০৫:৪১ পি.এম
ফোন নম্বরের বাধ্যবাধকতা থেকে সরে এসে বড় পরিবর্তনের পথে হাঁটছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই এর ব্যবহারকারীরা অ্যাপে নিজেদের পছন্দমতো একটি ‘ইউজারনেম’ যোগ করতে করতে পারবেন। এরপর থেকে কারও সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের বদলে কেবল ওই ইউজারনেম শেয়ার করে নিলেই চলবে।
কোম্পানিটির পক্ষ থেকে নতুন এই ফিচারকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, মোবাইল নম্বর ব্যক্তিগত জিনিস; এটি মানুষের জীবনের বহু বিষয়ের সঙ্গে যুক্ত থাকে। তাই নম্বরটি সুরক্ষিত রাখা জরুরি। যেমন কোনো সদ্য পরিচিত মানুষের সঙ্গে কথা বলা বা কোনো গ্রুপে যোগ দেওয়ার ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও অচেনা মানুষদের কাছে ফোন নম্বর প্রকাশ হয়ে যায়। নতুন এই ব্যবস্থার ফলে সেই আশঙ্কা আর থাকবে না।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ইউজারনেম অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডলের মতো নয়। কারণ এখানে ব্যবহারকারীদের নাম খোঁজার জন্য কোনো ডিরেক্টরি বা তালিকা থাকবে না। এমনকি কাউকে বন্ধু হিসেবে যুক্ত করার জন্য অ্যাপের পক্ষ থেকে কোনো সাজেশনও দেওয়া হবে না। মেটা’র মালিকানাধীন অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইউজারনেমের সঙ্গে এটি এক হওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।
অবশ্য কার্যপদ্ধতিটি প্রায় একই রকম। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি নির্দিষ্ট ইউজারনেম রিজার্ভ করবেন, তারপর নতুন কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে সেটি তাকে দিয়ে দেবেন। তাতেই অপর পক্ষ তাকে যুক্ত করে চ্যাট শুরু করতে পারবেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এই ফিচার চালু হওয়ার পর এটিই ডিফল্ট হিসেবে কাজ করবে। ফলে নতুন কোনো চ্যাট শুরু করার সময়ে ফোন নম্বরের পরিবর্তে কেবল ইউজারনেমটিই দেখা যাবে।
সোমবার (২৯ জুন) থেকেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সবশেষ ভার্শন আপডেট করে নিজেদের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন। এর জন্য অ্যাপের সেটিংস অপশনে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট এবং তার পর ‘ইউজারনেম’-এ ক্লিক করতে হবে। তবে এই ফিচার পুরোপুরি কার্যকর হতে বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি চালু হলে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
হোয়াটসঅ্যাপ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘অধিকাংশ মানুষের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারনেমটি এমন অনন্য হওয়া উচিত, যা কেবল তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরাই জানবেন। সঠিক নাম বাছতে সমস্যা হলে আমাদের একটি ইউজারনেম জেনারেটর রয়েছে, যা আপনাকে সাহায্য করবে।’
এছাড়া বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সংস্থাকে তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে থাকা বর্তমান ইউজারনেমটিই হোয়াটসঅ্যাপে ব্যবহার করার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন