প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক একটি স্টার্টআপ-এর সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি সম্পন্ন করেছে, যা যুক্তরাষ্ট্রভিত্তিক এবং এনভিডিয়ার সমর্থনপুষ্ট।
এই চুক্তি অ্যানথ্রপিকের জন্য একটি নতুন সংযোজন, যা উন্নত কম্পিউটিং সক্ষমতার জন্য তীব্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে।
এএফপি সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা যায়, সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি ল্যামডার সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে। ল্যামডা ক্যালিফোর্নিয়ার সান হোসে থেকে ক্লাউড কম্পিউটিং সেবা প্রদান করে।
গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিটকয়েন মাইনিং ও ডেটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠান হাট ৮ যে ডেটা সেন্টার নির্মাণ করছে, সেখানে ল্যামডা কম্পিউটিং সুবিধা পাওয়ার সুযোগ নিশ্চিত করবে।
অ্যানথ্রপিক টেক্সাসে হাট ৮-এর নির্মাণাধীন একটি ডেটা সেন্টার থেকে কম্পিউটিং সুবিধা গ্রহণ করবে।
ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার জানিয়েছে, অ্যানথ্রপিক এবং ল্যামডা—দুই প্রতিষ্ঠানেই বিনিয়োগকারী এনভিডিয়া হাট ৮-এর কাছ থেকে ডেটা সেন্টারটি লিজ নেবে।
এরপর ল্যামডা ওই ডেটা সেন্টার ব্যবহারের জন্য এনভিডিয়াকে একটি অপ্রকাশিত অর্থ পরিশোধ করবে।
সম্প্রতি অ্যানথ্রপিক লন্ডনভিত্তিক ক্লাউড সেবা প্রতিষ্ঠান এনস্কেলের সঙ্গে ছয় বছরের একটি চুক্তি সম্পন্ন করেছে।
এএফপির একটি সূত্র নিশ্চিত করেছে যে ৪৫ বিলিয়ন ডলারের ওই চুক্তির আওতায় অ্যানথ্রপিক পশ্চিম ভার্জিনিয়ায় এনস্কেলের একটি স্থাপনায় কম্পিউটিং সক্ষমতা পাবে।
শুধুমাত্র চলতি বছরেই অ্যানথ্রপিক কমপক্ষে ১৩৫ বিলিয়ন ডলারের বিভিন্ন কম্পিউটিং চুক্তি সম্পন্ন করেছে।
গ্রাহক আকর্ষণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে অ্যানথ্রপিকের সঙ্গে এআই প্রতিষ্ঠান ওপেনএআই’র মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। উভয় প্রতিষ্ঠানই শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
গত কয়েক বছরে এআই মডেল নির্মাতাদের মধ্যে গ্রাহক এবং কম্পিউটিং সক্ষমতা পাওয়ার জন্য প্রতিযোগিতা তীব্র হয়েছে, যার ফলে চিপ এবং উন্নত কম্পিউটিং শক্তির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে, এই বাড়তি চাহিদার কারণে ভোক্তা ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতে চিপ সরবরাহের বৈশ্বিক ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন