ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে বাংলাদেশ কোস্ট গার্ড


মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে বাংলাদেশ কোস্ট গার্ড

বাংলাদেশ কোস্ট গার্ড দেশজুড়ে ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নজরদারি জোরদার করেছে। উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে টহল, জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি।

গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে কার্যকর হয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জোনের আওতাধীন বিভিন্ন স্টেশন ও আউটপোস্ট থেকে নদ-নদী, উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৮ জেলার ১৬৮টি উপজেলার মোট ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য প্রতি ২৫ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৫ হাজার ৭১৭ জন, বরিশাল বিভাগে ৩ লাখ ৫৮ হাজার ৫১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৫৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৬৩ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৭৬২ জন, রাজশাহী বিভাগে ১৯ হাজার ৪১১ জন এবং রংপুর বিভাগে ১৬ হাজার ১২৬ জন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

কোস্ট গার্ডের সূত্র জানায়, সংস্থাটির আওতাধীন ১৬টি জেলার ৫৪টি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত ও বিশেষ টহল এবং সন্দেহজনক নৌযান ও মাছ ধরার বোটে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাটের শরণখোলা ও বগী, চট্টগ্রামের বহির্নোঙর এলাকা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগরে তুলনামূলক বেশি অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে জাল, মাছ ও নৌকা জব্দ

নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে কোস্ট গার্ড এ পর্যন্ত ৮৩ লাখ ৩০ হাজার ৯০০ মিটার জাল, ১৫৫ কেজি ইলিশ মাছ ও ১৪টি নৌকা জব্দ করেছে। এসব ঘটনায় জড়িত ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

কোস্ট গার্ডের সূত্র জানায়, মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাল বিনষ্ট করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং নৌকাগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ আহরণ করতে না পারে, সেজন্য টহলরত জাহাজগুলোকে সতর্ক অবস্থানে রেখে দায়িত্ব পালন করা হচ্ছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

দুর্গম এলাকায় অবৈধ মাছ শিকার ঠেকানো কোস্ট গার্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুর্গম নদ-নদী ও উপকূলীয় এলাকায় রাতের আঁধারে গোপনে মাছ ধরা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ডের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জেলেদের সচেতন করার লক্ষ্যে কোস্ট গার্ড মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকলে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে বলে জেলেদের বোঝানো হচ্ছে। এর ফলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরাও বেশি পরিমাণে ইলিশ আহরণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, ইলিশের প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখা এবং প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখা এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবৈধ মাছ শিকারের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

নিষেধাজ্ঞা লঙ্ঘন বা এ-সংক্রান্ত যেকোনো অনিয়মের তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানানো হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে চলমান এ অভিযানের সফলতা আইন প্রয়োগের পাশাপাশি জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর নির্ভর করছে। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখা গেলে ভবিষ্যতে এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধির পথ আরও সুগম হবে।

এ বিষয়ে ভোলার চরফ্যাশনের জেলে বুরহান উদ্দিন বলেন, "ইলিশের উৎপাদন ও বংশবিস্তার বৃদ্ধির লক্ষ্যে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন হবে। এতে জেলেরাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি উপকৃত হবেন। এ সময়ে জেলেদের জীবনযাত্রায় যেন কষ্ট না হয়, সেজন্য সরকার খাদ্যসহায়তাও প্রদান করছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় ও জনকল্যাণমূলক উদ্যোগ।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, "মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ। তবে ইলিশের প্রজনন সুরক্ষা আরও কার্যকর করতে নিষেধাজ্ঞার মেয়াদ ২২ দিন থেকে বাড়িয়ে এক মাস করা প্রয়োজন। কারণ, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরও ডিমওয়ালা ইলিশ জেলেদের জালে ধরা পড়তে দেখা যায়।"

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তিনি বলেন, "মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়। নিষেধাজ্ঞা চলাকালে একশ্রেণির অসাধু জেলে আইন অমান্য করে ইলিশ শিকারে নামেন। এ সময়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে।"

তিনি বলেন, "ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে নিষেধাজ্ঞা মেনে চলি এবং মা ইলিশ রক্ষার মাধ্যমে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি।" সূত্র: বাসস

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতবর্ষী খাল দখল করে ভবন নির্মাণ, ভূমি অফিস নীরব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


শতবর্ষী খাল দখল করে ভবন নির্মাণ, ভূমি অফিস নীরব

শরীয়তপুরের নড়িয়া উপজেলায়, ক্ষমতার প্রভাব ব্যবহার করে স্থানীয় দোলন মল্লিক নামের একজন ব্যক্তি শতবর্ষী খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন। তিনি খালের পাশে এক শতক জমি ক্রয় করে সরকারি খাসজমি দখল করেছেন। বহুতল ভবন নির্মাণের ফলে পানিপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে নিষেধ করা হলেও তিনি কারও কথা শোনেননি এবং জোরপূর্বক ভবন নির্মাণ করছেন।

এদিকে, ভূমি অফিসের নাকের ডগায় খাল বন্ধ করে স্থাপনা নির্মাণ করা হলেও, তাদের কোনো দায়বদ্ধতা নেই। সাধারণ মানুষ প্রতিবাদ করলেও ভূমি অফিসের টনক নড়ছে না।

রোববার (১৮ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ঘরিসার ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন নড়িয়া-ঘরিসার এলজিইডি রাস্তার পাশে পন্ডিতসার বাজার টিএম গিয়াস উদ্দিন কলেজের পাশে শতবর্ষী খাল দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, খালটি উপজেলা সদরের কৃতিনাশা নদী থেকে ঘরিসারের পদ্মা-হোগলা নদী পর্যন্ত বিস্তৃত, যা বিভিন্ন নৌ-যানের চলাচলের জন্য ব্যবহৃত হয়। এই খাল দিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারের জন্য পণ্য ও নির্মাণ সামগ্রী নিয়ে ট্রলার, কার্গো ও নৌকা চলাচল করে।

যেখানে খাল ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে, সেখানে খালের পরিধি সংকুচিত হচ্ছে। এর ফলে জোয়ার-ভাটার স্রোত কমে যাওয়ার শঙ্কা রয়েছে এবং খাল ভরাট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, প্রবাহিত খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় দোলন মল্লিক। সরকারি খাস এবং খাল দখল করে ভবন নির্মাণের প্রতিবাদ করলেও তিনি শোনেননি। পরে স্থানীয়রা ইউনিয়ন ভূমি অফিসারের কাছে অভিযোগ করেছেন, কিন্তু ইউনিয়ন ভূমি কর্মকর্তা এখনও নীরব।

স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক কামাল খান ও বিপ্লব সরদার জানিয়েছেন, গায়ের জোরে খাল বন্ধ করে ভবন নির্মাণ করা হচ্ছে। নিষেধ করার পরেও তিনি শুনছেন না।

তারা আরও জানান, প্রভাব খাটিয়ে দ্রুত গতিতে নির্মাণকাজ চলছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে এবং খালটি ধীরে ধীরে ভরাট হয়ে যাবে। খালটি ঘরিসার ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষিজমিতে পানি সরবরাহের একটি প্রধান উৎস।

এ খালে স্থাপনা নির্মাণ হলে শুকনো মৌসুমে পানির প্রবাহ মারাত্মকভাবে কমে যাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

খাল দখল করে ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে দোলন মল্লিক সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলেন, "আমি খাল দখল করে বিল্ডিং করতেছি, তুই যা পারিস করিস। আমি কাউকে ভয় পাই না।"

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরী মন্তব্য করেন, প্রবহমান খালের মধ্যে কোনো অবস্থাতেই স্থাপনা নির্মাণ করা যাবে না।

ঘরিসার ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। পুনরায় খাল দখল করে সরকারি খাসজমিতে ভবন নির্মাণের সুযোগ নেই।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইউম খান জানান, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। কেউ ভবন নির্মাণ করলে সেটি অবশ্যই উচ্ছেদ করা হবে।

স্থানীয়রা বলছেন, পানিপ্রবাহ বন্ধ করে এভাবে বহুতল ভবন নির্মাণ করার কোনো যুক্তি নেই। ক্ষমতার দাপটে যা ইচ্ছে তা করতে দিলে এসব পানির ছড়ার অস্তিত্ব সংকটে পড়বে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাধিক সুবিধাসহ ওয়ালটনে চাকরির জন্য আবেদন করতে পারবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


একাধিক সুবিধাসহ ওয়ালটনে চাকরির জন্য আবেদন করতে পারবেন যারা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: অফিসার

বিভাগ: কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

অভিজ্ঞতা: প্রার্থীদের জন্য কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা ছাড়া আগ্রহীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধাসমূহ: মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য এখানে ক্লিক লিঙ্কে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

বিশ্ব ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় রয়েছেন।

তিনি রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

মূলত, ভুটান যাওয়ার পথে ঢাকায় একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি গ্রহণ করেছেন ইনফান্তিনো। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে নির্বাচন করা হয়েছে। যদিও বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তা ঢাকায় খুব কম সময় অবস্থান করবেন, তবুও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির সঙ্গে ইনফান্তিনোর সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


দুর্নীতির মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার

বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারের পুলিশ দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে। ১৫ অক্টোবর তার গ্রেপ্তারের ঘটনা ঘটে। ইন্টারপোলের মাধ্যমে এ তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়।

রোববার, ১৮ অক্টোবর, দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে, যেখানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই মামলায় কোটি কোটি টাকার সম্পদ এবং সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ উত্থাপন করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামে ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এসব অভিযোগের ভিত্তিতে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, অর্থ পাচার প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য দুদক পেয়েছে। এই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে, এবং তার স্বামী শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে তাকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

২০২৫ সালের জুলাইয়ে দুদক জানায়, শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রীর সন্তানদের নামে কানাডা, দুবাই ও কাতারসহ বিভিন্ন দেশে ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, ২০২৫ সালের ১১ নভেম্বর আদালতের আদেশে শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক করা হয় এবং তার ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। অবরুদ্ধ ১০টি ব্যাংক হিসাবের মধ্যে ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা রয়েছে। দুদকের চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তার ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, ৩৮টি ব্যাংক হিসাব জব্দ এবং ঢাকার অভিজাত এলাকায় তাদের মালিকানাধীন একাধিক ফ্ল্যাট ও জমি জব্দের আদেশও দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন এবং ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%