প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বিভিন্ন রুটে সরকার গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগেই অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা শুরু হয়ে গেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে এই নৈরাজ্য শুরু হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে। এ সময় ঢাকার বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ২০ টাকা বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসে ৫০ থেকে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন রুটেও ইচ্ছামতো ভাড়া আদায়ের কারণে কোথাও কোথাও হাতাহাতির ঘটনাও ঘটেছে।
গত রোববার রাতে সরকার ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। এর ফলে পরদিন সোমবার সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকার বাস, মিনিবাস ও লেগুনায় বাড়তি ভাড়া আদায় শুরু হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালেও রাজধানীর রায়সাহেব বাজার, গুলিস্তান, পল্টন ও শাহবাগ এলাকার বিভিন্ন বাসে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার বিকালে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানায় সরকার।
মঙ্গলবার দুপুরে সায়েন্সল্যাব থেকে সাভার পরিবহণের একটি বাসে রায়সাহেব বাজারে পৌঁছান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজানুর রহমান। তিনি জানান, আগে ২০ টাকা ভাড়া দিলেও মঙ্গলবার ২৫ টাকা চাওয়া হয়েছে। এ নিয়ে বাসের স্টাফদের সঙ্গে কিছুক্ষণ কথা-কাটাকাটিও হয়।
তিনি আরও বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি। তার আগেই বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। সাধারণ যাত্রীদের ওপরই এর চাপ পড়ছে। নতুনবাজার থেকে ভিক্টর পরিবহণের একটি বাসে গুলিস্তানে আসেন আফতাব আহমেদ। তার কাছ থেকে ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা নেওয়া হয়। তিনি মনে করেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে নিয়ম মেনে বাড়ানো উচিত। কিন্তু সিদ্ধান্তের আগেই বেশি টাকা নেওয়া ঠিক নয়।
এ দিন মতিঝিলে মেট্রোরেল স্টেশন থেকে ৮ নম্বর বাসে ওঠেন বেসরকারি চাকরিজীবী মহিউদ্দিন। তিনি দৈনিক বাংলা মোড়ে নামেন। এই পথে এতদিন ১০ টাকা ভাড়া দিতেন। কিন্তু ২০ টাকার নোট দেওয়ার পর কন্ডাক্টর তাকে ফেরত দেন ৫ টাকা। কন্ডাক্টর দাবি করেন, সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা করা হয়েছে। তিনি প্রশ্ন করেন, সরকার বাসভাড়া বাড়িয়েছে কিনা। এক কিলোমিটারের কম পথের জন্য কেন ৫ টাকা বেশি নেওয়া হবে? এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
সাইনবোর্ড থেকে নতুনবাজারগামী ইকবাল পরিবহণের এসি বাসে ১০০ টাকার পরিবর্তে ১২০ টাকা নেওয়া হয়। ওই বাসের যাত্রী ইব্রাহিম খলিল জানান, তিনি প্রতিদিন ১০০ টাকা দিয়ে যাতায়াত করেন। কিন্তু এবার তার কাছ থেকে ১২০ টাকা রাখা হয়েছে। মহাখালী থেকে বিজয় সরণি পর্যন্ত বৈশাখী ও ভূঁইয়া পরিবহণে ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুলিস্তান থেকে বিমানবন্দরগামী পরিবহণেও ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
চিটাগাং রোড থেকে গুলিস্তানগামী বাসে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ ও সাইনবোর্ড থেকে চলাচলকারী মৌমিতা, ঠিকানা, অনাবিল ও লাভলী পরিবহণেও গন্তব্য অনুযায়ী ৫ থেকে ১০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত লেগুনায় ২০ টাকার ভাড়া ২৫ টাকা এবং ২৫ টাকার ভাড়া ৩০ টাকা করা হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বন্ধন ও উৎসব পরিবহণেও ভাড়া বাড়ানো হচ্ছে। এই রুটে ৫৫ টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা নেওয়া হচ্ছে।
এদিকে সোমবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, বহদ্দারহাট, চকবাজার, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় বাস, টেম্পো ও হিউম্যান হলারে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এ নিয়ে যাত্রী ও পরিবহণকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হচ্ছে। হাতাহাতির ঘটনাও ঘটছে। কাজীর দেউড়ি থেকে নিউমার্কেট পর্যন্ত এক কিলোমিটার পথে মিনিবাসের ভাড়া ছিল ৭ টাকা। সেখানে ১৫ টাকা আদায় করা হচ্ছে। কোতোয়ালি মোড় থেকে জামালখান পর্যন্ত ৮ থেকে ১০ টাকার ভাড়া বাড়িয়ে ১৫ টাকা নেওয়া হচ্ছে। বহদ্দারহাট থেকে নতুন সেতু পর্যন্ত বাসের ভাড়া ছিল ১০ থেকে ১২ টাকা। সেখানে ১২ থেকে ১৫ টাকা নেওয়া হচ্ছে। একই পথে মাহিন্দ্রার ১৪ টাকার ভাড়া বাড়িয়ে ১৫ থেকে ২০ টাকা করা হচ্ছে।
কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত ৩৫ টাকার ভাড়া ৪৫ থেকে ৫০ টাকা নেওয়া হচ্ছে। বহদ্দারহাট থেকে শিকলবাহা ক্রসিং পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া ২২ টাকা হলেও আদায় করা হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। পটিয়া রুটে ৫৯ টাকার ভাড়া ৭০ থেকে ৭৫ টাকা এবং কেরানীহাট পর্যন্ত ১১২ টাকার ভাড়া ১৫০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বাসযাত্রী নাসির উদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম কমলে গণপরিবহণের ভাড়া কমানো হয় না। কিন্তু দাম বাড়লে রাতারাতি ভাড়া বেড়ে যায়। গ্যাসচালিত গাড়িতেও ডিজেলচালিত বাসের মতো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন