প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ বছরের কেনেডি সেন্টার সম্মাননা অনুষ্ঠিত হবে একটি ভিন্ন স্থানে। ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারের বদলে শহরের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৪৯তম কেনেডি সেন্টার সম্মাননার আয়োজন।
এই তথ্য শুক্রবার (২ অক্টোবর) নিশ্চিত করেছেন কেনেডি সেন্টারের এক মুখপাত্র। তবে কেন এবার মূল ভবনের পরিবর্তে অন্য স্থানে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এদিকে, কেনেডি সেন্টারের ভবনের নামের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম যুক্ত করা নিয়ে চলছে আইনি বিরোধ। পটোম্যাক নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ভবনটি গত মাসে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের পরিচালনা পর্ষদ।
ফেডারেল আদালত ভবনের নাম পরিবর্তন করে ট্রাম্পের নাম যুক্ত করার উদ্যোগে বাধা প্রদান করেছে। আদালতের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ভবনের নাম পরিবর্তন করা সম্ভব নয়। কেন্দ্রটির সংস্কারের জন্য কংগ্রেস ২৫ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ করেছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, নিরাপত্তাজনিত সংস্কারকাজের জন্য কেনেডি সেন্টার বন্ধ করা প্রয়োজন। তবে তার বক্তব্য অনুযায়ী, পরিচালনা পর্ষদকে ভবনের নাম পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া হলে সেই সংস্কারকাজ এগিয়ে নেওয়া হবে।
২০২৫ সালের সম্মাননা অনুষ্ঠানে ট্রাম্প নিজে উপস্থিত ছিলেন। সে সময় তিনি ভবনটির নাম ‘ট্রাম্প কেনেডি সেন্টার’ করার প্রস্তাব করেছিলেন। এরপর ভবনে তার নাম যুক্ত করার কাজ শুরু হয়।
ট্রাম্পের মনোনীত পরিচালনা পর্ষদ পরে সর্বসম্মতভাবে ভবনের নাম পরিবর্তনের পক্ষে ভোট দেয়। বিষয়টি নিয়ে আদালতে আইনি লড়াই শুরু হয়।
১৯৬৪ সালে মার্কিন কংগ্রেস ভবনটিকে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মারক হিসেবে ঘোষণা করে। দেশের আইন অনুযায়ী পরিচালনা পর্ষদকে অন্য কারও স্মৃতিতে কেন্দ্রটিকে স্মারক হিসেবে রূপ দেওয়ার বা ভবনের বাইরের অংশে অন্য কারও নাম যুক্ত করার ক্ষমতা দেওয়া হয়নি।
কেনেডি সেন্টার সম্মাননা ১৯৭৮ সালে চালু হয়। যুক্তরাষ্ট্রের অভিনয়, সংগীতসহ বিভিন্ন পরিবেশনশিল্পে আজীবন অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হয়।
২০২৬ সালের সম্মাননা প্রাপকদের নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে অনুষ্ঠানটি আগামী ৭ ডিসেম্বর ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কেনেডি সেন্টার।
মূল কেনেডি সেন্টার বন্ধ থাকা এবং ভবনের নাম পরিবর্তন নিয়ে আইনি বিরোধের মধ্যে এবার প্রথমবারের মতো সম্মাননা অনুষ্ঠানটি অন্য স্থানে আয়োজন করা হচ্ছে।
সূত্র: দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন