প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের কাজিরহাট থানার মোস্তফা কামাল হত্যা মামলার মূলহোতা সহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১১ জুলাই) রাতে র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বরিশাল র্যাব-৮ সদর কোম্পানির সদস্যরা র্যাব-১, সিপিসি-২-এর সহযোগিতায় ঢাকার উত্তরা পশ্চিম থানার সেক্টর-১২ ও সেক্টর-১৩ এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন বরিশালের কাজিরহাট থানার চিলমারী এলাকার জালাল হাওলাদারের ছেলে এবং মামলার মূলহোতা মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪৮) এবং একই এলাকার আনিচ হাওলাদার।
র্যাব জানায়, নিহত মোস্তফা কামাল (৪৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার রতনপুর এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি রাত ৮টা সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে শাহাবুদ্দিন, আল আবিরসহ অন্যান্য আসামিরা সংঘবদ্ধভাবে কামালের পথরোধ করে। পূর্বপরিকল্পিতভাবে রামদা, চাপাতি, লোহার রড ও হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা তার ওপর হামলা চালায়। র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে শাহাবুদ্দিন তাকে জাপটে ধরে এবং হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। এতে কামাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যান্য আসামিরাও হাতুড়ি দিয়ে তার দুই হাত ও দুই পায়ে এলোমেলোভাবে আঘাত করে। এছাড়া রামদা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
এ সময় স্থানীয় মন্টুবয়াতীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা কামালকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে কাজিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা স্থান পরিবর্তন করে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্তকরার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন