০৬:৪৯ পি.এম
গাজীপুরের কালীগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইশিন ফুডস কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সংক্রান্ত ঘটনায়, ল্যাব রিপোর্ট ছাড়াই রুটি উৎপাদন ও বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার, উপজেলার নাগরী এলাকার নাগরভোলায় অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত রুটির মেয়াদ ২০ দিন থেকে এক মাস পর্যন্ত নির্ধারণ করা হলেও, দীর্ঘ মেয়াদ থাকার পক্ষে কোনো ল্যাব রিপোর্ট তারা দেখাতে পারেননি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ ছাড়া, প্রতিষ্ঠানটির কাছে থাকা বিএসটিআই’র লাইসেন্সের সঙ্গে উৎপাদিত রুটির উপকরণের মিল পাওয়া যায়নি। লাইসেন্স নেওয়া রুটি উৎপাদনের পরিবর্তে ভিন্ন ধরনের রুটি তাদের দ্বারা উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
রুটির ভেতরে ব্যবহৃত জ্যামের ফিলিংসের উপকরণ সম্পর্কে সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারেননি সংশ্লিষ্ট কাউকে। জানা গেছে, এই জ্যাম ফিলিংসের কোনো বিএসটিআই অনুমোদনও নেই। এছাড়াও, কারখানায় ব্যবহৃত সমস্ত উপকরণ ও নির্দেশনা চীনা ভাষায় লেখা ছিল, যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সঙ্গে সাংঘর্ষিক।
অভিযানকালে প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও পাওয়া যায়নি। বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাজীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়ার উপস্থিতিতে, দীর্ঘ সময় নথিপত্র যাচাই-বাছাই শেষে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ও ৩৮ ধারায় লঙ্ঘনের জন্য প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। পরে প্রতিষ্ঠানটি জরিমানার পুরো অর্থ পরিশোধ করে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন