বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪১ পি.এম
ময়মনসিংহ সদরের বেগুনবাড়ির স্লুইসগেটে একটি ড্রামের ভিতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে, স্থানীয় এলাকার লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামের ভেতরে মরদেহটি খুঁজে পায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার পর মরদেহটি ড্রামে ভরে ফেলে রাখা হয়েছিল। নিহতের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারের নির্দেশনা অনুসারে, বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন প্রশাসকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে একটি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে অংশগ্রহণ করেছে যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উল্লিখিত সংগঠনগুলোর সদস্যরা তাদের সন্তোষ প্রকাশ করেছেন।
তারা জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
ডেঙ্গু প্রতিরোধে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য হিজলা-গৌরবদী ইউনিয়ন প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং কর্মসূচিতে উপস্থিত সকলের প্রতি যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে।
অন্যদিকে, অভিযানে অংশগ্রহণকারী যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যকেও ধন্যবাদ জানানো হয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ডেঙ্গু প্রতিরোধ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে, এমনটি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করার লক্ষ্যে টাকার মাধ্যমে লেনদেন নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে। এই নির্দেশনার আওতায় বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে কোনো প্রারম্ভিক জমা ছাড়াই ‘টাকা ভস্ট্র অ্যাকাউন্ট’ খোলা এবং পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয় এবং তা দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে আমদানি-রপ্তানি বাণিজ্যকে সহজ করার জন্য বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে টাকা ভস্ট্র অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকবে। এর জন্য কোনো প্রারম্ভিক জমার প্রয়োজন হবে না।
এলসি, চুক্তি ও ইনভয়েস রূপান্তরযোগ্য মুদ্রায় করা গেলেও লেনদেন নিষ্পত্তির সময় তা প্রচলিত বিনিময় হারে টাকায় রূপান্তর করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক বিদেশি অংশীদার ব্যাংকের সঙ্গে ব্যাংকিং নথিপত্রের আদান-প্রদান এবং যোগাযোগকে নিরাপদ, দ্রুত এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশও দিয়েছে।
আমদানিকারকদের স্থানীয় ব্যাংকিং চ্যানেল অথবা সংশ্লিষ্ট ভস্ট্র অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব হিসাবের বিপরীতে ওভারড্রাফট সুবিধাও প্রদান করা হবে।
এদিকে বিদেশি ব্যাংকের ভস্ট্র অ্যাকাউন্টে থাকা উদ্বৃত্ত অর্থ বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সুযোগ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ কিংবা বিদেশে রেমিট্যান্স হিসেবেও ওই অর্থ পাঠানো যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমদানি ও রপ্তানি লেনদেনে আইএমপি ও এক্সপি ফর্মসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এএমএল/সিএফটি ব্যবস্থা এবং গ্রাহকের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কেওয়াইসি নীতি কঠোরভাবে পরিপালন করতে হবে।
এ ছাড়া যেসব দেশের স্থানীয় মুদ্রা অবাধে রূপান্তরযোগ্য নয়, সেসব দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে বিদেশি নস্ট্রো অ্যাকাউন্ট বজায় রেখে লেনদেন নিষ্পত্তি করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনার ফলে টাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের সুযোগ আরও বিস্তৃত হবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: সিনিয়র/সার্ভিস ইঞ্জিনিয়ার (ইয়ামাহা)
লোকবল নিয়োগ: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন এবং অটোমোবাইলের ক্ষেত্রে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতার মধ্যে বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক এবং মাঠপর্যায়ের কাজের জন্য মোটরসাইকেল চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে টি/এ, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে গঠিত গভীর নিম্নচাপটি ক্রমাগত শক্তি অর্জন করে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে বাংলাদেশের দেওয়া নাম ‘অর্ণব’ গ্রহণ করতে পারে।
বর্তমানে নিম্নচাপটি ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। দ্রুতগতিতে উপকূলের দিকে অগ্রসর হওয়া এই সিস্টেমটি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা সমূহে জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে। নদ-নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করেছে ওড়িশা সরকার। খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুল ও শিশু কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপকূলীয় অঞ্চলের জেলে ও সাধারণ জনগণকে সমুদ্রে না যেতে এবং আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের আবহাওয়া দপ্তর ও স্থানীয় প্রশাসন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ