ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান


ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়ার দাবি করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেছেন যে, এসব হামলা পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করেছে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ এ বক্তব্য প্রদানকালে পেজেশকিয়ান এ কথা বলেন।

তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে হামলায় বায়ুমণ্ডলে ছড়িয়েছে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পেজেশকিয়ান অভিযোগ করেন যে, গত ৭ মার্চ ইসরায়েল তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে হামলা চালায়। এরপর ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা করা হয়। তিনি দাবি করেন, এসব হামলা ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের অংশ।

তিনি বলেন, "একদিকে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।" পেজেশকিয়ান উল্লেখ করেন যে, এসব হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ দূষিত পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। ফলে আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষার উদ্যোগ প্রশ্নের মুখে পড়ছে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও তিনি সমালোচনা করেন। তার মতে, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংসের কারণে গাজা এখন মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির সংরক্ষিত প্রাকৃতিক এলাকা এবং পরিবেশ রক্ষায় নিয়োজিত রেঞ্জার স্টেশনগুলোতেও হামলা চালানো হয়েছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

আরও পড়ুন: লিবারম্যান নেতানিয়াহুকে সংসদের অনুমোদন ছাড়া যুদ্ধের সিদ্ধান্ত না নিতে সতর্ক করলেন

পেজেশকিয়ান এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, "ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নথিভুক্ত করতে হবে।" তিনি ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থাও গড়ে তোলার দাবি করেন।

বক্তব্যের শেষে ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি জানান, গত দুই বছরে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।

তার দাবি, ২০২৬ সালে ইরান ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে। এর ফলে বায়ুমণ্ডলে ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হবে।

পেজেশকিয়ান বলেন, "শান্তি ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।" তিনি উল্লেখ করেন যে, পৃথিবীকে রক্ষা করতে হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ১০ গুণ বেশি ভয়াবহ: ইরান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা রক্ষায় ময়লা না ফেলার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


ঢাবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা রক্ষায় ময়লা না ফেলার আহ্বান

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার উদ্দেশ্যে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ বিভিন্ন ধরনের আবর্জনা যত্রতত্র না ফেলার জন্য আহ্বান জানানো হয়েছে।

আজ উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলের একটি মতবিনিময় সভায় এই আহ্বানটি উত্থাপন করা হয়।

ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

সভায় পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় ব্যাপক গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এই প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উল্লেখ করেন, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। তিনি এ সময় প্রত্যেকের নিজ নিজ আঙিনা ব্যক্তিগত উদ্যোগে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হাবিবুল হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, এস্টেট ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এরদোগানের আহ্বান, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অবসানে দ্রুত কূটনীতি শুরু হোক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


এরদোগানের আহ্বান, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অবসানে দ্রুত কূটনীতি শুরু হোক

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনা শুরু করা উচিত, এবং এ ব্যাপারে আর দেরি করা উচিত নয়।

এ তথ্য তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, তুরস্কের আন্তালিয়া প্রদেশে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন এরদোগান।

বৈঠকে এরদোগান ‘আলোচনার টেবিলে ফিরে আসার গুরুত্ব’ তুলে ধরেন এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের সমর্থন অব্যাহত রাখার কথা জানান।

বার্তা সংস্থা এএফপি জানায়, এরদোগান বলেন, ‘সমঝোতায় পৌঁছানোর অভিন্ন ভিত্তি আরও শক্তিশালী ও কূটনীতিকে সুযোগ দিতে হবে।’ তিনি আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

ইরান এই ঘটনার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি, লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ে।

বুধবার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান অভিযোগ করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে।

তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাম্প্রতিক অপরাধমূলক ও অবৈধ আগ্রাসনে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ দূষণকারী পদার্থ ও গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে।’

কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ অবসানে সমঝোতার চেষ্টা চলছে।

তেহরান চায়, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটন তাদের একগুচ্ছ দাবি মেনে নিক। এসব দাবির মধ্যে রয়েছে জব্দ করা সম্পদ অবমুক্ত করা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার।

সংঘাত শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন বাংলাদেশের পূরণ হয়নি। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জুনিয়র টাইগাররা। বাংলাদেশ ব্যাটিং ও বোলিং—দুই ক্ষেত্রেই হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করেছে।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরু থেকেই শক্তিশালী প্রদর্শন করে। দুই ওপেনার হাইম খান ও উসমান খান মিলে গঠন করেন একটি শক্তিশালী জুটি। দুজনই ব্যক্তিগত অর্ধশতক অর্জন করেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রবিউল অনিক। তবে সেটিই ছিল বাংলাদেশের বোলারদের একমাত্র সাফল্য।

পাকিস্তান এরপর আর কোনো উইকেট হারায়নি। তারা সহজেই বাকি পথ পাড়ি দিয়ে জয় নিশ্চিত করে। বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষের ব্যাটারদের ওপর কোনো চাপ সৃষ্টি করতে সক্ষম হননি।

এর আগে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরু থেকেই পাকিস্তানি বোলারদের সামনে বিপাকে পড়ে দলের ব্যাটিং লাইনআপ। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত চাপের মধ্যে পড়ে জুনিয়র টাইগাররা। জারিফ সিয়াম ও কাউসার আহমেদের মতো ব্যাটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ হন।

ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও একমাত্র প্রতিরোধ গড়েন আল মুহি। তিনি ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় বাংলাদেশের বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায়।

আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিমও এদিন ব্যর্থ হন। অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও রান পাননি। ফলে ৩১.৪ ওভারেই বাংলাদেশ মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়।

পাকিস্তানের একপেশে ব্যাটিংয়ের জবাবে ম্যাচটি সহজেই শেষ হয়ে যায়। দুই বিভাগের ব্যর্থতার কারণে বড় ব্যবধানে হার নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অভিযান শেষ করতে হলো বাংলাদেশকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু অর্থায়নের ৫০% অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


জলবায়ু অর্থায়নের ৫০% অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান প্রদান করা উচিত।

প্রধানমন্ত্রী মন্তব্য করেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা উচিত। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায় সহায়তা প্রদান করা জরুরি।

তিনি উল্লেখ করেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন করে ঋণের প্রয়োজন নেই। ঋণ এসব দেশের বোঝা আরও বাড়িয়ে দেয়। বরং তাদের প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে জোরালো সহযোগিতা।

আজ তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখসারিতে রয়েছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।

তিনি বলেন, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যেও সরকার কাজ করছে।

তিনি বলেন, বিশেষ কর প্রণোদনার আওতায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগকেও উৎসাহিত করা হচ্ছে।

সবুজ শিল্পায়নের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি ‘লিড’ সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার সম্প্রসারণ এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে। এ ছাড়া কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করা হচ্ছে।

পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের লক্ষ্য হলো পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। পাশাপাশি উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরায় গড়ে তোলার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো হচ্ছে।

বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান ব্যবস্থা এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতে উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।

কপ-৩১ সম্মেলনের আয়োজক তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি সফল কপ৩১ সম্মেলনের প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে।

প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিই, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%