প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানুষের মতো দেখতে এবং কাজ করতে সক্ষম হিউম্যানয়েড রোবট তৈরির পরিকল্পনায় টেসলা অগ্রসর হচ্ছে। তবে অপটিমাস রোবটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি জটিলতার সম্মুখীন হয়েছে।
দ্য ইনফরমেশনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাসে অপটিমাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে টেসলার। বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে সপ্তাহে কয়েক ডজন রোবট তৈরি করা হচ্ছিল, বর্তমানে তা বেড়ে কয়েক শতে পৌঁছেছে। তবে উৎপাদনকে ধারাবাহিক পর্যায়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
সরবরাহকারীদের সীমাবদ্ধতা, স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ত্রুটি এবং বিশেষ করে রোবটের জটিল হাত সংযোজনের প্রক্রিয়া উৎপাদনের গতি বৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান লক্ষ্য অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ প্রতি সপ্তাহে এক হাজার অপটিমাস তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা সপ্তাহে ২০ হাজার ইউনিটে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্রিমন্ট কারখানায় অপটিমাসের তৃতীয় সংস্করণ তৈরি করা হচ্ছে। আগের মডেলের তুলনায় এতে হালকা কাঠামো, উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং আরও মানবসদৃশ নকশা যুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অপটিমাসের কৃত্রিম বুদ্ধিমত্তা পাঁচ লাখ ঘণ্টার বেশি বাস্তব পরিবেশের তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে। তবে রোবটটি এখনো সাধারণ উদ্দেশ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম নয়। নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করে তত্ত্বাবধানের মাধ্যমে টেসলার কারখানা ও পরীক্ষামূলক এলাকায় এটি ব্যবহার করা হচ্ছে।
টেসলা অপটিমাসের বর্তমান সংস্করণকে চূড়ান্ত ভোক্তা পণ্য হিসেবে বিবেচনা করছে না। রোবটটির স্থায়িত্ব ও যান্ত্রিক সক্ষমতায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে। তাই শুরুতে সরাসরি বিক্রির পরিবর্তে নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কাছে রোবট ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকভাবে এমন গুদাম ও শিল্পপ্রতিষ্ঠানকে বেছে নেওয়া হতে পারে, যেখানে টেসলার নিজস্ব কারখানার মতো নিয়ন্ত্রিত পরিবেশ রয়েছে। এতে প্রয়োজন হলে রোবট ফিরিয়ে নিয়ে যান্ত্রিক উন্নয়ন করার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আরও উন্নত করার সুযোগ পাবে টেসলা।
উৎপাদনের এই জটিলতার মধ্যেও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক অপটিমাসকে প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে বিবেচনা করছেন। পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের শেষ নাগাদ অপটিমাসের বাণিজ্যিক বিক্রি শুরু হতে পারে বলে আশা করছেন তিনি।
তবে সেই লক্ষ্য পূরণে মানুষের মতো জটিল হাত বড় পরিসরে নির্ভরযোগ্যভাবে উৎপাদন করতে পারাই টেসলার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন