প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে আসা গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামাল কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকার পুরোনো পুলিশ ফাঁড়ি গলির একটি টিনশেড বাড়িতে তার পরিবারসহ বসবাস করতেন। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন এবং দুই সন্তানের পিতা ছিলেন।
নিহতের স্ত্রী বিউটি বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জামাল বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাদের টিনশেড ঘরের দুই পাশে একটি পাঁচতলা ও একটি ছয়তলা ভবন অবস্থিত। এ সময় হঠাৎ পাশের একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার প্রথমে তাদের ঘরের টিনের চালের উপর পড়ে যায়। পরে সিলিন্ডারটি জামালের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।
বিউটি আরও জানান, কোন ভবন থেকে বা কীভাবে সিলিন্ডারটি নিচে পড়ে এসেছে, সে সম্পর্কে তিনি নিশ্চিত হতে পারেননি।
পরে গুরুতর আহত জামালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, জামালের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন