প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার পাইকগাছায় শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অ্যাকাডেমিক ভবনের পাশের ময়লা-আবর্জনার স্তূপ নিয়ে আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় কর্তৃপক্ষ কার্যত সক্রিয় হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে ইউনিয়ন পরিষদ ময়লার ভাগাড় পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে ওই এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
গত ১ অক্টোবর আরটিভি অনলাইনে ‘বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাশে দীর্ঘ সময় ধরে ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
এরপর উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুস আলী মোড়লের নেতৃত্বে ২ ও ৩ অক্টোবর দুই দফায় সেখানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং গ্রাম পুলিশের সদস্যরা স্থানীয় সুধীজনদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। পাশাপাশি বাজারের দোকানদার এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দাদের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিদ্যালয়ের পাশে দীর্ঘকাল ধরে ময়লা ফেলার ফলে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। এতে শিক্ষার্থী, শিক্ষক এবং আশপাশের বাসিন্দাদের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। ময়লার ভাগাড় পরিষ্কার করার ফলে বিদ্যালয়ের পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়েছে।
তবে স্থানীয়দের মতামত হচ্ছে, একবার পরিষ্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিদ্যালয়ের পাশে যাতে আবারও ময়লা ফেলা না হয়, সেজন্য নিয়মিত নজরদারি এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ময়লা ফেলা বন্ধে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ের আশপাশে বর্জ্য না ফেলার বিষয়ে নজরদারি অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন