প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মহানায়কের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নন্দনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, পূর্ণিমা চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত-সহ উত্তমকুমারের পরিবারের সদস্যরা।
উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ইন্ডাস্ট্রিতে একাধিক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, পূর্ণিমা চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত-সহ উত্তম কুমারের পরিবারের সদস্যরা। আগামী ৩ সেপ্টেম্বর রাজ্য জুড়ে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান চার দিন ব্যাপী চলবে।
কীভাবে এই অনুষ্ঠানগুলি আরও সুন্দর ও স্মরণীয় করে সাজানো যায়, সে বিষয়ে ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে। আনন্দবাজার ডট কমকে এই প্রসঙ্গে অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় জানান, উত্তমকুমারের জন্মশতবর্ষকে কেন্দ্র করে কী কী পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “কলকাতা শহরের নানা জায়গায় উত্তমকুমারের ছবি দিয়ে সাজানো হবে। ৩ সেপ্টেম্বর সকাল আটটায় আহিরিটোলায় উত্তমকুমারের মূর্তির সামনে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হবে।”
রবীন্দ্র সদন চত্বরও সাজানো থাকবে। বৃহস্পতিবার সকাল ন’টায় টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তির সামনে মালা দেওয়ার কথা জানিয়েছেন রূপা। তিনি বলেন, “সকাল ন’টায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে উত্তমকুমারের মূর্তিতে মালা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু, আবীর চট্টোপাধ্যায়, দেব-সহ ইন্ডাস্ট্রির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।”
বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিশিষ্টদের ছবি: সংগৃহীত।
উত্তমের ছবি দিয়ে তৈরি একটি কাটআউট তৈরি হচ্ছে, যা বিজলী সিনেমা হলের সামনে উদ্বোধন করা হবে। এই কাটআউট সকাল ১০টায় উদ্বোধন করবেন সন্দীপ রায়।
৩ সেপ্টেম্বর সারা দিন জুড়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যায়ও রয়েছে বিশেষ আয়োজন। একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান রূপা। তিনি বলেন, “সন্ধ্যা ৬টা থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে ইন্ডাস্ট্রির মানুষ তো থাকবেনই, তাঁরা ছাড়াও উত্তমকুমারের সঙ্গে কাজ করেছেন যে অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, তাঁরাও আসবেন। সেই সময়ের সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই দিন।” শোভাযাত্রাটি সমগ্র নন্দন চত্বর এবং রবীন্দ্র সদন মেট্রো-সংলগ্ন এলাকা পরিক্রমা করবে। এই শোভাযাত্রায় যোগ দেবেন লোকশিল্পীরাও এবং উত্তমকুমারের ছবি দিয়ে তৈরি টিশার্ট পরে অনেকেই অংশগ্রহণ করবেন।
সন্ধ্যা ৭টায় গগনেন্দ্র প্রদর্শশালায় আয়োজিত হবে একটি বিশেষ প্রদর্শনী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন।
সাতটা পনেরো মিনিটে একতারা মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কেক কাটা এবং পায়েস খেয়ে উদ্যাপন করা হবে। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন যিশু সেনগুপ্ত।
উত্তমকুমারকে শ্রদ্ধা জানাতে বেশ কয়েকটি ট্যাবলয়েড গাড়িও বানানো হয়েছে, যা সারা শহর জুড়ে ঘুরবে। উত্তমকুমারের নানা ছবির দৃশ্য দিয়ে তৈরি হয়েছে সেই অভিনব গাড়ি।
উত্তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘নায়ক’। ছবি: সংগৃহীত।
শুধু ৩ সেপ্টেম্বরই নয়, ৪ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবারও বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সিনিয়র টেকনিশিয়ানদের শ্রদ্ধা জানানো হবে।
শুক্রবার সকাল সাড়ে এগারোটায় উত্তমকুমারের নামাঙ্কিত প্রস্তাবিত চলচ্চিত্র কেন্দ্রের উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
বিকেল চারটেয় উত্তমকে নিয়ে তৈরি চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। উদ্বোধনী ছবি ‘নায়ক’। রূপা জানান, নন্দন, রাধা স্টুডিও-সহ বিভিন্ন প্রেক্ষাগৃহ জুড়ে উত্তমের আরও বেশ কিছু ছবিও দেখানো হবে। কী কী ছবি দেখানো হবে, সেই তালিকা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলেও মঙ্গলবার জানান রূপা।
বিকেল পাঁচটায় ইন্ডিয়া পোস্টের তরফ থেকে রয়েছে একটি বিশেষ উদ্যোগ। তারা উত্তমকুমারকে নিয়ে তৈরি স্ট্যাম্প প্রকাশ্যে আনবে। রবীন্দ্র সদনের এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, প্রভাত রায়, দীপঙ্কর দে-সহ বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীরা। শ্রদ্ধা জানাবেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী সুকান্ত মজুমদার ও পূর্ণিমা চক্রবর্তী। পরে তাঁরা একটি আলচনাসভায় যোগ দেবেন।
সন্ধ্যা ৭টায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে মহানায়ককে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘মহানায়ক: আ সুপারস্টার জার্নি’ প্রদর্শিত হবে। ছবিটি তৈরি করেছেন স্বপন দাস।
উত্তম কুমারকে ইন্ডাস্ট্রির শ্রদ্ধাজ্ঞাপন। ছবি: সংগৃহীত।
পাঁচই সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটেয় একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। বিষয়— ‘নায়িকার চোখে উত্তম কুমার’। এই অনুষ্ঠানে যোগ দেবেন, অভিনেত্রী মমতাশঙ্কর, গার্গী রায়চৌধুরী, ইশা সাহা, ঋতুপর্ণা সেনগুপ্ত, পৌলমী বসু, রূপা গঙ্গোপাধ্যায়, পাওলি দাম। অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
এরপর বিকেল সাড়ে ছটায় পরের সেমিনারের বিষয় ‘অ্যাক্টিং অফ উত্তমকুমার’। এই অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, কুশল চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠান সংযোজন করবেন পরিচালক অতনু ঘোষ।
সঙ্গীতের মাধ্যমে উত্তমকুমারকে শ্রদ্ধা জানানোর আয়োজন রয়েছে। এই অনুষ্ঠানটি ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সৃজনে রয়েছেন দেবজ্যোতি মিশ্র ও ইন্দ্রদীপ দাশগুপ্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন