প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাইবারনিরাপত্তা গবেষকেরা নতুন করে সতর্কবার্তা প্রকাশ করেছেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। তারা জানিয়েছেন, ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের একটি ভয়ংকর ম্যালওয়্যার ব্যবহারকারীর ফোন থেকে ওটিপি, ব্যক্তিগত তথ্য, এমনকি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বার্তাও সংগ্রহ করতে সক্ষম।
গবেষকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, ম্যানট্যাক্স ওট্যাক্স সাধারণ কোনো ম্যালওয়্যার নয়। এতে রয়েছে স্পাইওয়্যার, র্যানসমওয়্যার এবং রিমোট অ্যাক্সেসের মতো একাধিক ক্ষতিকর সুবিধা। ফলে এই ম্যালওয়্যার ফোনে প্রবেশ করলে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
গবেষকদের তথ্য অনুযায়ী, ম্যালওয়্যারটি ফোনে আসা এসএমএসের নোটিফিকেশন পড়তে পারে। এর ফলে বিভিন্ন সেবায় লগইন কিংবা অনলাইন লেনদেনের সময় আসা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) অপরাধীদের হাতে চলে যেতে পারে।
এছাড়া, ফোনকলের তালিকা, যোগাযোগের তথ্য, ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ইনস্টল করা অ্যাপ, অবস্থান এবং গুগল অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্যও ম্যালওয়্যারটি সংগ্রহ করতে পারে।
তথ্য চুরির পাশাপাশি, ম্যানট্যাক্স ওট্যাক্স ফোনের পর্দায় ব্যবহারকারী কী করছেন, সেটিও গোপনে নজরদারি করতে পারে। অ্যান্ড্রয়েডের মিডিয়া প্রজেকশন সুবিধা ব্যবহার করে ফোনের পর্দার ছবি ও অন্যান্য তথ্য ধারণের সক্ষমতা রয়েছে। এমনকি সামনের ও পেছনের ক্যামেরা গোপনে চালু করে ছবি তুলে তা দূরে থাকা অপরাধীদের কাছে পাঠাতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, গুগল প্লে স্টোরের বাইরে থাকা বিভিন্ন তৃতীয় পক্ষের ফাইল শেয়ারিং প্ল্যাটফর্মে ক্ষতিকর এপিকে ফাইলের মাধ্যমে ম্যালওয়্যারটি ছড়ানো হচ্ছে। ফিশিং লিংক, মেসেজিং প্ল্যাটফর্ম এবং সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার মাধ্যমে এটি ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।
অ্যান্ড্রয়েড ৯ বা তার আগের সংস্করণে চলা পুরোনো স্মার্টফোনগুলোতে এই ম্যালওয়্যারের ঝুঁকি তুলনামূলক বেশি। তবে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীরাও পুরোপুরি নিরাপদ নন।
সুতরাং, অচেনা কোনো লিংক থেকে এপিকে ফাইল ডাউনলোড না করা, অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টল না করা, গুগল প্লে প্রটেক্ট চালু রাখা এবং ফোনের অপারেটিং সিস্টেম নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন