ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী


জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এবং প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো তুলে ধরবেন। তাঁর ভাষণে দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পাবে।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। এই ভাষণে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাষণের মূল বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা, তরুণ ও নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির সমতাভিত্তিক ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তুলে ধরবেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পররাষ্ট্র সচিব বলেন, "এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তারেক রহমানের এটিই প্রথম অংশগ্রহণ।" একই সঙ্গে আন্তর্জাতিক এই সর্বোচ্চ মঞ্চে বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পথচলা তুলে ধরার প্রথম সুযোগও।

তিনি আরও জানান, সাধারণ অধিবেশনে ভাষণের পাশাপাশি প্রধানমন্ত্রী দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি নতুন করে আকর্ষণ করবেন। সংকট সমাধানের লক্ষ্যে তিনি বিশ্বব্যাপী জোরালো সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করবেন।

এ উদ্দেশ্যে আগামী ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এক সাইড ইভেন্টে যোগ দেবেন তিনি। সেখানে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন।

তিনি আরও বলেন, বিশ্বনেতাদের এই সম্মেলনে সংকটের ভয়াবহতা ও নানা চ্যালেঞ্জ আবারও তুলে ধরবে বাংলাদেশ। সিয়াম বলেন, "রোহিঙ্গা সংকটের ব্যাপকতা, এর ফলে তৈরি হওয়া চ্যালেঞ্জ এবং বাংলাদেশের কী ধরনের আন্তর্জাতিক সাহায্য ও সহযোগিতা প্রয়োজন, তা আমরা বিশ্ব দরবারে আবারও পেশ করব।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বাংলাদেশ সবসময় বলে আসছে, স্বেচ্ছায়, নিরাপদ, সম্মানজনক ও টেকসই উপায়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান।

প্রধানমন্ত্রীর এই সফরে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও বড় অগ্রাধিকার পাবে। এই ক্ষেত্রে বিশ্বজুড়ে আরও কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ।

আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

পরের দিন তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে তৈরি হওয়া অস্তিত্বের ঝুঁকি সংক্রান্ত আরেকটি উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন। জলবায়ুসংক্রান্ত এসব বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর উদ্বেগ তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি পূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের ওপর তিনি জোর দেবেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

সাধারণ পরিষদের ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলোতে বাংলাদেশের অগ্রাধিকার স্পষ্ট করবেন তিনি। পাশাপাশি তরুণ ও নারী ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানাবেন।

বর্তমানে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের জন্য বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারকেও গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বরে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক আরেকটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ সময় তিনি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নতুন সরকারের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন এবং স্বাস্থ্যসেবায় দক্ষ ও প্রশিক্ষিত ধাত্রীসেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করবেন।

আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর এই সফরে জাতিসংঘের মূল কর্মসূচিগুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এর বাইরে দ্বিপক্ষীয় ও অন্যান্য বৈঠকের সময়সূচি পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তিনি আরও জানান, সাধারণ অধিবেশনের ফাঁকে কুয়েতের ক্রাউনপ্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান।

এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে।

পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা ও ওয়াল স্ট্রিটসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষ করে আগামী ২৫ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়

ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো ও কানাডার সাবেক হকি গোলকিপার মিকাইলা ডেমাইটার।

মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে পরশু রাতে দেখা যায় ডি শ্যামবো ও মিকাইলাকে। হোয়াইট হাউসে ফেরার পর মেরিন ওয়ান থেকে তাদের নামতেও দেখা যায়। হেলিকপ্টারের ভেতরে ট্রাম্পের পাশেও তাদের উপস্থিতি ছিল।

২৬ বছর বয়সী মিকাইলা ডেমাইটার কানাডার সাবেক হকি গোলকিপার। তার হকি ক্যারিয়ার খুব দীর্ঘ ছিল না। মাত্র ১৯ বছর বয়সে চোটের কারণে খেলা ছেড়ে মডেলিংয়ে প্রবেশ করেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ।

এদিকে, ডি শ্যামবো ও মিকাইলার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় গত মাসে। মার্কিন বিনোদন সাময়িকী ইউএস উইকলি জানিয়েছে, দুজন সম্পর্কে জড়িয়েছেন। যদিও সম্পর্কটি নতুন, তবে তারা বেশ সুখী সময় কাটাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, দুইবারের ইউএস ওপেনজয়ী ব্রাইসন ডি শ্যামবোকে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবেও দেখা যায়। ২০২৪ সালে ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে ট্রাম্প কেন ক্যাম্প ডেভিড সফর এক দিন আগেই শেষ করে হোয়াইট হাউসে ফিরলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি হোয়াইট হাউস।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে সম্ভাব্য পরিস্থিতির অবনতির বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সতর্কতায় ওই অঞ্চলে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ট্রাম্পের আকস্মিক প্রত্যাবর্তনের সঙ্গে ওই নিরাপত্তা সতর্কতার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রেপ্তার তিন চোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


মোহাম্মদপুরে চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রেপ্তার তিন চোর

মোহাম্মদপুরে একটি দোকানে নতুন ৫০০ ও ২০০ টাকার নোটে কেনাকাটা এবং বন্ধক রাখা মোবাইল ফোন ছাড়িয়ে নেওয়ার তথ্যের ভিত্তিতে পুলিশ একটি চক্রকে শনাক্ত করেছে। এই চক্রটি টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চুরির ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় চোরাই টাকায় কেনা একটি নতুন অটোরিকশা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ডিএমপি জানায়, গত ২৪ জুলাই রাত ১১টা থেকে ২৫ জুলাই ভোর ৫টার মধ্যে মোহাম্মদপুর থানাধীন চানমিয়া হাউজিংয়ের রোড নম্বর ৩-এ অবস্থিত একটি বাসার নিচতলায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার পেছনের গ্রিল কেটে ভেতরে ঢুকে গৃহকর্তা গোলাম মোস্তফার নগদ ১৫ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১৪ আনা ওজনের ২টি স্বর্ণের চেইন, ৬ আনা ওজনের ২টি আংটি, ৪ আনা ওজনের ২টি কানের দুল ও ৮ আনা ওজনের ২টি বালাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়।

ঘটনার পর তদন্ত কর্মকর্তা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে এক জোড়া কালো রঙের টাইপযুক্ত স্যান্ডেল উদ্ধার করা হয়। চোরেরা পেছনের পথ ব্যবহার করায় প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে বিভিন্ন গোপন উৎসের মাধ্যমে পুলিশ জানতে পারে, ঘটনার পরদিন সকালে সানি, রাসেল ও সুমন নামে তিনজনকে প্রচুর নতুন টাকা নিয়ে ঘোরাঘুরি করতে এবং স্থানীয় দোকানে খরচ করতে দেখা যায়। তাদের একজন দোকানদারের কাছে বন্ধক থাকা মোবাইল ৫০০ ও ২০০ টাকার নোট দিয়ে ছাড়িয়ে নেওয়ার পাশাপাশি বকশিশও দেয়।

এই তথ্যের ভিত্তিতে ঢাকা, বরিশাল ও ভোলাসহ বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর প্রথমে সুমনকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জবানবন্দিতে সুমন জানায়, মানিককে মূল পরিকল্পনাকারী করে তারা চারজন—সুমন, রাসেল, সানি ও মানিক—মিলে চুরির ঘটনা ঘটায়। মানিক বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে থাকায় তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করা হয়েছে।

সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে পলাতক অপর দুই আসামি রাসেল ও সানিকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির কথা স্বীকার করে জানায়, চুরি করা টাকা তারা সাড়ে চার লাখ টাকা করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পরে সেই টাকা দিয়ে ঘরের আসবাবপত্র কেনা, জুয়া খেলা ও মাদক সেবনে খরচ করে। আসামি রাসেল চুরির টাকায় একটি নতুন অটোরিকশা তৈরি করে, যা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

চুরি হওয়া স্বর্ণালংকার কোন দোকানে বিক্রি করা হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যাহত রয়েছে। বাকি মালামালও উদ্ধারে কাজ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ব্রাজিল অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ব্রাজিল অস্ট্রেলিয়ায়

২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য নতুন একটি পর্ব শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুইটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই উপলক্ষে, ব্রিসবেনে ধাপে ধাপে খেলোয়াড়দের জড়ো হওয়ার প্রক্রিয়া চলছে। তবে, লজিস্টিক সমস্যার কারণে বুধবারের আগে পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন না আনচেলত্তি।

গ্লোবো এস্পোর্তের রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পাঁচ দিনের মধ্যে ধাপে ধাপে খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় পৌঁছানোর ব্যবস্থা করেছে। শনিবার, গ্রেমিওর তরুণ গোলরক্ষক গ্যাব্রিয়েল মেনেগন ব্রিসবেনে পৌঁছান। তাকে দলের অনুশীলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই দিনে, ব্রাজিলের কোচিং স্টাফও অস্ট্রেলিয়ায় পৌঁছান।

রোববার, ব্রিসবেনে যোগ দেন ডগলাস সান্তোস ও এস্তেভাও। তবে সোমবার সকালে ব্রুনো গিমারায়েস এবং গ্যাব্রিয়েল মাগালহায়েসের যাত্রায় সমস্যা হয়। ঘন কুয়াশার কারণে তাদের বিমান ব্রিসবেনে অবতরণ করতে না পেরে সিডনিতে নামতে বাধ্য হয়। পরে, তারা ব্রিসবেনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সবকিছু ঠিক থাকলে, বিকেলের জিম সেশনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে এই দুই খেলোয়াড়ের।

সোমবার, ব্রিসবেনে পৌঁছানোর কথা জাইর ও রাফিনহার। মঙ্গলবার, দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আরও ১৭ খেলোয়াড়ের, যাদের মধ্যে রয়েছেন রায়ান, ভিতোর রেইস, দানিলো, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, পেদ্রো মোরাইশ, আন্দ্রে সান্তোস, মারকিনিওস, এন্দ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, মার্টিনেল্লি, বিদন, দগলাস লুইজ, হুগো সুজা, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, পেদ্রো ও সামুয়েল লিনোর।

সবশেষে, বুধবার অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কথা ওতাভিও, আর্তুর দিয়াস ও ভান্দেরসনের। ফলে, প্রথম ম্যাচের আগে পুরো স্কোয়াড নিয়ে সর্বোচ্চ দুটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন পরিচালনা করার সুযোগ পাবেন আনচেলত্তি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচটি শুক্রবার, ব্রাজিল সময় সকাল ৭টায় টাউনসভিলে অনুষ্ঠিত হবে। এরপর, ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

অস্ট্রেলিয়া সফর শেষে, ব্রাজিলের পরবর্তী গন্তব্য হবে ভারত। আগামী ৩ অক্টোবর কলকাতায় স্বাগতিক ভারতের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


রিজভী: অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম

বিশ্ববাজারে বিভিন্ন অস্থিরতার পরেও, রিজভী দাবি করেছেন যে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং ভূরাজনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর ফলে বাংলাদেশেও নেতিবাচক প্রভাব পড়েছে। তবে, পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে। ফলে, বারবার মূল্য সমন্বয়ের পরেও সরকারের বড় অঙ্কের লোকসান বহন করতে হচ্ছে।

রাজনীতি এবং দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রিজভী অভিযোগ করেছেন যে, একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সুনির্দিষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সামাজিক উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। অগ্নিকাণ্ড এবং নাশকতা ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পেছনে পরাজিত কোনো শক্তি কলকাঠি নাড়ছে কিনা, তা নিয়ে দেশের সচেতন নাগরিক এবং রাজনৈতিক মহলে গভীর সংশয় তৈরি হয়েছে।

তিনি আরও জানান, সরকারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি শক্তিশালী করার অংশ হিসেবে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো মাঠপর্যায়ে কার্যক্রম বৃদ্ধি করবে। একই সঙ্গে, জ্বালানি সংকট সমাধানে বিরোধীদের কাছ থেকে গঠনমূলক এবং বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%