১১:৫০ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এবং প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের উপস্থিতিতে আজ সচিবালয়ে বাংলাদেশের সাথে যুক্তরাজ্য সরকার এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি দু'টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ঢাকা, ৭ জুলাই, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যুক্তরাজ্য সরকার এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকনির্দেশনায় বাংলাদেশের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, মানবিক প্রস্তুতি জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আজ মঙ্গলবার সচিবালয়ে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকারের মধ্যে স্বাক্ষরিত প্রথম সমঝোতা স্মারকের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এর আওতায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা, জরুরি সাড়া প্রদান কার্যক্রমে সমন্বয়, অনুসন্ধান ও উদ্ধার, জরুরি চিকিৎসা সহায়তা, মানবিক ত্রাণ সরবরাহ ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস, চাহিদা নিরূপণ এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সহযোগিতা জোরদার করা হবে।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সহজতর করা এবং দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধির ভিত্তি তৈরি করবে এ সমঝোতা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং আইআরসির মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এসপিএমওইউ)। যার মাধ্যমে দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জাতীয় সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) এবং আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা, গবেষণা ও উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত অংশীদারিত্ব ও সম্পদ আহরণে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব এমপি বলেন, ‘এই দুটি সমঝোতা আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের আন্তর্জাতিক নেতৃত্বকে আরও সুসংহত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সহনশীলতা অর্জনের লক্ষ্য বাস্তবায়নেও এসব অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সমঝোতা স্মারক দুটিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক এবং আইআরসির অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জুলিও ই র্যাঙ্ক রাইট।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন