প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানের জন্য বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান সংকটের সমাধান করতে বিরোধী দল নিজেদের খরচে এক্সপার্ট নিয়োগ করে তাদের মতামত ও পরামর্শ সরকারকে প্রস্তাব আকারে পৌঁছে দিয়েছে। তবে সরকার বিরোধী দলের সেই প্রস্তাবগুলো নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি।
তিনি উল্লেখ করেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সরকার বিরোধী দলের বিরোধীতা করছে শুধুমাত্র বিরোধীতার স্বার্থে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরের সময় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা সরকারের সহযোগিতা করছে কি না, এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার জানান, বিরোধী দলে বসার পর থেকে তারা সরকারকে বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছেন। ওই প্রস্তাবনাগুলো সরকারের সহযোগিতা করার জন্যই দেওয়া হয়েছে। কিন্তু সরকার জামায়াতসহ বিরোধী দলের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। সরকারের বিরুদ্ধে বিরোধী দলের অসহযোগিতার যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সবকিছু বিবেচনা করে তারা পাঁচ বছর বিএনপির সঙ্গে ছিল। দেশের কল্যাণের স্বার্থে এবং আধিপত্যবাদী শক্তি মোকাবিলা করার জন্য জামায়াত তখন বিএনপিকে সমর্থন করেছিল। এর আগে বিএনপি ৯১ সালে সরকার গঠন করেছিল এবং সেখানেও জামায়াত বিএনপিকে সহযোগিতা ও সমর্থন দিয়েছিল। কিন্তু সরকার গঠন করার পর বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল।
তিনি আরও বলেন, ঢাকা, রাজশাহী, খুলনায় তাদের কর্মীদের শহিদ করা হয়েছিল। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের সন্ত্রাসীরা জামায়াতের শিবিরের ছেলেদের হত্যা করেছিল। তারা বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছে। তিনি চ্যালেঞ্জ করেন, এখনো বিএনপি জামায়াতকে নিয়ে বিরোধীতার স্বার্থে বিরোধীতা করছে। বিএনপি অকৃতজ্ঞ দল। বিএনপির এই বিরোধীতা অনেকটা সেই প্রবাদের মতো- ‘নেই কাজ তো খই ভাজ।’
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি এখন বলছে যে জামায়াত নাকি আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে। সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী থাকা অবস্থায় নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকাসহ সারাদেশে মিছিল করলো কিভাবে? সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে তাদের ইন্ধন না থাকলে এমন একটি কর্মসূচি কোনো রাজনৈতিক দল পালন করবে, এটা কখনো হয়? এটা কি সম্ভব? তিনি চ্যালেঞ্জ করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের খবর থাকলে তা প্রকাশ করুন। বিরোধীতা করতে হবে তাই, বিরোধীতা করবেন না।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন