প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নীলফামারীর সৈয়দপুরে দায়িত্ব পালনকালে মই থেকে পড়ে মৃত্যু ঘটে হায়দার আলী (৪৭) নামে এক বিদ্যুৎকর্মীর।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে ইউনিক অটো রাইস মিলের সামনে।
নিহত হায়দার আলী ছিলেন সৈয়দপুর পৌর এলাকার ১নং ওয়ার্ড ওয়াপদা নতুনহাট এলাকার মৃত জোনাব আলীর ছেলে। তিনি নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রের কর্মসহযোগী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ইউনিক অটো রাইস মিলের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংযোগে সমস্যা দেখা দেয়। অফিসের নির্দেশে সেখানে এলটি লাগানোর জন্য মিস্ত্রি রাশেদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করতে যান মো. হায়দার আলী। রাশেদ মইয়ের মাথায় উঠে কাজ করার সময় তাকে কাটার যন্ত্র পৌঁছে দিতে একই মই বেয়ে ওঠেন হায়দার। মাঝপথে গিয়ে তিনি হঠাৎ করে মই থেকে রাস্তার উপর পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
এমতাবস্থায় রাশেদ ও আশপাশের লোকজন দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই হায়দার মারা গেছেন।
এ বিষয়ে নেসকো সৈয়দপুর শাখার নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, হায়দার আলী ঠিকাদার কর্তৃক নিয়োজিত লাইন হেলপার ছিলেন। কাজ করার সময় ওই লাইন সম্পূর্ণ সাটডাউন ছিল। তিনি নিচে ছিলেন এবং উপরে কর্মরত মিস্ত্রি রাশেদকে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দিয়ে সহযোগিতা করছিলেন। এভাবেই একটি যন্ত্র দিতে গিয়ে মইয়ের মাঝখান থেকে তিনি পড়ে যান। মূলত শক্ত সড়কের উপর পড়ে যাওয়ার কারণে মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু ঘটে। আমরা তার মৃত্যুতে শোকাভিভূত।
মৃত হায়দার আলী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ ভাইবোন আত্মীয়স্বজনকে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১২ অক্টোবর) বাদ এশা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন