প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভেকু ব্যবহার করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৯ জনকে গ্রেপ্তার করেছে। একই সাথে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায় একটি দল। হ্যামার, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা সীমানাপ্রাচীর টপকে প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখার অভিযোগ রয়েছে।
হামলাকারীরা পরে হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এরপর একের পর এক ভবন ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা পরে পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে, যার ফলে ক্ষতি হয় প্রায় ৪ লাখ টাকা।
এছাড়া, ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সেমিপাকা ঘর, আসবাবপত্র ও চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়। এ অংশে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে এজাহারে দাবি করা হয়েছে।
প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায়ও ব্যাপক ভাঙচুর চালানো হয়, যার ফলে আরও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরির পাকা ভবনের দরজা-জানালা ভেঙে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।
ভাঙচুরের পাশাপাশি, স্বাস্থ্যকেন্দ্র থেকে দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি, বিপুল পরিমাণ ওষুধ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
এ ঘটনায় রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন