প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রবল বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) বৃষ্টিপাতের কারণে রাজধানীর প্রধান সড়কগুলো প্লাবিত হয়ে গেছে। অনেক স্থানে গাড়ির একটি অংশ পানিতে ডুবে গেছে এবং মানুষকে কোমরসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
দেশটির আবহাওয়া সংস্থা সাপ্তাহিক বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। এর প্রেক্ষিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন নগরীর গভর্নর।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, এই সংকট ‘মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে’ এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হতে পারে। তিনি উল্লেখ করেছেন, খালগুলোর আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে গুরুতর।
দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে সেনাবাহিনী বিভিন্ন ত্রাণ কার্যক্রম শুরু করেছে, যার মধ্যে রয়েছে আশ্রয়কেন্দ্র ও ফিল্ড কিচেন স্থাপন। অন্যদিকে, ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) স্কুলগুলোকে অস্থায়ী আবাসন হিসেবে নির্ধারণ করেছে এবং বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে সুপার মার্কেটগুলোতে ভিড় বেড়ে গেছে। মানুষ প্রয়োজনীয় সরবরাহ মজুত করতে সেখানে ভিড় করছেন।
১৯ বছর বয়সী সানসুক লাওয়াচারাকুল বলেছেন, "আমিও চিন্তিত, কারণ আগে থেকে খাবার মজুত করে রাখিনি। আর এর আগে আমি কখনো একা এমন পরিস্থিতির মুখোমুখি হইনি, কারণ আমার বাবা-মা আমার সঙ্গে নেই।"
শনিবার খালের আশপাশে বসবাসকারী লোকজনকে তাদের মালামাল উঁচু জায়গায় সরিয়ে নেয়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে সরকার।
ব্যাংককের বাসিন্দা সপ্পাকার্ন জুলাভিজিতফং বলেছেন, সতর্কতা জারির আগে তিনি স্থানান্তরের কথা বিবেচনা করার মতো যথেষ্ট সচেতন ছিলেন না। বন্যার পানিতে ঘেরা একটি কনডোমিনিয়াম থেকে লাগেজ নিয়ে বের হওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
শহরের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। তবে পর্যটন কর্তৃপক্ষ ভ্রমণকারীদের তাদের পরিকল্পনায় অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় রাখার পরামর্শ দিয়েছে।
এর আগে, নভেম্বর মাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড। ওই বন্যায় অন্তত ১৪৫ জনের মৃত্যু হয় এবং হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন