প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইল, ২৬ জুলাই ২০২৬: 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে জেলায় শুরু হয়েছে সাত দিনব্যাপী 'বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬'।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম আজ বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই মেলা ও বৃক্ষ রোপণ অভিযানের। উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, এই বৃক্ষ মেলার আয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে করা হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। আজ ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, "জীবন রক্ষাকারী অক্সিজেনের ঘাটতি মেটাতে ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতে সকলকে বেশি বেশি গাছ লাগাতে হবে।" তিনি সবাইকে চলতি বর্ষা মৌসুমেই কমপক্ষে একটি করে গাছ লাগানোর তাগিদ দিয়ে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার অনুরোধ জানান। তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
সহকারী বন সংরক্ষক কাজী ইশতিয়াক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মো. আরিফুর রহমান সহ অন্যান্য অতিথি।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, মেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকরা অংশগ্রহণ করছেন। মেলায় ১৪টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এটি সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীদের জন্য কম খরচে ও সহজে ছাদবাগান কিংবা পারিবারিক বনায়নের জন্য পছন্দসই গাছ সংগ্রহের সুযোগ দেবে। আশা করা হচ্ছে, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসাধারণের মধ্যে বৃক্ষ রোপণের সচেতনতা বৃদ্ধিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন