প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের পীরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের অভাবে উপজেলাবাসী চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন। দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকায় ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে জমির নামজারিসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বদলি হওয়ার পর থেকে পীরগঞ্জে নতুন কোনো এসিল্যান্ড যোগদান করেননি। ফলে এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য অবস্থায় রয়েছে। এর ফলে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা দেখা দিয়েছে।
ভুক্তভোগী ঘোলা গ্রামের আব্দুর রশিদ মিয়া জানান, তিনি প্রায় দুই মাস আগে জমির নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত নামজারির কাগজ হাতে পাননি। এ বিষয়ে খোঁজ নিতে বারবার উপজেলা ভূমি অফিসে আসতে হচ্ছে তাঁদের। তবে নতুন এসিল্যান্ড কবে যোগদান করবেন এবং তাঁদের কাজ কবে সম্পন্ন হবে, সে বিষয়ে অফিসের কর্মচারীরাও সঠিক তথ্য দিতে পারছেন না বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া অফিসে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, জমিসংক্রান্ত বিভিন্ন কাজে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। তাঁরা দ্রুত এসিল্যান্ড পদে কর্মকর্তা নিয়োগ দিয়ে ভূমিসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারীকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ভূমি অফিসের দেয়ালে তাঁর নামের নেমপ্লেটও রয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বের কারণে নিয়মিতভাবে ভূমি অফিসে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি সপ্তাহে এক-দুই দিন অফিসে বসলেও দীর্ঘ সময় দিতে পারেন না। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে ভূমি অফিসে বসতে দেখা গেছে।
উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, এসিল্যান্ডের অভাবে অফিসের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। ফলে গুরুত্বপূর্ণ ভূমিসংক্রান্ত কাজ সম্পন্ন করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলা একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এত বড় একটি উপজেলার দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ের দায়িত্ব একজন কর্মকর্তার পক্ষে সামলানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
সচেতন মহলের মতে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসে দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা জরুরি। অন্যথায় ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন