ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা আজ তিন স্থানে


বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা আজ তিন স্থানে

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, যিনি বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন, আজ তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর তিনটি ভিন্ন স্থানে এই জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে বিএনপির এই কেন্দ্রীয় নেতা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

শ্যামপুর-কদমতলী এলাকার প্রভাবশালী এই নেতা ১৯৯১ সালে ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং সবশেষ বিকেল ৩টায় শ্যামপুর লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে সালাহউদ্দিন আহমেদকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে চুয়েট অধ্যাপক আরাফাতকে শিক্ষার্থীদের অবাঞ্চিত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে চুয়েট অধ্যাপক আরাফাতকে শিক্ষার্থীদের অবাঞ্চিত ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আরাফাত রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুয়েট শিক্ষার্থীরা একটি বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘দীর্ঘ তিন সপ্তাহ ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য হিসেবে সায়েম স্যারকে পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ ও সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন কেবল একজন ব্যক্তিকে একটি পদে পুনর্বহালের দাবি নয়; বরং এটি চুয়েটের স্বার্থ, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের মর্যাদা এবং ন্যায়সংগত দাবির প্রতি সম্মান প্রতিষ্ঠার আন্দোলন।

অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে চলমান এই আন্দোলনের প্রতি সংহতি ও সম্মান প্রদর্শনের পরিবর্তে প্রফেসর ড. আরাফাত রহমান রানা স্যারের কিছু কর্মকাণ্ড আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি করেছে। আন্দোলনরত চুয়েট পরিবারের সদস্যদের অভিযোগ, সর্বাত্মক আন্দোলন চলাকালে তিনি আন্দোলনকারীদের সঙ্গে যথাযথ আলোচনা ও স্বচ্ছতা বজায় না রেখে শরীফ স্যার এবং ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে তার ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সংকটময় মুহূর্তে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত। অথচ আন্দোলনরত চুয়েট পরিবারের সদস্যদের মধ্যে যে অবিশ্বাস ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে আরও জটিল করে তুলছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও সম্মিলিত অবস্থানকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করা হলে তা সংকট নিরসনের পরিবর্তে সংকটকে আরও দীর্ঘায়িত করবে।

এছাড়া, প্রফেসর ড. আরাফাত রহমান রানা স্যারের বিরুদ্ধে অতীতেও ক্যাম্পাসে সম্মানিত শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাদের গায়ে হাত তোলার অভিযোগ ও এ-সংক্রান্ত প্রমাণাদি থাকার বিষয়টি আলোচনায় এসেছে। এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এগুলোর নিরপেক্ষ তদন্ত ও যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মান, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য হতে পারে না।

বর্তমান পরিস্থিতিতে তারা স্পষ্টভাবে জানাতে চান, চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি, সম্মিলিত অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থের প্রতি অবজ্ঞা প্রদর্শনের অভিযোগকে তারা কোনোভাবেই হালকাভাবে দেখছেন না। তারা চান, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্তে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত, ন্যায়সংগত দাবি এবং পারস্পরিক সম্মানের প্রতিফলন ঘটুক। কোনো ধরনের গোপনীয়তা, একতরফা পদক্ষেপ কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যেন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ভিন্নমত থাকতে পারে, সেটি আলোচনার মাধ্যমে প্রচেষ্টা চালানো পর্যন্ত তার গণতান্ত্রিক অধিকারের মাঝে পড়ে। কিন্তু তার প্রত্যক্ষ মদদে ক্যাম্পাসের হৃৎপিণ্ড-ভিসি ভবনের মতো জায়গায় যখন চিহ্নিত সন্ত্রাসী ও বহিষ্কৃত সন্ত্রাসী প্রবেশ করে তখন সেটা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সুন্দর পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তার এহেন আচরণ চুয়েটের শিক্ষার্থীসমাজ কখনোই মেনে নিবে না।

উপরোক্ত পরিস্থিতি, আন্দোলনরত শিক্ষার্থীদের গভীর ক্ষোভ এবং তার ভূমিকা নিয়ে সৃষ্ট গুরুতর আস্থার সংকটের পরিপ্রেক্ষিতে প্রফেসর ড. আরাফাত রহমান রানাকে চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে চুয়েট ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে।

তারা পুনরায় স্পষ্ট করে জানাতে চান, চুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা এবং শিক্ষাঙ্গনে জবাবদিহিতা ও সম্মানজনক পরিবেশ প্রতিষ্ঠার প্রশ্নে তাদের অবস্থান সুদৃঢ়। তারা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে দায়িত্বশীল আচরণ, স্বচ্ছতা এবং চলমান সংকটের ন্যায়সংগত সমাধান প্রত্যাশা করছেন।

চুয়েটের স্বার্থ সবার আগে।

শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সম্মিলিত অবস্থান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি, অনিশ্চয়তা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি, অনিশ্চয়তা বাড়ছে

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এই পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে।

আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে পৌঁছায়। একই সময়ে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে দাঁড়ায়।

মঙ্গলবারের লেনদেন শেষে ব্রেন্টের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে নেমে গিয়েছিল। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ১৪ সেন্টে স্থির ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে তেল সরবরাহের ঝুঁকি তৈরি হয়েছে এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা ব্যবসায়ীদের লেনদেনে প্রভাব ফেলছে।

বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালায় হুতিরা। এই হামলায় সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে সংঘাত তীব্র হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে তেলের দাম আরও বাড়তে পারে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়লে জ্বালানি বাজারে সরবরাহের চাপ কিছুটা কমতে পারে।

মোটকথা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং রাশিয়ার জ্বালানি সরবরাহের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বয়স্ক ব্যক্তিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


রাজধানীতে বয়স্ক ব্যক্তিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

রাজধানীর ধানমন্ডিতে রাস্তায় এক বয়স্ক ব্যক্তির মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটিকে ‘মব’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন দাবি উত্থাপন করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি একটি তরুণীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে। অন্যদিকে, মারধরের ঘটনায় জড়িত এক যুবককে খুঁজছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে ১২ অক্টোবর দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকার সাতমসজিদ সড়কে, বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের আশপাশে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক বয়স্ক ব্যক্তি কান ধরে দাঁড়িয়ে আছেন। এ সময় সাদা শার্ট পরা এক যুবক তাকে মারধর করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে।

ঘটনাটি সম্পর্কে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অভিযুক্ত বয়স্ক ব্যক্তির নাম শহীদ আব্দুল্লাহ আল মাসুদ। তার বিরুদ্ধে ২৮ বছর বয়সী এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।

ওসি জানান, ওই ঘটনার পর পথচারীরা অভিযুক্ত ব্যক্তিকে আটকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী তরুণীকে মামলা করার পরামর্শ দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি।

পরে অভিযুক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন বলে জানান ওসি।

এদিকে, ভিডিওতে দেখা যাওয়া সাদা শার্ট পরা যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ওসি বলেন, অভিযোগের কারণে কাউকে মারধর করার অধিকার কারও নেই। ওই যুবক আইন নিজের হাতে তুলে নিয়েছেন।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়া দাবির পাশাপাশি ঘটনাটির প্রকৃত প্রেক্ষাপটও সামনে এসেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, একদিকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে বয়স্ক ব্যক্তির সাজা হয়েছে, অন্যদিকে তাকে মারধরের ঘটনায় জড়িত যুবককে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিশ্ব মান দিবস: ভেজালের বিরুদ্ধে মানের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


আজ বিশ্ব মান দিবস: ভেজালের বিরুদ্ধে মানের অঙ্গীকার

খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য এবং ওজনে কারচুপি—বাজারে এই ধরনের অনিয়মের অভিযোগ নতুন নয়। ক্রেতারা দাম দিয়ে পণ্য কিনলেও নিশ্চিন্ত থাকতে পারছেন না। অতিরিক্ত মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ীর কর্মকাণ্ড মানুষের স্বাস্থ্য ও ভোক্তা অধিকারকে হুমকির মুখে ফেলছে। এই বাস্তবতায় আজ ১৪ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানসম্মত পণ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য।

প্রতিবছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এবছর ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো, ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশেষজ্ঞদের মতে, বাজারের অনিয়ম বন্ধ করতে শুধু অভিযান ও জরিমানা যথেষ্ট নয়। মানহীন ও ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, নিয়মিত পণ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা এবং পরীক্ষার ফলাফল প্রকাশ নিশ্চিত করা জরুরি। পণ্যের মোড়কে লেখা ওজনের সঙ্গে প্রকৃত ওজনের মিল খুঁজে বের করতে হবে। ভেজাল ও ওজনে কারচুপি করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা আবশ্যক।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ব মান দিবস কেবল আনুষ্ঠানিকতার জন্য নয়; এটি নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির একটি উপলক্ষ। পণ্যের মানের ক্ষেত্রে ছাড় দিলে তা শুধু ক্রেতার অর্থের ক্ষতি নয়, বরং স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

এবারের প্রতিপাদ্যে জ্বালানির গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিশ্বের তিনটি প্রধান মান নির্ধারণকারী সংস্থা—আন্তর্জাতিক মান সংস্থা, আন্তর্জাতিক তড়িৎপ্রযুক্তি কমিশন এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন যৌথভাবে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়; উৎপাদিত জ্বালানির প্রতিটি এককের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সপ্তম লক্ষ্য অর্জনে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানিতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মান কার্যকর ভূমিকা রাখছে। উন্নত, টেকসই ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে প্রয়োজন অভিন্ন দৃষ্টিভঙ্গি ও সম্মিলিত উদ্যোগ।

সৌরবিদ্যুতের মান নিশ্চিত করতে ৭৯টি মান প্রণয়ন করা হয়েছে। বিএসটিআই জানিয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সৌর প্যানেল, ইনভার্টার, চার্জ নিয়ন্ত্রক ও ব্যাটারির জন্য এসব মান প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৪ হাজার ৬৩১টি বাংলাদেশি মান প্রণয়ন করেছে।

পণ্যের মান যাচাইয়ের জন্য বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে সৌর প্যানেল পরীক্ষাগার রয়েছে। সেখানে জার্মানির অত্যাধুনিক প্রযুক্তির সূর্যালোক অনুকরণকারী যন্ত্রের সাহায্যে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সৌর প্যানেল পরীক্ষা করা যায়।

প্রতিষ্ঠানটির ভাষ্য, আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে উন্নত আলোর উৎস ও নির্ভুলভাবে যাচাই করা যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পরীক্ষাগারটি সৌর প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান নির্ভরযোগ্যভাবে যাচাই করে।

দিবস উপলক্ষে নানা কর্মসূচি

বিশ্ব মান দিবস উপলক্ষে আজ সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বক্তব্য দেবেন।

বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোতেও আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাধ্যমে বিভিন্ন মুঠোফোনে খুদে বার্তা পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্রচারফলক স্থাপন করা হয়েছে।

বিশ্ব মান দিবসের মূল বার্তা হলো—মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা, ক্রেতার অধিকার রক্ষা করা এবং নিরাপদ ও টেকসই উন্নয়নে মানের গুরুত্ব তুলে ধরা। তবে বাজারে ভেজাল ও ওজনে কারচুপি বন্ধে এসব অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন বড় প্রশ্ন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%