মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং
০৫:৫৮ পি.এম
ধূমপান ও নিকোটিন ব্যবহারের প্রবণতা সাধারণত ছেলেদের মধ্যে বেশি দেখা গেলেও ইলেকট্রনিক সিগারেটের ক্ষেত্রে চিত্রটি পরিবর্তিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি নতুন গবেষণায় প্রকাশিত হয়েছে যে, সমবয়সী ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ভেপিংয়ের হার বেশি। বিশেষ করে ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের মধ্যে নিয়মিত ভেপ ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের মেডিকেল ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার গবেষকেরা। এ বিষয়ে প্রকাশিত গবেষণাপত্রটি চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘জেএএমএ পেডিয়াট্রিকস’-এ প্রকাশিত হয়েছে। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের তামাক ও নিকোটিন ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে।
নিয়মিত ভেপিংয়ে এগিয়ে কিশোরীরা
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ভেপিংয়ের হার বেশি দেখা যাচ্ছে। ১৫ থেকে ১৭ বছর বয়সী মেয়েদের মধ্যে নিয়মিত ভেপ ব্যবহারের হার ২০২১ সালে ছিল ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৮ শতাংশে।
অন্যদিকে, একই বয়সী ছেলেদের মধ্যে ২০২৪ সালে নিয়মিত ভেপ ব্যবহারের হার ছিল ৪ দশমিক ৬ শতাংশ। এর মানে হল, এ বয়সী মেয়েদের মধ্যে নিয়মিত ভেপ ব্যবহারের হার ছেলেদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
গবেষকেরা জানিয়েছেন, এ গবেষণায় নিয়মিত ভেপ ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। কৌতূহলবশত এক-দুবার ভেপ ব্যবহার করেছে, এমন কিশোর-কিশোরীদের এই হিসাবের মধ্যে রাখা হয়নি।
কীভাবে বদলে গেল ভেপিংয়ের চিত্র?
গবেষণায় দেখা গেছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিকোটিন ব্যবহারের ক্ষেত্রে ছেলেরা এগিয়ে ছিল। আবার ১৫ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ভেপিংয়ের হার ছিল ১২ থেকে ১৪ বছর বয়সীদের তুলনায় বেশি।
২০১৮ ও ২০১৯ সালে কিশোর-কিশোরীদের মধ্যে ভেপ ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ সময় ছেলে ও মেয়ে উভয়ের মধ্যেই ভেপিং বাড়ে এবং দুই দলের ব্যবধান কমে আসে।
গবেষকদের মতে, বিভিন্ন স্বাদের ইলেকট্রনিক সিগারেটের জনপ্রিয়তা, সহজে ব্যবহার করার সুবিধা এবং আড়ালে ব্যবহারের সুযোগ এ প্রবণতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।
২০২১ সালে ভেপিংয়ের হার কমলেও পরবর্তী বছরগুলোতে তা আবার বাড়তে শুরু করে। একপর্যায়ে নিয়মিত ভেপ ব্যবহারে মেয়েরা ছেলেদের ছাড়িয়ে যায়। ২০২৪ সালে কিছুটা কমার প্রবণতা দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে মনে করছেন গবেষকেরা।
কিশোরীদের ভেপিং নিয়ে কেন সতর্ক করছেন গবেষকেরা?
যুক্তরাষ্ট্রের মেডিকেল ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার তামাক ব্যবহার বন্ধে চিকিৎসাসেবা কর্মসূচির পরিচালক বেঞ্জামিন টোল বলেন, তরুণদের মধ্যে ভেপিংয়ের সমস্যা এখনো রয়েছে। নতুন পরিসংখ্যান এ বিষয়ে সতর্কবার্তা দিচ্ছে।
গবেষণার প্রধান লেখক ব্র্যান্ডন স্যানফোর্ডও জানিয়েছেন, এ গবেষণার তথ্য নিয়মিত ইলেকট্রনিক সিগারেট ব্যবহারকারী কিশোর-কিশোরীদের নিয়ে। যারা শুধু এক-দুবার ব্যবহার করে দেখেছে, তাদের তথ্য এতে অন্তর্ভুক্ত নয়।
গবেষণার সহলেখক ও ওই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানবিদ নাওমি ব্রাউনস্টেইন সতর্ক করে বলেন, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ভেপিংয়ের হার কমেছে বলে সমস্যাটি দূর হয়ে গেছে, এমনটা ভাবার সুযোগ নেই। তার মতে, মধ্যবিদ্যালয়ে পড়ুয়া অনেক মেয়েও এখনো ভেপ ব্যবহার করছে।
বাংলাদেশের জন্যও কি সতর্কবার্তা?
গবেষণাটি যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের তথ্যের ভিত্তিতে করা হয়েছে। তাই এর ফলাফল সরাসরি বাংলাদেশের কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও একই রকম—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
তবে কম বয়সীদের মধ্যে নিয়মিত নিকোটিন ব্যবহারের প্রবণতা নিয়ে গবেষকদের উদ্বেগ গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে ইলেকট্রনিক সিগারেট ব্যবহারের ধরন, এর প্রতি আকর্ষণ এবং দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা এ গবেষণায় উঠে এসেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রংপুরের বদরগঞ্জে মাদক বিস্তার সংক্রান্ত বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পৌর বিএনপির সভাপতি কমল লোহানী। তিনি একটি অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ওসিকে ‘মাদকের ডিলার’ এবং ‘পৃষ্ঠপোষক’ বলে অভিযোগ করেন।
সোমবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার জামুবাড়ি পকিহানা রেলগেট খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যে পৌর বিএনপির সভাপতি কমল লোহানী উল্লেখ করেন, বদরগঞ্জে মাদকের বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। তিনি দাবি করেন, বর্তমান থানার ওসি মাদকের পৃষ্ঠপোষকতা করছেন এবং এর ফলে এলাকায় মাদকের ছড়াছড়ি বেড়ে গেছে।
তিনি বলেন, "বর্তমান যে ওসি সাহেব, উনি মাদকের ডিলার। উনি বদরগঞ্জে মাদকের পৃষ্ঠপোষক। উনার কারণেই মাদক বেড়ে গেছে।"
অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার লোহানী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে ওসির বিরুদ্ধে দেওয়া বক্তব্য নিয়ে জানতে চাইলে কমল লোহানী বলেন, "মাদক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। হাতে গোনা যে দু-একটি অভিযান হচ্ছে, তাও রংপুর থেকে এসে করা হচ্ছে। এসবের বিরুদ্ধে ওসির কোনো অবস্থান নেই।"
তার অভিযোগ, আওয়ামী লীগের আমলে যারা মাদক ব্যবসায় যুক্ত ছিলেন, তারা এখন মাসোহারা দিয়ে মাদক বিক্রি করছেন।
কমল লোহানী আরও বলেন, "ওসির বিরুদ্ধে আমার ব্যক্তিগত ক্ষোভ নেই, তিনি আমার শত্রুও নন। বদরগঞ্জে আমার বাড়ি, আমি চাই বদরগঞ্জ ভালো থাকুক।"
তিনি দাবি করেন, "ওসির বিরুদ্ধে তদন্ত করলে আরও অনেক বিষয় বেরিয়ে আসবে।"
পৌর বিএনপি সভাপতির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, "রাজনৈতিক নেতারা কে কী বলবেন, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে পুলিশ তার দায়িত্বের জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।"
ওসি বলেন, "আমরা আমাদের জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার আছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই নীতির আলোকে পুলিশও মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি থাকা উচিত নয়।"
ওসি হাসান জাহিদ সরকার জানান, "কমল লোহানীর সঙ্গে তার সম্পর্ক ভালোই। তাই তার অভিযোগ শুনে নিজেও ‘হতভম্ব’ হয়েছেন।"
ঊল্লেখ্য, তার বক্তব্যের পর মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা এবং ওসির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চেসি ত্রিপুরা পূজার দাওয়াত খেয়ে ফেরার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।
চেসি ত্রিপুরার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত এয়ার এম্বুলেন্সের মাধ্যমে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) চেসি তার এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিতে করে ক্যাম্পাসে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক সিএনজিতে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় চেসি গুরুতর আহত হন এবং প্রথমে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানিয়েছেন, "তার চিকিৎসার জন্য যা সহযোগিতা প্রয়োজন সবকিছুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আখচাষিদের জন্য প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই অনুষ্ঠানে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ডিজিটাল বোতাম চেপে তিনি একযোগে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রী বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান। সেখানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাকে স্বাগত জানান।
জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই ধারে দাঁড়িয়ে হাজারো মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
রাজশাহীর কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশগ্রহণ করেন এবং পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে, এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
দুপুর ২টার সময় স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিছু মিনিটের মধ্যেই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন আগুন লাগার খবর অস্বীকার করেছেন। তিনি জানান, সেখানে আগুন লাগেনি, বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে ধোঁয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ