প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফেসবুকের একটি গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে।
শনিবার (১৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি মো. বখতিয়ার আবিদ খান (২১) নামে পরিচিত। তিনি মালিবাগ চৌধুরীপাড়ার আব্দুল খালেক খানের ছেলে।
সিআইডি জানিয়েছে, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করছে ইভেন্ট সাজাই (Event Sajai) এবং মেইন স্টেজ ইনক (Main Stage Inc)। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকদের গেটমাইটিকিট ডট লাইভের (GetMyTicket.live) সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে মেইন স্টেজ ইনকের ফেসবুক পেজে প্রচারণা শুরু হয়।
এ সময় আয়োজকদের নজরে আসে যে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (Bangladesh Concert & Event Connects) নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন এ কে আদিব খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনকের ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন।
এই ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। মামলার তদন্তের ভার গ্রহণ করার পর সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।
গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার সময় ঢাকার মালিবাগের চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন-১১ জব্দ করা হয়।
সিআইডি আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, তিনি বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস নামে ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম এ কে আদিব খান। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন