ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার মামলায় মামা ওবায়দুর কারাগারে


এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার মামলায় মামা ওবায়দুর কারাগারে

নারীকাণ্ডে বিতর্কিত জামায়াতে ইসলামীর এমপি (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচণার মামলায় মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম। তিনি আরও বলেন, আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।

কারাগারে আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়, এ আসামি ভিকটিম মরিয়মের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তকর্তা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার প্রার্থণা করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

রাতের মধ্যেই আত্মহত্যার প্ররোচণার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারাগারে পাঠানো হয়েছে। আর নজরুল ইসলাম চার দিনের রিমান্ডে রয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি সব কমিটি পুনর্গঠনের উদ্যোগ, আওয়ামীপন্থীদের সরানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


সরকারি সব কমিটি পুনর্গঠনের উদ্যোগ, আওয়ামীপন্থীদের সরানো হচ্ছে

সরকার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে বিদ্যমান সব কমিটি পুনর্গঠনের এবং হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করেছে। নির্দেশনা দেওয়া হয়েছে, কমিটিগুলো থেকে আওয়ামীপন্থীদের সরিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হবে।

পুনর্গঠিত কমিটিগুলোতে তিনজন করে গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে, যাদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৮ আগস্ট এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত বিদ্যমান সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করতে হবে। পাশাপাশি, জেলা প্রশাসকের (ডিসি) সভাপতিত্বে ৯৮টি কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারের কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে বিভিন্ন কমিটি রয়েছে। বেশিরভাগ কমিটি কয়েক বছর আগে গঠিত হয়েছে এবং কিছু কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমের তথ্য অনুপস্থিত। এ কারণে পুরোনো কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করার প্রয়োজন দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি পাওয়ার পর বিভিন্ন স্থানে সরকারি কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব ও দুজন জেলা প্রশাসক মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় সরকারি কমিটিতে তাদের সমর্থকদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ৫ আগস্ট পটপরিবর্তনের পর অনেকেই আত্মগোপনে চলে গেছেন বা দেশের বাইরে চলে গেছেন। ফলে তারা কমিটির সভায় উপস্থিত থাকতে পারছেন না। কোথাও কোথাও তাদের ডাকা হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, এসব কারণে পুরোনো কমিটি বহাল রেখে সরকারি কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন বাস্তবতায় কমিটিগুলো পুনর্গঠন করে কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের আমলেও এসব কমিটিতে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের মনোভাব ক্ষমতাসীন বিএনপি সরকারের সঙ্গে মেলে না। তাদেরকেও এখন কমিটিগুলো থেকে সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থকদের কমিটি থেকে বাদ দেওয়ার কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিদ্যমান সব কমিটি পুনর্গঠন এবং সংশ্লিষ্ট অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন জেলা প্রশাসক বলেন, দেশে যখন যে সরকার ক্ষমতায় আসে, তখন এসব কমিটিতে তাদের সমর্থকদের অন্তর্ভুক্ত করা হয়। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাই বিভিন্ন কমিটি অনেক দিন পুনর্গঠন করা হয়নি। আগের সরকারের প্রতিনিধিরাও রয়ে গেছেন। এখন সেসব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিটি নতুন করে গঠিত কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন নারী থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ তিনজনকে মনোনয়ন দেবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও কার্যকর করার কথাও চিঠিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

আগের সরকারের আমলে জেলা আইনশৃঙ্খলা কমিটিতে সরকারি প্রতিনিধির বাইরেও পাঁচজন সদস্য রাখা হতো। তাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক এবং বাকি তিনজন রাজনৈতিক ব্যক্তি। এবারও সমানসংখ্যক প্রতিনিধি রেখে কমিটি পুনর্গঠন করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির সঙ্গে সংযুক্ত তালিকায় ৯৮টি কমিটির কথা উল্লেখ করা হয়েছে। এসব কমিটির সভাপতি সংশ্লিষ্ট জেলার ডিসিরা। এসব কমিটিও পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

উদাহরণ হিসেবে বলা যায়—জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, জেলা কৃষি উন্নয়নবিষয়ক কোর কমিটি, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, ধান সংগ্রহ ও মনিটরিং কমিটি, ফলদ বৃক্ষরোপণ পক্ষ ও ফল প্রদর্শনী উদ্‌যাপন কমিটি, আম সংরক্ষণ ও বাজারজাতকরণ–সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে আছেন ডিসিরা।

জেলা প্রশাসকেরা বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি, ওএমএস ডিলার নিয়োগ-সংক্রান্ত জেলা কমিটির সভাপতি। জেলা যুব উন্নয়ন কমিটি, যুব সংগঠনকে অনুদান দেওয়ার আবেদন যাচাই-বাছাই কমিটি, ক্রীড়াবিদদের ভাতা প্রদান-সংক্রান্ত কমিটি এবং জাতীয় যুব পুরস্কার-সংক্রান্ত জেলা কমিটির সভাপতিও ডিসিরা।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এসব কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়নি। এখন এসব কমিটি পুনর্গঠনে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, অনেক কমিটি দীর্ঘদিন সভা অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয়ত, অনেক কমিটিতে আওয়ামীপন্থীরা রয়ে গেছে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ‘কাছে আসা’, ৫ বছর পর ‘ভয়ংকর অভিজ্ঞতা’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ‘কাছে আসা’, ৫ বছর পর ‘ভয়ংকর অভিজ্ঞতা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. ইকরাম ওয়াহিদ তোহা (২৫) নামের এক শিক্ষার্থীকে, যিনি ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, "তথ্যটি সঠিক।" বুধবার সকাল সাড়ে ১০টায় হাটহাজারীর বাসা থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

তথ্য অনুযায়ী, আসামী তোহা হাটহাজারীর ১১ নং ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। বাদীও চবির একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ৫ দিন আগে ভুক্তভোগী ওই নারী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির পর থেকে গ্রেপ্তার আসামি তোহার সঙ্গে বাদীর পরিচয় হয় এবং ৫ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তোহা বিয়ের প্রলোভনে তার ভাড়া বাসায় নিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তী সময়ে বিয়ের কথা বললে তোহা নানা টালবাহানা শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে যোগদান করেছেন।

বৈঠকটি বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালসহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের মাধ্যমে চলমান ইউএনজিএ অধিবেশনের প্রেক্ষাপটে বৈশ্বিক মানবিক সংকট, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।

বৈঠকে বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এছাড়া বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থাগুলোর সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, প্রযুক্তি, জলবায়ু সহনশীলতা এবং মানবিক সংকট মোকাবিলায় এসব প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে।

প্রাতরাশ বৈঠকের পর প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন। ‘সংকটের টেকসই সমাধানে নতুন আহ্বান: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে’ শীর্ষক ওই অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা গুরুত্ব পাবে।

এছাড়া আজ প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে সাধারণ বিতর্কে এটি হবে তার প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচিতে মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচিটি প্রকাশ করে।

ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণকারী তিনটি দল একে অপরের বিরুদ্ধে তিনটি করে ম্যাচ খেলবে। এর মানে হল, লিগ পর্বে প্রতিটি দলের জন্য মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিনটি দলই অনুশীলন করবে।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটি মেয়েদের প্রথম বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট এই ভেন্যুতে ফিরে এসেছিল।

এটি উল্লেখযোগ্য যে, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ এবং আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটি তিন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে।

একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি

২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ

৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ

৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ

১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

ফাইনাল- ১৬ অক্টোবর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%