প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামায়াতে ইসলামীতে যোগ দিতে আসা কওমি মাদরাসার আলেমদের উদ্দেশ্যে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনি কওমিতেই থাকবেন এবং জামায়াতে ইসলামীতেও থাকবেন।’ তিনি আরও উল্লেখ করেন, ‘জামায়াত কওমি অঙ্গনকে আলাদা করে দেখে না এবং তাদের দ্বীনি খেদমতকে কখনো ছোট মনে করে না।’
মঙ্গলবার রাজধানী কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত এক দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি আসার পর দুই ভাইয়ের কাছ থেকে কিছু অনুযোগ-আক্ষেপ শুনলাম। একজন ভাই বলেছেন, তিনি কওমি থেকে জামায়াতে ইসলামীতে এসেছেন। আমি বলব, আপনি কওমিতে থাকবেন এবং জামায়াতে ইসলামীতেও থাকবেন ইনশাল্লাহ। কারণ, আমরা কওমিকে আলাদা করে দেখি না। আমরা তাদের দ্বীনি খেদমতকে ছোট মনে করি না। তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদের খেদমতে আরো বেশি বারাকাহ দান করেন।’
জামায়াত আমির সংসদে কওমি আলেমদের অধিকারের পক্ষে কথা বলাকে নিজের দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটা ব্যক্তিবিশেষ বা সমাজের একটি অংশকে খুশি করার জন্য আমরা এই কথাগুলো বলি না। এই কথাগুলো আমাদের বিবেকের দায়বোধের জায়গা থেকে বলি। এবং আগামীতেও বলে যাব ইনশাআল্লাহ।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আল্লাহ সত্যিকারের বুঝ তাদেরকে দান করুন। আমি এ সমাজের মানুষের কোনো অকল্যাণ চিন্তা করি না। সবসময় চেষ্টা করি, মানুষের ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার। অন্ততপক্ষে কিছুটা হলেও মানুষের উপকার করতে পারি কিনা সেই চেষ্টাটা করি।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির নেতাকর্মীদের উদ্দেশে দৃঢ় বার্তা দেন, ‘কোনো বাতিলের সঙ্গে আপস করবেন না, কারও কাছে মাথানত করবেন না। চলার পথে বাধা আসবে, জীবন দেওয়ার সময় আসবে। ইনশাআল্লাহ, এ দেশে কোরআনের আইন কায়েম হবে।’
তিনি বলেন, ‘আজকে যেমন এক ছাদের নিচে আছি, পরকালে আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে এক ছাদের নিচে রাখেন।’
দাওয়াতি এই সমাবেশে কওমি মাদরাসার শিক্ষক, আইনজীবীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জামায়াতের নেতারা। পরে যোগদানকারী কয়েকজন নেতাকর্মী সংক্ষিপ্ত বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন