সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০২ পি.এম
ঢাকাতে কেনাকাটার জন্য প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে, মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনটি দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
যেসব এলাকার মার্কেট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনটি যদি আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় চালু না হয়, তাহলে দেশটির রপ্তানিযোগ্য তেলের মজুত সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এক ধাক্কায় প্রায় ৪ শতাংশ কমে যেতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বাজারের তেল ব্যবসায়ী ও ক্রেতারা। রিপোর্টটি রয়টার্সের।
মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতি মারাত্মক আকার ধারণ করেছে। সৌদি আরব, যা বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ, থেকে সরবরাহ আরও কমে গেলে এই সংকট আরও তীব্র হবে।
১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি ব্যবহার করে সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠাত। তবে সাম্প্রতিক ক্ষতির কারণে পাইপলাইনটি বন্ধ হয়ে পড়ায় ইয়ানবু বন্দরে বর্তমানে মাত্র পাঁচ থেকে সাত দিনের রপ্তানি চালিয়ে যাওয়ার মতো তেল অবশিষ্ট রয়েছে। শিল্পখাতের তথ্যমতে, লোহিত সাগর ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের মিসরের আইন সুখনা ও সিদি কেরির বন্দরে সৌদির কিছু তেল মজুত থাকলেও পাইপলাইন সচল না হলে তা দ্রুতই ফুরিয়ে যাবে।
রয়টার্স জানাচ্ছে, পাইপলাইনটির ক্ষয়ক্ষতি মেরামতের সময়সীমা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। একটি সূত্রের মতে, মেরামতের কাজ সম্পন্ন হতে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তবে অন্য একটি সূত্রের দাবি, এর আগেই আংশিকভাবে হলেও পাইপলাইনে তেল সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে। এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, সামুদ্রিক রুট অবরুদ্ধ হওয়া ও অবকাঠামোগত ক্ষতির কারণে গত আগস্ট মাসে সৌদি আরবের তেল সরবরাহ গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুদ্ধ শুরুর পূর্বে গত ফেব্রুয়ারিতে সৌদির দৈনিক উৎপাদন ১০৯ লাখ ব্যারেল থাকলেও আগস্টে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬২ লাখ ব্যারেলে। সার্বিকভাবে বিশ্ববাজারে এ বছর প্রতিদিন প্রায় ৫৭ লাখ ব্যারেল বা ৬ শতাংশ তেলের ঘাটতি তৈরি হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় গাঁজা চাষের সন্ধান পুলিশ পেয়েছে। অভিযান পরিচালনা করে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশের তথ্যমতে, ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদা ক্ষেত থেকে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাছ দুটির মধ্যে একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ওজন প্রায় ৮ কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব পুলিশকে জানান, গত ৬-৭ মাস ধরে নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অভিযোগে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষের ঘটনা এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে জন্য সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সুটকেস ও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত ও অর্ধগলিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে সংস্থাটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে।
নিহত নারীর নাম ডলি আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার পাহাড়পাবিজান গ্রামের বাদশা মিয়ার মেয়ে। জীবিকার তাগিদে গাজীপুরে এসে তিনি বাঘের বাজার এলাকার গোল্ডেন রিপিট গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
পিবিআই সূত্রে জানা গেছে, তদন্তে ডলি আক্তারের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনাও বেরিয়ে এসেছে। প্রাথমিক তদন্তে পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, ডলি আক্তারকে হত্যার নেপথ্যে কারা জড়িত, কীভাবে তাকে হত্যা করা হয় এবং হত্যার পর কীভাবে মরদেহ খণ্ডিত করে সুটকেস ও বস্তায় ভরে ঘটনাস্থলে ফেলে রাখা হয় এসব বিষয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পিবিআই।
এদিকে, হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য জানাতে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ফকিরা গার্মেন্টস-সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশে কালভার্টের নিচে একটি কালো রঙের সুটকেস দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেসটি খুলে এক নারীর দ্বিখণ্ডিত ও অর্ধগলিত মরদেহের একটি অংশ উদ্ধার করে। পরে আশপাশে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহের অপর অংশও উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকেই মরদেহের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্তে নামে পুলিশ। পরে পিবিআইয়ের তদন্তে নিহত নারীর পরিচয় এবং হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য বেরিয়ে আসে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আঞ্চলিক স্থিতিশীলতা এবং সম্ভাব্য চুক্তি নিয়ে ওমানে অনুষ্ঠিতব্য ইরান ও উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ আলোচনা স্থগিত করা হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সর্বসম্মত ‘ঐকমত্যের স্বার্থে’ বৈঠকটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়েছেন, এই সিদ্ধান্তটি উপসাগরীয় অঞ্চলের কয়েকটি প্রতিবেশী দেশের অনুরোধের ভিত্তিতে নেওয়া হয়েছে। মূলত তেহরান ও মাসকাটের যৌথ আলোচনার ফলস্বরূপ এই বৈঠক স্থগিতের পদক্ষেপ গ্রহণ করা হয়।
এদিকে, সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকাটে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য রাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের উপস্থিতিতে নৌপথটির ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছেন, পারস্পরিক ঐকমত্য ও গঠনমূলক পরিবেশ বজায় রাখার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বদর আল বুসাইদি আরও উল্লেখ করেছেন, ‘আমাদের অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেকোনো সহায়ক কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে মাসকাট সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।’
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সামরিক মহড়া, জলসীমা নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ওমানের এই মধ্যস্থতা প্রচেষ্টা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ