ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যা, দেবরকে ১০ বছরের কারাদণ্ড


পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যা, দেবরকে ১০ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের কারণে ভাবি ও ভাতিজাকে হত্যা করার অভিযোগে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ৪ টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. কে. এম. তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন।

২০২০ সালের জানুয়ারি মাসে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মামলার এজাহার অনুযায়ী, আসামি সোলাইমান হোসেনের সঙ্গে তার ভাবি পারভীনের একটি পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে পারভীন সোলাইমানকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে পারভীনের ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনার সাক্ষী হয়ে ওঠায় পারভীনের শিশু সন্তান ভাতিজা আব্দুন নূরকেও হত্যা করে সোলাইমান।

এই ঘটনার পর পুলিশ দেবর সোলাইমান হোসেনকে গ্রেপ্তার করে এবং তিনি ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পি পি আ. ফ. ম. নুরতাজ আলম দীর্ঘ ছয় বছর পর মামলার এই রায় ঘোষণার পর অসন্তোষ প্রকাশ করে বলেন, "দোষীর জন্য এই সাজা অপর্যাপ্ত।" তিনি আরও জানান, বাদীপক্ষ এই রায়ে মোটেও খুশি নয় এবং উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা রয়েছে।

অপরদিকে, আসামির পক্ষের আইনজীবী মাহবুবুল ইসলাম মন্তব্য করেন, "মামলার আইও এর তদন্তের উপরে যথেষ্ট সন্দেহ রয়েছে, এখানে ন্যায় বিচার হয়নি।" তিনি জানান, যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে, সেই ছুরির ফরেনসিক টেস্টের ফল আদালতে উপস্থাপন করা হয়নি। তাই এই রায়ে তিনি সংক্ষুব্ধ এবং ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শৈশবের স্মৃতি স্মরণ করে বলেছেন, মা-বাবা ও ছোট ভাইকে নিয়ে তিন দিনের পারিবারিক সফরে সুন্দরবনে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের পায়ের তাজা ছাপ দেখেছিলেন তিনি, যা এখনও তার মনে পড়ে।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ পর্বে শিশুদের প্রশ্নের জবাব দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এক শিশু প্রধানমন্ত্রীর শৈশবের প্রিয় স্মৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার তাকে, তার ছোট ভাই ও তাদের মা বেগম খালেদা জিয়াকে নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘সুন্দরবনে আমরা হিরণ পয়েন্ট নামের একটি জায়গায় নেমেছিলাম, যেটি ছোট একটি দ্বীপের মতো। সেখানে একটি পুকুর ছিল। ওখানকার লোকজন আমাদের বলেছিলেন, আগের রাতে একটি বাঘ পানি খেতে পুকুরে এসেছিল। পুকুরের পাশের কাদায় রয়েল বেঙ্গল টাইগারের একেবারে তাজা পায়ের ছাপ ছিল। সেই স্মৃতি এখনও মনে পড়ে।’

শৈশবে বড় হয়ে কী হওয়ার স্বপ্ন দেখতেন—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ওই বয়সে তার নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না।

তিনি বলেন, ‘সত্যি বলতে, তখন আমার আসলে কোনো স্বপ্ন ছিল না। তোমাদের মতো ছোট থাকাকালে শুধু ভাবতাম, বড় হয়ে সব খেলনা কিনে নেব।’

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের তাদের সক্ষমতা বিকাশের সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, কোরআন তিলাওয়াত, খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে।

তারেক রহমান বলেন, ‘তোমাদের শুধু লেখাপড়া করলেই হবে না। পাশাপাশি তোমাদের মধ্যে থাকা অন্যান্য গুণ ও প্রতিভা বিকাশের এবং সেগুলো চর্চা ও প্রকাশের সুযোগও থাকতে হবে।’

প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, শিশুরা শিক্ষা, বিজ্ঞান মেলা, খেলাধুলা ও অন্যান্য উপকারী কাজে প্রযুক্তি ব্যবহার করতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো এড়িয়ে চলা উচিত।

একপর্যায়ে শিশুদের করা প্রশ্নের ধরন দেখে প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, কিছু প্রশ্ন হয়তো বড়রা তৈরি করে দিয়েছেন। তিনি শিশুদের মনে আসা যেকোনো প্রশ্ন করতে উৎসাহ দেন।

কোন কোন স্কুলে পড়েছেন—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তিনি দুটি স্কুলে পড়াশোনা করেছেন—শাহীন স্কুল ও ল্যাবরেটরি স্কুল।

খেলার মাঠ ও ইনডোর স্টেডিয়াম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার প্রতিটি ইউনিয়ন বা উপজেলায় শিশুদের খেলাধুলার জন্য খোলা মাঠ তৈরির পরিকল্পনা করছে। তবে সব জায়গায় স্টেডিয়াম নির্মাণ ব্যয়বহুল হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এসব খোলা জায়গা অভিভাবকরাও হাঁটাচলা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ব্যবহার করতে পারবেন।

শিশুদের সাংস্কৃতিক ও অন্যান্য আন্তর্জাতিক বিনিময়ে অংশগ্রহণ বাড়ানোর আগ্রহের কথাও জানান তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক শিল্প প্রতিযোগিতা, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনে বাংলাদেশের শিশুরা ভালো করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে খেলাধুলা, বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও গণিত প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা যাতে ভালো ফলাফল নিয়ে দেশে ফিরতে পারে, সে জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিতে চায়।

শৈশবে সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

শিশু অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর

পথশিশু ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা ও অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী স্বীকার করেন, লাখ লাখ শিশু এখনও মৌলিক শিক্ষা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

সরকার ধীরে ধীরে এসব শিশুর কাছে শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘এতে সময় লাগবে, কিন্তু ইনশাআল্লাহ আমরা পারব।’

শারীরিক বা মানসিক প্রতিবন্ধিতা রয়েছে—এমন শিশুদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সীমিত এবং সরকার সেগুলো সম্প্রসারণ করতে চায়।

তিনি জানান, সরকার আরও স্কুল ও সুযোগ-সুবিধা তৈরি এবং প্রয়োজনীয় শিক্ষক ও প্রশিক্ষক গড়ে তোলার পরিকল্পনা করছে। প্রয়োজনীয় বিশেষায়িত অবকাঠামো ও জনবল তৈরি করতে হবে। তাই এ প্রক্রিয়ায় সময় লাগবে।

তিনি আরও বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। ধীরে ধীরে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিশুদের মতামত নেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি মাঝে মাঝে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত শিশুদের চেয়ে বয়সে বড় হলেও প্রধানমন্ত্রীর তুলনায় অনেক ছোট।

তিনি বলেন, জাইমা কখনও কখনও তার বয়সী ও তার চেয়ে ছোটদের চিন্তাভাবনা সম্পর্কে তাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারেন, যা শিশুদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

বিশেষ এই দিনে শিশুদের উদ্দেশে তার বার্তা কী—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ।

তিনি আরও বলেন, ‘তোমরা কখনও টেলিভিশনে বা কোনো ভিডিওতে কোনো সুন্দর দেশ দেখে নিশ্চয়ই চিন্তা করো, বাংলাদেশটা যদি এমন হতো। অবশ্যই বাংলাদেশকে এমন করা সম্ভব। তোমরা সবাই যদি একসঙ্গে সিদ্ধান্ত নাও, তোমরা বাংলাদেশকে এমন একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবে, তাহলে এটা সম্ভব।’

প্রধানমন্ত্রী শিশুদের নিজেদের সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আজকের শিশুরা নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ বাংলাদেশ আরও ভালোভাবে গড়ে তোলা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানও এ প্রশ্নোত্তর পর্বে যোগ দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও শিশুদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজবাড়ী, টাঙ্গাইল, দিনাজপুর, খাগড়াছড়ি, খুলনা, সিলেটসহ বিভিন্ন এলাকার শিশুরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করে এবং তিনি জবাব দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০২১ সালের ১৩ জানুয়ারি বালিয়াকান্দি থানায় মামলা করেন তার স্ত্রী খোদেজা বেগম। মামলায় উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মেয়ের বয়স ঘটনার সময় ১৬ থেকে ১৭ বছর ছিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ১২ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মায়ের অনুপস্থিতিতে আসামি তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। এছাড়া, বিভিন্ন সময়ে মেয়েকে ধর্ষণের অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে ভুক্তভোগী, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্তকারী পুলিশ কর্মকর্তাসহ মোট ৯ জন সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণ ও মেডিকেল প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন।

এছাড়া, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৫ ধারা অনুযায়ী ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আসামির বর্তমান সম্পদ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তার অর্জিত সম্পদ থেকে তা আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহিদ উদ্দিন মোল্লা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আনিছুর রহমান।

তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহিদ উদ্দিন মোল্লা এসব বিষয় নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, উদ্বেগ বাড়ছে সরকারি ঋণ নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, উদ্বেগ বাড়ছে সরকারি ঋণ নিয়ে

মার্কিন ডলারের মূল্য ও ট্রেজারি বন্ডের ইয়েল্ড কমার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বর মাসের বৈঠকের কার্যবিবরণীর দিকে নজর রাখছেন। এতে সুদের হার সম্পর্কে ফেডের পরবর্তী অবস্থানের বিষয়ে নতুন ইঙ্গিত পাওয়ার আশা করছেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টা ৯ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৫৫ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের গোল্ড ফিউচারও ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮২ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ মন্তব্য করেন, ফ্রান্সের বন্ডবাজারে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বাজার নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে সোনার নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

সোমবার দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়েল্ড কিছুটা কমেছে। একই সময়ে এক বছরের সর্বোচ্চ পর্যায় থেকে ডলারের দামও কমে গেছে। ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়ে উঠেছে।

ইউরোজোনের বিভিন্ন দেশে সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং বাজেট ঘাটতি বাড়ানোর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফ্রান্সের পরিস্থিতির কারণে দেশটির সরকারি বন্ডের ইয়েল্ড বেড়েছে।

এখন বিনিয়োগকারীরা বুধবার প্রকাশ হতে যাওয়া ফেডারেল ওপেন মার্কেট কমিটির সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর দিকে নজর দিচ্ছেন। চলতি বছরে আরও সুদের হার বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে এতে ধারণা পাওয়া যেতে পারে।

সেপ্টেম্বরে প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান বৃদ্ধির তথ্য প্রকাশ হওয়ার পর চলতি মাসে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশা কমেছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ২২ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৮৪ শতাংশ ধরে নিয়ে বাজারে লেনদেন চলছে।

সাধারণত উচ্চ সুদের হারের পরিবেশে সুদ না দেওয়া সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। কারণ তখন বিনিয়োগকারীরা সুদ পাওয়া সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।

এদিকে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল থাকার কারণে এবং জি-৭ জোটের জরুরি মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্তের ফলে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে তেলের দাম কমেছে।

তবে স্বল্পমেয়াদে কিছুটা চাপ থাকলেও স্বর্ণের বাজারে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের মাধ্যমে বিনিয়োগ এবং ব্যক্তিগত বিনিয়োগকারীদের চাহিদা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন টিডি সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা এক নোটে বলেছেন, ২০২৭ সালে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারের ওপরে উঠবে বলে তারা মনে করছেন।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬১ দশমিক ০১ ডলারে রয়েছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৬৮৭ দশমিক ৭০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ১৬০ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ আন্তর্জাতিক ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অর্জন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ আন্তর্জাতিক ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অর্জন করেছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এই স্বীকৃতি সর্বোচ্চ ছয় বছরের জন্য দেওয়া হয়েছে দুই বিভাগের জন্য।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিএইটিই এর পর্যবেক্ষণ দল যন্ত্রকৌশল ও ইটিই বিভাগের ল্যাবরেটরি এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা, কারিকুলাম, শিক্ষকদের গবেষণা কার্যক্রম, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছে। পরবর্তীতে সেক্টোরাল কমিটির বৈঠকে এই মূল্যায়নের ভিত্তিতে দুই বিভাগকে পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই স্বীকৃতির ফলে রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগের স্নাতক শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রকৌশল শিক্ষার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০২৪ সালে বিএইটিই আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্সের (আইএই) ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণাঙ্গ সিগনেটরি সদস্য হওয়ার ফলে এই অ্যাক্রেডিটেশনের আন্তর্জাতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তবে, ছয় বছরের স্বীকৃতি পেলেও নির্ধারিত সময়ের মাঝামাঝি অর্থাৎ তিন বছর পর নিয়ম অনুযায়ী পুনর্মূল্যায়ন অনুষ্ঠিত হবে।

ওয়াশিংটন অ্যাকর্ডের অধীনে স্বীকৃত অ্যাক্রেডিটেশন শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে প্রকৌশল শিক্ষার মানের স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি করে। এর ফলে রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগের গ্র্যাজুয়েটরা ওয়াশিংটন অ্যাকর্ডের সদস্য দেশগুলোতে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে তাদের প্রকৌশল ডিগ্রির স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা, বিভিন্ন স্কলারশিপ ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক প্রকৌশল প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সম্ভাবনাও বাড়বে।

যন্ত্রকৌশল ও ইটিই বিভাগের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন রুয়েট প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এ অ্যাক্রেডিটেশন রুয়েটের একাডেমিক ও গবেষণার মানোন্নয়নের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। একইসঙ্গে, এটি দুই বিভাগের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%