০৮:১৭ পি.এম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা লাভের জন্য চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সংবর্ধিত অতিথি সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ফুলের মালা পরিয়ে গুণী শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা জানান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ সময় বক্তারা উল্লেখ করেন, একজন শিক্ষক কেবল শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে মোহাম্মদ জসিম উদ্দিনের এই সম্মাননা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গর্বের বিষয়। তার এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি বটু কৃষ্ণ বসু এবং সহকারী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ধর।
এ সময় উপস্থিত ছিলেন সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু, জহিরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, সাচার ইসলামিয়া আলিম মাদরাসার অভিভাবক সদস্য খোরশেদ আলম মেম্বারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০২ জনের মধ্যে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন স্থান করে নিয়েছেন। ওইদিন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর হাত থেকে সন্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন