প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুষ্টিয়ায় এক যাত্রী চালককে পান কিনতে পাঠিয়ে তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজু কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা বাহাদুরের ছেলে।
রাজু জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে ভেড়ামারা এলাকা থেকে এক ব্যক্তি মালামাল বহনের কথা বলে তার ব্যাটারিচালিত ভ্যানটি ভাড়া নেন। এরপর তিনি বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে তাকে নিয়ে আসেন।
সেখানে পৌঁছানোর পর রাজুকে পাশের দোকান থেকে পান কিনে আনার জন্য অনুরোধ করেন ওই ব্যক্তি। রাজু তার সরল বিশ্বাসে পান কিনতে যায়। কিন্তু দোকান থেকে পান নিয়ে এসে সে দেখে, যাত্রী ও তার ভ্যান—কোনোটাই সেখানে নেই।
ঘটনার পর দীর্ঘ সময় ধরে আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো হদিস পায়নি অসহায় রাজু।
অশ্রুসিক্ত কণ্ঠে রাজুর বাবা বাহাদুর বলেন, "আমার হার্টের অসুখ, কোনো ভারী কাজ বা ভ্যান চালাতে পারি না। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে আমাদের সংসার। অর্থভাবের কারণে বড় ছেলে রাজুকে স্কুলেও পাঠাতে পারিনি। এই ভ্যানটি চালিয়ে ও যা আয় করত, তা দিয়েই টেনেটুনে আমাদের সংসার চলত। এখন ভ্যানটাই চুরি হয়ে গেল।"
তিনি আরও বলেন, "এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম, প্রতি সপ্তাহে নিয়ম করে কিস্তির টাকা শোধ করতে হয়। এখন ভ্যানও নেই, উপার্জনের পথও বন্ধ। কীভাবে সংসার চলবে আর কিস্তির টাকাই বা কীভাবে শোধ করব, কিছুই বুঝতে পারছি না। এখন আমরা সর্বস্বান্ত।"
এ ঘটনায় রাজুর পরিবার কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর গণমাধ্যমকে জানান, "চক্রটিকে শনাক্ত ও ভ্যানটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন