায় আরও উন্নত থ্রি প্লাস জেনারেশন প্রযুক্তির ভিভিইআর-১২০০ মডেলের রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, রূপপুরের নিরাপত্তা নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই।

আরও পড়ুন: আনসার-ভিডিপি ব্যাংকে ৬২ পদে কর্মকর্তা নিয়োগের আবেদন চলছে

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “এটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত একটি প্রকল্প। আল্লাহ চাইলে আমাদের এর চেয়ে বেশি কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন হবে না।”

কালিনিন বিদ্যুৎকেন্দ্রের মতো রূপপুরেও আদর্শ নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার ওপর বিশেষজ্ঞরা জোর দিয়েছেন। তাদের মতে, উন্নত প্রযুক্তির পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, “রিঅ্যাক্টরের নিরাপত্তাব্যবস্থা যত উন্নত হোক না কেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো দক্ষ ব্যবস্থাপনা। প্রযুক্তিগত উন্নয়ন ও বাড়তি নিরাপত্তার কারণে রিঅ্যাক্টরে দুর্ঘটনা ঘটলেও তেজস্ক্রিয়তা বাইরে ছড়িয়ে পড়বে না; এটি আমরা মেনে নিলাম। কিন্তু ব্যবস্থাপনার ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটলে শেষ পর্যন্ত এই রিঅ্যাক্টর আর চালানো সম্ভব হবে না। রিঅ্যাক্টর চালাতে না পারলে দেশের বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হবে, যা সামাল দেয়া কঠিন। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, নিরাপদে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতাও জরুরি।

আরও পড়ুন: টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোর ও সুনামগঞ্জের যেসব এলাকায়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্ত শুরু

দুর্বৃত্তরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এবং জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে গুলি করেছে। পুলিশ জানায়, এই সময় তিনি গাড়িতে উপস্থিত ছিলেন না।

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ে বিশাল সেন্টারের সামনে শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটেছে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার সময় সংবাদকে জানান, আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা সত্য। পুলিশ ভোর পৌনে ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই বিষয়ে পুলিশ তদন্ত করছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা সত্য। ওই সময়ে তিনি গাড়িতে ছিলেন না। কে বা কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তানদের নিয়ে নিজের জন্মদিন পারিবারিক আবহে উদ্‌যাপন করলেন পরীমণি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


সন্তানদের নিয়ে নিজের জন্মদিন পারিবারিক আবহে উদ্‌যাপন করলেন পরীমণি

আজ শনিবার (২৪ অক্টোবর) চিত্রনায়িকা পরীমণির জন্মদিন উদযাপনের দিন। বিশেষ এই দিনটির প্রথম প্রহরে সন্তানদের সঙ্গে নিয়ে নিজের জন্মদিন পালন করেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। মাত্র ১১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউনে আনন্দময় পরিবেশে দুই সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটছেন নায়িকা।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ এবং সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি।

সামাজিক মাধ্যমে নায়িকার এই পোস্ট প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে তুলছেন।

অতীতে ঢাকাই শোবিজের আলোচিত এই নায়িকা জমকালো আয়োজনের মাধ্যমে নিজের জন্মদিন উদযাপন করলেও মা হওয়ার পর তিনি এখন সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনেই বিশেষ দিনটি উদযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পুরো সময় কাটাতে তিনি সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় ভালোবাসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে সৌরবিদ্যুতের উদ্যোগ, চাহিদা মিটিয়ে যাবে জাতীয় গ্রিডেও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


চট্টগ্রাম বন্দরে সৌরবিদ্যুতের উদ্যোগ, চাহিদা মিটিয়ে যাবে জাতীয় গ্রিডেও

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবার ৮ দশমিক ৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে, যা কার্বন নিঃসরণ কমিয়ে বিদ্যুতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে। এই উদ্যোগের মাধ্যমে বছরে প্রায় ৫ কোটি টাকা সাশ্রয় হবে, ফলে ২০ বছরে মোট সাশ্রয় হবে ১০০ কোটি টাকা। তবে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ঘোষণার কারণে, বন্দর কর্তৃপক্ষকে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার জন্য বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

চট্টগ্রাম বন্দরে জাহাজে কনটেইনার ওঠানো-নামানোর কাজে ১৮টি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের ১৬৯টি বিশেষায়িত ক্রেন দিন-রাত কাজ করছে। একই সঙ্গে, বন্দরের জেটি ও ইয়ার্ডে ২২ ধরনের আরও ২৭২টি যন্ত্র কাজ করছে। এছাড়া, বন্দরে ৩০ হাজারের বেশি বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে।

এই যন্ত্রপাতি ও যানবাহনে ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিদ্যুতেরও ব্যবহার রয়েছে। ফলে, বন্দরের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কার্বন নিঃসরণের পরিমাণও বাড়ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলম মন্তব্য করেন, ‘বন্দরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। জাহাজ থেকেও কার্বন নিঃসরণ হয়। আবার বন্দরে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, তা জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎস থেকে আসে। এটি কোনো সবুজ জ্বালানি নয়।’

চট্টগ্রাম বন্দরের কার্বন নিঃসরণ বিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, বন্দরের সৌরবিদ্যুতের আওতায় আনা সম্ভব। জাহাজ বন্দরে প্রবেশের পর মূল ইঞ্জিন বন্ধ রেখে সৌরবিদ্যুতের মাধ্যমে জাহাজের প্রয়োজনীয় কার্যক্রম চালানো গেলে পুরো বন্দরকে সবুজ বন্দরে রূপান্তর করা যাবে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন ৭ থেকে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে চট্টগ্রাম বন্দর। এ জন্য প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৫০ কোটি টাকার বেশি বিল পরিশোধ করতে হয়।

কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার পাশাপাশি বিদ্যুৎ সংকটের সমাধান করাও বন্দরের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে, বন্দরের বিভিন্ন শেড ও ভবনের ছাদ এবং পরিত্যক্ত জায়গায় সোলার প্যানেল স্থাপনের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে কর্তৃপক্ষ। এসব প্যানেল থেকে দিনে সর্বোচ্চ ৮ দশমিক ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। বন্দরের বিদ্যুতের চাহিদা প্রায় ৭ মেগাওয়াট। চুক্তি অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে বন্দর কর্তৃপক্ষ।

চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, ‘বন্দরে অনেক ছাদ ও শেড রয়েছে। সেগুলো ব্যবহার করে ২০ থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘এই বিদ্যুৎ চট্টগ্রাম বন্দরে ব্যবহার করলে একদিকে যেমন জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতাও কমবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে আমরা আরও এগিয়ে যাব।’

বন্দর কর্তৃপক্ষের যন্ত্রপাতি ব্যবহারের কারণে কার্বন নিঃসরণ হচ্ছে না; প্রতিবছর পণ্য নিয়ে বন্দরে আসা চার হাজারের বেশি জাহাজও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের ঘোষণার অনুযায়ী, কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য পূরণ করতে হবে চট্টগ্রাম বন্দরকেও।

এ অবস্থায়, সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ বন্দরে আসা জাহাজগুলোতে সরবরাহ করা গেলে পরিবেশদূষণ কমানোর পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতে পারে বন্দর কর্তৃপক্ষ। গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, ‘জীবাশ্ম জ্বালানি পোড়ানোর প্রবণতা কমিয়ে দেশকে ভবিষ্যতের সবুজ ও জলবায়ুবান্ধব ব্যবস্থার দিকে এগিয়ে নিতে এ উদ্যোগ একটি ভালো পদক্ষেপ হতে পারে।’

আগামী মাস থেকেই বন্দরে সোলার প্যানেল স্থাপনের কাজ শুরু হবে। চুক্তি অনুযায়ী, আগামী ২০ বছর কারিগরি ও তদারকি সহায়তা দেবে বেসরকারি প্রতিষ্ঠানটি। এই ব্যবস্থায়, দিনে সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে চলবে বন্দরের কার্যক্রম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেবরনে ২ ইসরায়েলি সেনার মৃত্যু, নেতানিয়াহুর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


হেবরনে ২ ইসরায়েলি সেনার মৃত্যু, নেতানিয়াহুর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার নির্দেশ

অধ্যুষিত পশ্চিম তীরে একটি সামরিক তল্লাশিচৌকিতে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনার মৃত্যু ঘটেছে। এই ঘটনার পরপরই ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) ওই এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে এবং বেশ কিছু ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, হেবরন শহরে সংঘটিত এই হামলায় আরও তিন সেনা সামান্য আহত হয়েছেন। হামলা চালানো দুই ফিলিস্তিনি বন্দুকধারীও পরে নিহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর এই প্রথম ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র চার দিন আগে এই হামলার ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি বড় পরীক্ষা। কারণ, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে নিরাপত্তার ক্ষেত্রে শক্ত অবস্থানের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে আসছেন।

হামলার পরপরই পুরো হেবরন শহর ঘেরাওয়ের ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। নেতানিয়াহু জানান, তিনি শুক্রবার থেকেই পশ্চিম তীরে সম্পূর্ণ অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। তবে কয়েক ঘণ্টা পর তিনি অবস্থান কিছুটা শিথিল করে জানান, পুরো পশ্চিম তীর বন্ধ না করে হেবরন ও হালহুল শহর ঘিরে একটি 'বিশেষ নিরাপত্তা বলয়' তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইএসএ এক যৌথ বিবৃতিতে জানায়, হেবরন এলাকায় তারা কয়েক দিনব্যাপী 'সন্ত্রাসবিরোধী' যৌথ অভিযান শুরু করেছে। সন্ত্রাসী অবকাঠামো ও অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে অভিযান পরিচালিত হচ্ছে। বাসিন্দারা তিনটি নির্দিষ্ট পথ দিয়ে এলাকা ত্যাগ করতে পারবেন, তবে তাদের নিরাপত্তা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এলাকাটিতে অবৈধ এবং নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো ইতোমধ্যে ড্রেজার দিয়ে ভেঙে ফেলা শুরু হয়েছে।

এদিকে, হেবরনের জনবসতি থেকে ফিলিস্তিনিদের এভাবে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের মানবাধিকার বিষয়ক সংস্থা 'বি'তসেলেম'। সংস্থাটির নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন, 'ইসরায়েল আগে থেকেই তাদের নতুন অপরাধের কথা প্রকাশ্যে ঘোষণা করছে। নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী কার্টজ হেবরনের একটি ফিলিস্তিনি এলাকা খালি করা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর মনস্থাই প্রকাশ করেছেন।'

শুক্রবার বিকেলের মধ্যেই হেবরনের ফারশ আল-হাওয়া এলাকায় ভবন ভাঙার কাজ শুরু করে দেয় ইসরায়েলি বাহিনী। সিএনএন জানায়, তাদের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক ইসরায়েলি সেনা একটি আবাসিক ভবনের ফিলিস্তিনি বাসিন্দাদের মাইকে বলছেন, 'আপনাদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হলো।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%