০৮:১৫ পি.এম
সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ প্রায় ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টার কিছু পরে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৯টি বগি উদ্ধার করার পর রেল চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে যাওয়ার কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় প্রবেশ করার পর এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, ট্রেনটির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন এগিয়ে যায়। পেছনের নয়টি বগি মাগুরছড়া এলাকায় আটকা পড়ে। কয়েক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পেরে ট্রেনটি পেছনে নেওয়া হয়। এরপর সংযোগ হুক মেরামতের কাজ শুরু হয়।
শিপলু আরও বলেন, প্রায় তিন ঘণ্টা কাজ শেষে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে হুক লাগানো সম্ভব হয়। পরে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের দিকে যাত্রা করে। শ্রীমঙ্গলে পৌঁছানোর পর আরও কিছু কাজ করা হবে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ার কারণে ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় বলেন, লাউয়াছড়ায় ট্রেন আটকা পড়ার কারণে ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হন। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন