প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধার ফুলছড়িতে জেলা সদর হাসপাতালে যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। নবজাতকদের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী ও বালাসীঘাটের মাঝামাঝি নদীতে এই ঘটনা ঘটে। নবজাতক দুটির বাবার নাম মনোয়ার হোসেন, যিনি জিগাবাড়ী গ্রামের বাসিন্দা।
স্বজন ও স্থানীয়দের তথ্যমতে, ভোরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা শহরের হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা। এজন্য তাকে মাচায় শুইয়ে কাঁধে করে দীর্ঘ বালুময় পথ অতিক্রম করেন স্বজনেরা। সকাল ৮টার দিকে তারা জিগাবাড়ী ঘাটে পৌঁছান।
সেখান থেকে একটি নৌকায় করে বালাসীঘাটের উদ্দেশে রওনা দেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে ওই প্রসূতির প্রসববেদনা শুরু হয়। এ সময় নৌকায় থাকা নারী যাত্রী ও স্বজনেরা কাপড় দিয়ে চারপাশ ঢেকে দেন। পরে নৌকাতেই নিরাপদে প্রথমে ছেলে এবং পরে মেয়েসন্তানের জন্ম দেন ওই নারী।
প্রসূতির স্বামী মনোয়ার হোসেন জানান, ‘আমার স্ত্রী ও দুই সন্তান বর্তমানে সুস্থ আছে। সবার কাছে দোয়া চাই।’
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া বেশ কঠিন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
উল্লেখ্য, তিন দিন আগে জেলা শহরের হাসপাতালে নেয়ার পথে ব্রহ্মপুত্র নদে চলন্ত নৌকায় আরেক নারী কন্যাসন্তানের জন্ম দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন